Home খেলাধুলা নিশ্চিত হলো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ

নিশ্চিত হলো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ

7

স্পোর্টস ডেস্ক।।

আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব মাঠে গড়াবে। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। ওই ম্যাচে বাংলাদেশ কার বিরুদ্ধে খেলবে তা চূড়ান্ত ছিল না। সূচি অনুযায়ী গ্রুপপর্বে গ্রুপ ‌‘এ’ থেকে দ্বিতীয় হয়ে সুপার টুয়েলভে ওঠা দল খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। আজ এই প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে।
গ্রুপ ‌‘এ’ থেকে আজ দ্বিতীয় হয়ে সুপার টুয়েলভে উঠেছে নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। বৃহস্পতিবার গ্রুপপর্বে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাত হারিয়েছে নামিবিয়াকে। আর দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস দুই দলই উঠেছে সুপার টুয়েলভে।

নামিবিয়া নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখিয়েছিল। সুযোগ ছিল সুপার টুয়েলভে ওঠার। কিন্তু আরব আমিরাতের কাছে ৭ রানের হারে ভঙ্গ হয় স্বপ্ন। আর শ্রীলঙ্কা হয়ে যায় গ্রুপসেরা। নামিবিয়া আর আরব আমিরাতকে হারানো নেদারল্যান্ডস হয়ে যায় দ্বিতীয়।

শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস নিশ্চিত হলেও বাকি রয়েছে এখনো দুটি দল। গ্রুপ ‘বি’তে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ২টি করে ম্যাচ খেলার পর প্রতিটা দলের পয়েন্ট সমান। শুক্রবার (২১ অক্টোবর) শেষ ম্যাচের ফলাফলের পর দুই দলের ভাগ্য নিশ্চিত হবে।

গ্রুপ ২ থেকে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই সঙ্গে গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের মধ্যে শীর্ষস্থানে থাকা দলটি খেলবে। অন্য গ্রুপ ১ এ আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই গ্রুপের বাকি দুটি দলের মধ্যে একটি নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা। বাকি একটির জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।