বাগেরহাট প্রতিনিধি।।
ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশাররফ হোসেন চৌধুরী গ্রেপ্তার। ছবি- সংগৃহীত।
বাগেরহাটে গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশাররফ হোসেন চৌধুরীকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার পিরোজপুর সদরের পশ্চিম শিখারপুর থেকে গ্রেপ্তার করে তাঁকে পুলিশে হস্তান্তর করে র্যাব।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) বজলুর রশীদ জানান, অভিযান চালিয়ে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার পশ্চিম শিখারপুর গ্রামের বাসিন্দা।
মোশাররফ কয়েক বছর আগে বাগেরহাট শহরের সাধনার মোড় এলাকায় ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের নামে কার্যালয় ভাড়া নেন। এরপর সহযোগীদের নিয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে এফডিআর ও সঞ্চয়পত্র খোলার নামে ১০ কোটির বেশি টাকা হাতিয়ে নেন মোশাররফ। পরে চক্রটি কার্যালয় বন্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা আদালতে মোশাররফসহ ব্যাংকটির চার কর্মকর্তার নামে মামলা করেন। আদালত তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।











































