Home আন্তর্জাতিক কংগ্রেসের সভাপতি নির্বাচন: কে হচ্ছেন সোনিয়া গান্ধীর উত্তরসূরি

কংগ্রেসের সভাপতি নির্বাচন: কে হচ্ছেন সোনিয়া গান্ধীর উত্তরসূরি

10

খুলনাঞ্চল ডেস্ক।।
দীর্ঘ দুই দশক পর সোমবার ভারতে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হলো। সব পেরিয়ে কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে ষষ্ঠতম সভাপতি নির্বাচন এটি। দলটির সভাপতি হওয়ার জোর লড়াই চলছে মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে।

এই প্রথম সভাপতি পদে বসতে চলেছেন গান্ধী পরিবারের বাইরের কোনো নেতা। সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। গোপন ব্যালট বাক্সের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। বুধবার নির্বাচনের ফল জানা যাবে।

কংগ্রেসের অন্তর্র্বতীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বেলা ১১টায় দিল্লির ২৪ আকবর রোডে দলের সদরদপ্তরে এসে ভোট দেন। একই সঙ্গে ভোট দেন প্রিয়াঙ্কা গান্ধী। এ ছাড়া এ কেন্দ্রে ভোট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ মোট ২৭৮ জন প্রতিনিধি।

‘ভারত জোড়ো’ যাত্রায় শামিল রাহুল গান্ধী কর্ণাটকে ভোট দিয়েছেন। রাহুলসহ অন্তত ৪০ জন পদযাত্রীর ভোটদানের জন্য কর্ণাটকের বেলারি জেলায় বিশেষ ভোট কেন্দ্র খুলেছে কংগ্রেস। নির্বাচন উপলক্ষে আজ ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখা হয়েছে।

কংগ্রেসের সভাপতি হওয়ার দ্বিমুখী লড়াই চলছে ৮০ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ৬৬ বছরের শশী থারুরের। তবে প্রায় সবাই একমত- খাড়গেই ‘গান্ধী পরিবারের’ অঘোষিত প্রার্থী। সে হিসেবে সভাপতির চেয়ারে বসতে চলেছেন খাড়গেই। জয়ী হলে দীর্ঘ ৫২ বছর পর তিনি হবেন কংগ্রেসের আরেক দলিত সভাপতি। দেশজুড়ে ৯ হাজার প্রতিনিধির ভোটে নির্বাচিত হবেন সোনিয়া গান্ধীর ‘উত্তরসূরি’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিয়েছেন তাঁরা।

দেশজুড়ে ভোটদান সম্পন্ন হওয়ার পর ব্যালট বাক্সগুলো আনা হচ্ছে ২৪ আকবর রোডে কংগ্রেস সদরদপ্তরে। বুধবার ভোট গণনা শুরু হবে এখানেই। ফলাফল পাওয়া যাবে এদিন বিকেলে। নির্বাচনের আগেই খাড়গে-থারুর একে অন্যকে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন থারুর।

কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তরেও সকাল থেকেই চলে ভোট গ্রহণ। সেখানে ভোট দেন ৫৪৩ জন প্রতিনিধি। এক টুইটে খাড়গেকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। কয়েক মাস আগে যিনি কংগ্রেসের ‘অস্তিত্ব নেই’ বলে দাবি করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর এ ধরনের টুইট নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয় জোর আলোচনা।