Home জাতীয় আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার স্মৃতির জামিন নামঞ্জুর

আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার স্মৃতির জামিন নামঞ্জুর

14

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার সোনিয়া আক্তার ওরফে স্মৃতির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর এক নম্বর আমলি আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক কাইছুন নাহার সুরমা। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের অন্যতম আইনজীবী তসলিম উদ্দিন আহমেদ। গ্রেপ্তার সোনিয়া আক্তার রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য। তিনি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী। রাজবাড়ী জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সকালে জেলা আইনজীবী ফোরামের সভাপতি শাহিদুল ইসলামের নেতৃত্বে স্মৃতির জামিন আবেদন করা হয়। আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, গত ৩১শে আগস্ট সোনিয়া আক্তার তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটিতে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলে উল্লেখ করে এর ১ মাস পর ৩রা অক্টোবর সামসুল আরেফিন চৌধুরী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন। সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

 

পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে স্মৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বিকালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে সোনিয়া আক্তার স্মৃতির শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করে রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। অপর দিকে সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর তিন দফায় তার বাড়িতে যান বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতারা। নেতারা তার দুই শিশু সন্তান ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন।