Home জাতীয় যে কো‌নও সিদ্ধান্ত নিতে পিছপা হব না: জিএম কাদের

যে কো‌নও সিদ্ধান্ত নিতে পিছপা হব না: জিএম কাদের

9

ঢাকা অফিস।।

সরকারি দল ও বিরোধী দলীয় নেতা‌ বেগম রওশন এরশাদ‌কে উদ্দেশ্য ক‌রে জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের ব‌লে‌ছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। আমরা শক্তিশালী জাতীয় পার্টি গড়তে, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করবো। প্রয়োজনে অপ্রিয় কিছু সিদ্ধান্ত নিতেও পিছপা হব না।

তিনি বলেন, আমাদের কেউ কেউ মনে করছেন, একটি দল নির্বাচনে কারচুপি করে বিজয়ী হয়ে শর্টকাট পদ্ধতিতে তাদের মন্ত্রী-এমপি করবেন। এটা যারা মনে করেন তারা জাতীয় পার্টির জন্য জীবাণু। তাদের জাতীয় পার্টি থেকে চলে যেতে হবে অথবা সংশোধন হতে হবে।

সোমবার (৯ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা‌দের স‌ঙ্গে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা ব‌লেন। সভায় সভাপতিত্ব ক‌রেন প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম।

জিএম কা‌দের ব‌লেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ বা বিএনপির সাথে নেই। কারও সাথে বন্ধুত্ব হতে পারে কিন্তু জাতীয় পার্টি কারও দাসত্ব করবে না।

আমরা দেশের মানুষের পক্ষে কথা বলি, আমরা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি। আমাদের রাজনীতি দেখে অনেকেই মনে করছেন, অন্য কারও সাথে হাত মিলিয়েছি। আমরা আসলে জাতীয় পার্টির রাজনীতি করছি। কারও সাথে নাকে খত দিয়ে রাজনীতি করবো না। কারো দালালি করতে জাতীয় পার্টির রাজনীতি না।

‘বড় গাছের ছায়াতলে থাকলে ছোট গাছ বেড়ে উঠতে পারে না। বড় গাছের ছায়াতলে না থাকলে ঝড়-ঝঞ্ঝা আসে, তা মোকাবিলা করেই দাঁড়াতে হয়। জাতীয় পার্টি কারও ছায়াতলে যাবে না। তাই ঝড়-ঝঞ্ঝা আসবে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলবো’।

ফখরুল ইমাম এমপি বলেন, গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টিতে কারও বিভেদ সৃষ্টির সুযোগ নেই। পল্লীবন্ধুর সৈনিকরা কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।

চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ বলেন, যারা পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। বেগম রওশন এরশাদ ৯ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পক্ষে জাতীয় পার্টির নেতৃত্ব বা কাউন্সিল করা সম্ভব নয়।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি বলেন, রওশন এরশাদের ভুল সিদ্ধান্তে জাতীয় পার্টি ধ্বংস হয়ে যাবে আমরা তা মেনে নেব না। ময়মনসিংহে জাতীয় পার্টির ৯৯ দশমিক ৯ ভাগ নেতাকর্মী জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা হামলা-মামলা ভয় পাই না। আমরা কোনও ষড়যন্ত্র সফল হতে দেব না।