Home আঞ্চলিক বাগেরহাটে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

বাগেরহাটে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

15

বাগেরহাট প্রতিনিধি।।

 

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাস ইমাদ পরিবহন ও একটি জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জিপের চালক শুভ এলাহী (২৪) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন।

আজ শুক্রবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী নান্টু মিয়া বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের সাথে কাহালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটো গাড়িরই সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। জিপটির সামনে সরকারি লোগো ছিল।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবুল হাসান বলেন, সংঘর্ষে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরেই ইমাদ গাড়িটির চালক ও হেলপার পালিয়েছেন। ইমাদের যাত্রীরা যে যার মতো অন্য গাড়িতে চলে গেছেন। গাড়ি দুটি রাস্তার পাশে রয়েছে।

তিনি আরও বলেন, নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।