খুলনাঞ্চল রিপোর্ট।।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রক্তদান ও সংগ্রহের জন্য সুখ্যাতি থাকা সোনিয়ার গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।
সোনিয়া আক্তার সৌদি আরব প্রবাসী খোকন আহমেদের স্ত্রী। তিনি রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব সামসুল আরেফিন চৌধুরীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট সোনিয়া আক্তার নিজের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে একটি পোস্ট দেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, মঙ্গলবার রাতে মামলা হওয়ার পর সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, সমাজসেবামূলক কাজের জন্য সোনিয়া আক্তারের সুখ্যাতি রয়েছে। গত ১৩ বছরে তিনি নিজে ২৪ বার রক্ত দিয়েছেন। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ পর্যন্ত জোগাড় করেছেন প্রায় ২৭ হাজার ব্যাগ রক্ত। এ জন্য রাজবাড়ীতে ‘রক্তকন্যা’ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। দরিদ্র মানুষদেরও তিনি সাধ্য মতো সহযোগিতা করেন। এসব কারণে তাঁর গ্রেপ্তারের তথ্য জানার পর শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি চেয়েছেন।










































