Home আঞ্চলিক মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, ২৪ ঘন্টায়...

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, ২৪ ঘন্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত

11

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার রাতে এ সতর্ক সংকেত জারির পর রাতভর থেমে থেমে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে পৌর শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও বসতঘর বাড়ীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর শহরের ভাসানী সড়কের বাসিন্দা মোঃ পান্নু বলেন, রাতভর বৃষ্টিতে রাস্তাঘাট ও বাড়ীর উঠান পানিতে তলিয়ে রয়েছে। মোর্শেদ সড়কের মোঃ কামরুল ও মাসুম বলেন, বৃষ্টিতে রাস্তা তলিয়ে ঘরেও পানি উঠেছে, পুকুর ডুবে গেছে। ঘর থেকে বের হওয়া যাচ্ছেনা। ৪/৫ দিনেও এ পানি নামার সম্ভাবনা নেই, কারণ এখানে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই, রাস্তাও পুরানো এবং নিচু। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ভুগতে হয় আমাদের।
এদিকে একই অবস্থা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলেও। এছাড়া লঘুচাপের প্রভাবে পশুর নদীর পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধির আশংকায় রয়েছেন পশুর নদীর পাড়ের বিশাল জনগোষ্ঠী। বৃষ্টিতে বিভিন্ন এলাকার চিংড়ি ঘেরের ভেড়ী বাঁধ তলিয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী, গত ২৪ ঘন্টায় (গতকাল ভোর থেকে আজ ভোর ৬টা পর্যন্ত) মোংলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি। #