কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় সাব্বির আহাম্মেদ (৩৭) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুনের বিরুদ্ধে।
আজ সোমবার রাত ৩টার দিকে আড়ুয়াপাড়ায় সাব্বিরের নিজ বাড়িতে ধারালো চাকু দিয়ে গলা কাটার ঘটনা ঘটে। পরে রোজিনা খাতুন পালিয়ে যান। আহত সাব্বিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আড়ুয়াপাড়ার মৃত রমজান আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই তামিম জানান, রাতে এক সঙ্গে ঘুমিয়ে ছিলেন সাব্বির ও রোজিনা। রাত তিনটার দিকে সাব্বিরের চিৎকারে লোকজন ছুটে এলে স্ত্রী রোজিনা পালিয়ে যান। সাব্বিরের গলায় ছুরি দিয়ে পোঁচ দেওয়া হয়েছে দেখে রোজিনাকে ধরার চেষ্টা করেন তারা। তবে ব্যর্থ হন। সাব্বিরকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, এক মাস আগে সাব্বির ও রোজিনার বিয়ে হয়েছে। তবে এ হত্যাকাণ্ড কেন ঘটেছে তা জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।











































