মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় চাঞ্চল্যকর মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি আলী আকবরের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তার এ মৃত্যুর জন্য প্রথম স্ত্রী রিনা খাতুন ও তার পরিবারকে দায়ী করেছেন।
আলী আকবর (৪৫) মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। ২০১৫ সালে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে দোয়ারপাড়ায় প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগ-যুবলীগের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে ৮ মাসের প্রসূতি নাজমা বেগম, তার গর্ভে থাকা শিশু এবং মোমিন ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়। প্রসূতি নাজমা বেগম এবং গর্ভে থাকা শিশুটি বেঁচে গেলেও ঘটনার দুই দিন পর মোমিন ভূইয়া মারা যান। এ ঘটনায় দায়েরকৃত মামলার ২নং আসামি যুবলীগ কর্মী আলী আকবর জামিনে মুক্ত ছিলেন।
আলী আকবরের পরিবারের সদস্যরা জানান, তিন বছর আগে প্রথম স্ত্রী রিনা খাতুনের সঙ্গে আলী আকবরের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর তিন মাস আগে সে পারভিন সুলতানা নামে আরেকটি মেয়েকে বিয়ে করে সংসার করছিল। কিন্তু শনিবার সকালে প্রথম স্ত্রী রিনা খাতুন আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই ঘটনার পর সারাদিন তাকে পাওয়া যায় নি। পরে তারা জানতে পারেন রিনা মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা কালিনগর এলাকায় তার খালাতো বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাত ৩টার দিকে আলী আকবরের মৃত্যু হয়।
এ বিষয়ে প্রথম স্ত্রী রিনা সুলতানার বক্তব্য পাওয়া যায়নি। তবে আলী আকবরের বড়ভাই ফারুক হোসেন অভিযোগ করেন, বিবাহ বিচ্ছেদের পরও প্রথম স্ত্রী রিনা বিভিন্ন সময় আলী আকবরকে নানাভাবে হয়রানি করে আসছিল। নগদ টাকার দাবি করে সে যেখানে সেখানে তাকে তাড়া করত। সম্প্রতি দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে রিনার হয়রানি আরো বেড়ে যায়। এ বিয়ে সে মেনে নিতে না পারায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, লাশের শরীরের কোথায়ও কোনো অস্বাভাবিক চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।











































