স্টাফ রিপোর্টার:
নগরীর আড়ংঘাটা থানা এলাকায় ৩য় শ্রেণির স্কুল ছাত্রী (৯) কে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা মো. আকতার হোসেন (৪৫) কে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ দিয়েছেন। এরআগে আসামি আকতার হোসেন একই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। অপরদিকে ভিকটিম ওই শিশু একই আদালতে ২২ধারায় জবানবন্দি দিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১লা মে) দুপুরে মো. আকতার হোসেন (৪৫) ওই শিশুটিকে ফুসলিয়ে আড়ংঘাটা দণিপাড়া প্রিন্স মেম্বরের বাড়ির পশ্চিমপাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় ভিকটিমের অবস্থা গুরুতর হলে জানাজানি হয়। অভিযুক্ত আকতার আড়ংঘাটার ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজাউর রহমান প্রিন্সের বোন জামাই। তিনি বাগেরহাটে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। ভিকটিম ওই শিশুকে শুক্রবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি করা হয়েছে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী রেজাউল করিম জানান, শিশুটির পিতা বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে আসামি আকতারকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।








































