স্টাফ রিপোর্টার।।
অস্ট্রেলিয়ার জাতীয় পাখি ইমু। খুলনার নোনা ভূমিতে বাণিজ্যিকভাবে এই পাখি পালনে এসেছে সফলতা। জেলার বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানের হাত ঘুরে এখন অনেকেই গড়ছেন ইমুর খামার। বাচ্চা থেকে বড় পাখি বিক্রি করা ছাড়াও খামারিরা চাহিদা অনুযায়ী মাংস সরবরাহ করছেন। সুদূর অস্ট্রেলিয়ার পাখিটি গ্রাম্য অর্থনীতির পালে যুক্ত করেছে নতুন অধ্যায়।
সংশ্নিষ্টরা জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামে ২০১৮ সালে ইমু পাখির খামার গড়ে তোলেন আশরাফুল আলম খান। কিছুদিন পর তিনি একই উপজেলার খারাবাদ গ্রামে গড়েন আরেকটি খামার। সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ পেয়ে অনেকে সরাসরি খামারে আসেন। দুটি খামার থেকে ইমু পাখি কিনে নিয়ে যান তাঁরা। ক্রেতাদের কেউ মাংস খাওয়ার উদ্দেশ্যে বড় আকারের পাখি নেন। আবার কেউ বড় করে খামার প্রতিষ্ঠার জন্য বাচ্চা নিয়ে যান।
খারাবাদ খামারের তত্ত্বাবধায়ক মাহমুদ হাসান জানান, এক দিন বয়সী ৩১৬টি বাচ্চা নিয়ে এই খামার শুরু হয়। খামারটি লম্বা ১৩০ ফুট; চওড়া ৩০ ফুট। অন্য খামারও প্রায় একই আকারের। খামারের মেঝে মাটির। দেড় বছর বয়স পর্যন্ত ইমুদের দিনে তিনবার রেডি ফিড দিতে হয়। এর পর থেকে প্রতিদিন তিনবার করে রেডি ফিডের সঙ্গে একবার কলমিশাক ও লতাপাতা খেতে দেওয়া হয়।
তিনি জানান, দেড় বছর বয়সে ইমু পাখি ডিম দেয়। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাসে প্রতিটি ইমু ১৫-২০টি ডিম পাড়ে। এরপর ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফোটাতে সময় লাগে ৫২ দিন। প্রতিটি ডিমের ওজন ৭০০-৮০০ গ্রাম এবং সবুজ রঙের। খামারের দরজা খোলা থাকলেও ইমুরা বাইরে যায় না। লোকজন দেখলে কিছুটা তেড়ে এলেও আক্রমণ করে না। ইমুর পা অনেক লম্বা, গায়ে প্রচুর লোম। পাখি হলেও এটি উড়তে পারে না, উচ্চতা ৫-৬ ফুট।
খামার মালিক আশরাফুল আলম খান জানান, বর্তমানে তাঁর দুটি খামারে ৮৩টি পাখি রয়েছে। ইমুরা সাধারণত ২০-২৫ বছর বাঁচে। ইমুর প্রতি কেজি মাংস ১ হাজার টাকা ও এক জোড়া বাচ্চা বিক্রি হয় ১৮ হাজার টাকায়। প্রাপ্তবয়স্ক ইমুর ওজন হয় ৪৫-৫০ কেজি। এই পাখির মাংসের স্বাদও অনেক ভালো। এর মাংস কোলেস্টেরল ফ্রি, ফ্যাট মাত্র ২ শতাংশ। এর মৃত্যুহার টার্কি ও ব্রয়লার থেকে অনেক কম।
তিনি আরও বলেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে ইমুর খামার বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এটি সম্ভাবনাময়ও। শুরুতে একটু পরিশ্রম করলেই খামার থেকে দ্রুত লাভ আসবে। ঠিকমতো পরিচর্যা ও ব্যবস্থাপনা করতে পারলে যে কেউই ইমু পালন করতে পারবেন।
বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রীতিলতা দাস বলেন, খুলনার নোনা মাটিতে ইমু চাষ বেশ অবাকই করেছে। শান্ত স্বভাব ও বিশালাকৃতির বিদেশি প্রজাতির হলেও এ দেশে ইমু পাখির মৃত্যুহার অনেক কম। ইমুরা এ দেশের আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে পেরেছে। কোনো নতুন উদ্যোক্তা ইমু পালন করতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে সহায়তা করা হবে বলে জানান তিনি।











































