খবর বিজ্ঞপ্তি।।
‘তোমার থিসিস কেমন হওয়া উচিত’ শীর্ষক কর্মশালার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো শিক্ষার্থীদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (কেইউআরএস)। আজ ২৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গবেষণা বা থিসিসের একটি অংশ রয়েছে। ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গবেষণার ব্যাপারে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করে দেয়। একই সাথে তাদের বিশ্লেষণের সামর্থ্য করে তোলে।
তিনি আরও বলেন, কৌতুহল ও আগ্রহ গবেষণায় আকৃষ্ট করে। এটা একটি একান্ত মনের ভাবনাকে অন্যভাবে প্রকাশ করে। গবেষণায় যুক্ত হতে হলে শিশুর মতো কৌতুহলী মানসিকতা থাকতে হবে। অনেক বেশি অনুসন্ধিৎসু হতে হবে। সাধারণত সমস্যা নিয়েই গবেষণা করে সমাধানের পথ নির্দেশনা দেওয়া হয়। আমাদের দেশে, সমাজে বা বৈশ্বিক ক্ষেত্রে সমস্যার অন্ত নেই। কিন্তু অনেক সময় গবেষণার বিষয় খুঁজতে গিয়ে শিক্ষার্থীরা হিমশিম খায়। প্রকৃতভাবে গবেষণার প্রাথমিক কিছু বিষয়বস্তু, পদ্ধতি জানতে পারলে শিক্ষার্থীদের গবেষণাভীতি দূর হয়।
উপাচার্য বলেন, প্রযুক্তি এখন আড্ডা, একসাথে বসে আলাপ-আলোচনার মতো কমিয়ে দিয়েছে। অথছ ভালো আড্ডা থেকেই জন্ম নেয় অনেক উদ্ভাবন চিন্তা। শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক চিন্তার আদান-প্রদান, ভাবনা, চর্চা ও সমস্যা নিয়ে আলোচনা ইতিবাচক প্রভাব ফেলে। এ থেকে গবেষণার বিষয়বস্তু উঠে আসে। খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা মনষ্কতা বৃদ্ধির ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ করেন। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
এর মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন, বইয়ের সংখ্যা বৃদ্ধি, ই-বুক এক্সেস ফ্রি-করণ, কম্পিউটার ব্যবহার সুবিধা বৃদ্ধিতে ৪০টি জিরো ক্লায়েন্ট কম্পিউটার স্থাপন, ভবনের আরও একটি ফ্লোরে লাইব্রেরি সম্প্রসারণ, একই ভবনের চতুর্থ তলায় ইনোভেশন হাব স্থাপন, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা সহায়তা প্রদান, সেন্ট্রাল ল্যাবরেটরিতে হাইস্পিড কম্পিউটিং ল্যাব স্থাপনের কথা উল্লেখযোগ্য। তিনি ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন আইডিয়া কম্পিটিশন আয়োজনের দিকনির্দেশনা দেন। যাতে করে শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্ভাবন চিন্তা বের হয়ে আসে। কেইউআরএস এর প্রতি উপাচার্য তাদের এমন কর্মশালা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। টেকনিক্যাল সেশনে কি-নোট স্পিকার হিসেবে আলোচনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাতা মো. ইয়াসিন আহমেদ।
কর্মশালায় মিনহাজুল আবেদীন সম্পদকে সভাপতি ও তাওসিফ অনিককে সাধারণ সম্পাদক করে গঠিত ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় সংগঠনের সাধারণ সদস্য বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএসএ দপ্তর ও বাঁধনের আয়োজনে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত
খুবিতে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট
বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তর ও শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধন এর আয়োজনে আজ ২৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে ক্যাম্পাসে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপচার্য বলেন, মাদক হচ্ছে সভ্যতার অন্তরায়। নানা রকম হতাশা, এডভেঞ্চার থেকে মাদকাসক্ত হয়। মাদক একটি দেশের তরুণ-যুবসমাজকে ধ্বংসের মাধ্যমে দেশের উন্নতি-অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে। এজন্য সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমাদের দেশের একটি অমিত সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা অগ্রগণ্য।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে ইতোমধ্যে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির চিন্তা-ভাবনা রয়েছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রাক্কালে তাদেরকে ডোপ টেস্টের প্রত্যয়ন বাধ্যতামূলক করার বিষয়টিও ভাবা হচ্ছে। গঠিত সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।
উপাচার্য বলেন, ছাত্র বিষয়ক পরিচালক দপ্তর ও রক্তদাতা বাঁধন এর এই শোভাযাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের এই কর্মসূচি আমাদের চিন্তা-ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। এক্ষেত্রে তিনি সব ছাত্র সংগঠনকে এভাবে এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁধন এর সভাপতি ডানা শিকদার। ছাত্র বিষয়ক পরিচালক ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠনের সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাঁর দপ্তর থেকে কোনো প্রত্যয়নপত্র দেওয়া হবে না। বাঁধনের সভাপতি পঠিত ইশতেহারে উল্লেখ করেন যে, মাদক সংশ্লিষ্টতা থাকলে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবে না, কারও বিরুদ্ধে মাদকে জড়ানোর প্রমাণ পেলে তার সদস্যপদ বাতিল করা হবে।
এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।











































