Home জাতীয় রাজপথে বিএনপি, নেতাকর্মীদের সতর্ক বার্তা দিলেন ওবায়দুল কাদের

রাজপথে বিএনপি, নেতাকর্মীদের সতর্ক বার্তা দিলেন ওবায়দুল কাদের

12

ঢাকা অফিস।।

সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি রাজপথে লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। আক্রমণকারী নয়, সংযমী হয়ে থাকতে হবে। মিটিং মিছিলে সংযত হয়ে কথা বলতে হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘রাজপথ আমরা কাউকে ইজারা দেইনি। ভোট বেশি দূরে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের বিদায় সাইরেন নাকি বাছছে, কিন্তু বিগত ১৪ বছর ধরে তারা এ সাইরেন বাজানোর কথা বলে চলেছেন। ইনশাআল্লাহ সাইরেন বাজবে না। দেশের বাজারে পণ্যদ্রব্য জ্বালানি সংকট আছে। তবে এ সংকট সৃষ্টি করেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বড় বড় দেশ। তার মূল্য দিতে হচ্ছে আমাদের। আপনারা শেখ হাসিনার প্রতি আস্তা রাখুন। সঠিকপথে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। এ সংকট সামাল দিয়ে স্বস্তির বাংলাদেশে তিনি নিয়ে যাবেন।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়াসহ বিভিন্ন দেশে যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির জন্য আবেদন করেছেন। তাঁর শান্তি প্রতিষ্ঠার বক্তৃতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তাঁর কণ্ঠস্বর বাংলাদেশকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন আর অর্জন যদি চান শেখ হাসিনার সৎ ও দক্ষ নের্তৃত্বের বিকল্প নেই।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সৈয়দ-শামস-উল-আলম। বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রাথী মাহমুদ হাসান প্রমুখ।

এর আগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। পরে স্বাগত বক্তব্য দেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম। বিকেলে গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এদিকে দীর্ঘ সাড়ে ছয়বছর পর আজ শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশ নেন। সম্মেলনে প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।