খুলনাঞ্চল ডেস্ক।।
করোনা এবং মাঙ্কি পক্সের পর খোস্তা-২ উদ্বেগ বাড়াতে পারে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। বিজ্ঞানীরা বাদুড়ের মধ্যে এই নতুর ভাইরাসের খোঁজ পেয়েছেন। এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে তা বিপজ্জনক রূপ ধারণ করতে পারে বলেও জানান তারা।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীরা আশঙ্কা করছেন খোস্তা-২ ভাইরাস মানুষের কোষে ছড়িয়ে পড়লে সেটি করোনার টিকার অ্যান্টিবডিও নষ্ট করে দিতে পারে।
পিএলওএস প্যাথোজেনস জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, খুব সহজে করোনার টিকার কার্যকারিতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের।
বিজ্ঞানীদের দাবি, ২০২০ সালে রাশিয়ায় বাদুড়ের মধ্যে এই ভাইরাস খুঁজে পাওয়া যায়। কিন্তু এই ভাইরাস মানব জীবনে হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে সে সময় বিজ্ঞানীরা ভাবতে পারেননি। সার্স-কোভ-২ ভাইরাসের মতো খোস্তা-২ ভাইরাসও করোনা ভাইরাসের একটি উপগোষ্ঠী।
জানা যায়, রাশিয়ার বাদুড়ের মধ্যে খোস্তা-১ ভাইরাসের খোঁজ আগেই পাওয়া গিয়েছিল। খোস্তা-১ ভাইরাস মানব কোষে প্রবেশ করতে অক্ষম হলেও খোস্তা-২ ভাইরাস অনায়াসেই মানব কোষে প্রবেশ করতে পারে।
গবেষকদের মতে খোস্তা-২ ভাইরাস মূলত বন্যপ্রাণীদের থেকে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে। বাদুড় ছাড়াও প্যাঙ্গোলিন, র্যাকুন এবং পাম সিভেটদের মাধ্যমে এই ভাইরাস বিস্তার লাভ করতে পারে বলে দাবি করছেন বিজ্ঞানীরা।
খোস্তা-২ ভাইরাস মহামারিতে বা অতিমারিতে পরিণত হতে পারে কি না তার কোনো যথেষ্ট প্রমাণ এখনো বিজ্ঞানীরা পাননি।










































