Home আঞ্চলিক খুলনায় সন্তান পেলো পিতৃপরিচয়, ধর্ষকের যাবজ্জীবন

খুলনায় সন্তান পেলো পিতৃপরিচয়, ধর্ষকের যাবজ্জীবন

15

স্টাফ রিপোর্টার।।
নগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার প্রতিবেশী এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় দোষী সাবস্ত হওয়ায় রফিকুল ইসলাম ঢালী নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেছেন। রায়ে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে পিতৃ পরিচয় দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে রফিকুল ইসলাম ঢালী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. রুবেল খান নথীর বরাত দিয়ে জানান, রফিকুল ইসলাম ঢালী ও ভিকটিম মহানগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার বাসিন্দা। তারা পরস্পরের প্রতিবেশী। ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৯ সালের ২৬ আগস্ট থেকে একই বছরের ১৬ অক্টোবর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন। পরে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসামিকে বিয়ের জন্য চাপ দেন। একপর্যায়ে ভিকটিমকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন আসামি। পরে তিনি রফিকুল ইসলাম ঢালীকে আসামি করে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৬ জানুয়ারি রফিকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন সোনাডঙ্গা থানার এসআই মুনসুর শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট ফরিদ আহমেদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ বলেন, রায়ে সন্তুষ্ট। ধর্ষণের ফলে যে সন্তান জন্ম লাভ করেছে আজ তার বয়স হয়েছে ১২ বছর। এ রায়ের মাধ্যমে ওই সন্তান পিতৃ পরিচয় পেয়েছে। এটা তার জন্য বড় প্রাপ্তি।