ঢাকা অফিস।।
শিক্ষা, স্বাস্থ্য, মত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণ, বিনোদন, সুরক্ষা ইত্যাদি বিষয়ে শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।
বুধবার (২১ সেপ্টেম্বর) ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে পরিকল্পনা মন্ত্রণালয়ের একনেক সম্মেলন কক্ষে ৩০টি জেলার ৫২ জন শিশু ২১তম চাইল্ড পার্লামেন্টে দুই প্রতিমন্ত্রীর উদ্দেশে তাদের প্রশ্ন ও সুপারিশ রাখে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পর্যাপ্ত উপকরণের ব্যবস্থায় সরকারের পদক্ষেপ, শিশুদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সরকারের উদ্যোগ, অনলাইনে যৌন হয়রানি বন্ধে পরিকল্পনা, শিশু ও তরুণদের আত্মহত্যা প্রবণতা নিয়ে ভাবনা ও উদ্যোগ; বেদে পল্লীর শিশু, যৌন কর্মে নিয়োজিত মায়েদের শিশু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ও চরাঞ্চলের শিশুদের নিয়ে সরকারের বিশেষ উদ্যোগ- ইত্যাদি বিষয়ে প্রশ্ন রাখে শিশুরা। শিশুদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে বাজেট প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য সরকারের পরিকল্পনার বিষয়েও আলোচনা করে তারা।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সকল শিশু ও তাদের পরিবারকে উদ্বুদ্ধ করতে উপবৃত্তি বৃদ্ধি, বিনামূল্যে বই বিতরণ, স্কুলের নতুন ভবন তৈরি ইত্যাদি কার্যক্রমের সাথে সাথে মানসিক স্বাস্থ্য নিয়েও সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা আছে।
তিনি বলেন, ‘শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন এখন জরুরী বিষয়, তবে পরিবারে অস্থিতিশীলতা, স্কুলগুলোতে পরিক্ষাভীতি, লেখাপড়ার কম্পিটিশন, শিক্ষকদের চাপ শিশুদের অনেক প্রভাবিত করে। স্কুলগুলোকে আনন্দকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।’
পরিবারে শৃঙ্খলা রক্ষা করতে হবে, শিশুদের জীবনকে সুন্দর করার দায়িত্ব সবার।” এছাড়াও সরকার বাজেটে শিশু সুরক্ষা কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগও নিয়েছেন বলে তিনি জানান।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেন, ‘সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্প রয়েছে। তবে এই অধিবেশন আমাদের আরও ভাবতে সাহায্য করবে। শিশু ও তরুণদের সুস্থ -স্বাভাবিক জীবন নিশ্চিতকরণে সরকার বিভিন্ন উদ্যোগ আগেও নিয়েছে এবং নিচ্ছে, কিন্তু শিশুকে সঠিক শিক্ষাটা দেওয়ার দায়িত্ব প্রধাণত পরিবারের। আর শিক্ষাক্ষেত্রে অগ্রগতীর জন্য সরকারের সকল পরিকল্পনা এখন বাস্তবায়ন হচ্ছে, কোন স্কুলেই আর টিনের ঘর থাকবে না।’
উল্লেখ্য, প্রতিবছরই এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট অধিবেশনের মাধ্যমে তাদের মতামত প্রদানের কাজটি করে আসছে। এবারের অধিবেশনে ৩ হাজার শিশুর উপরে শিশুদের করা জরিপ ও একহাজার তিনশো সতেরো জন সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আলোচনা করে শিশুরা তাদের প্রশ্ন ও আলোচ্য বিষয় নির্ধারণ করে।
অন্যান্যদের মধ্যে অধিবেশনে উপস্থিত ছিলেন আবদুল্লা আল মামুন, পরিচালক, চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন এবং সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনালসহ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ।











































