কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি||
সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুভাষ চৌধুরীর ছেলে চন্দন চৌধুরী জানান, তার বাবা দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রবীণ সাংবাদিক ও সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুভাষ চৌধুরীর মৃত্যুতে জেলার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন- সাতক্ষীরা প্রেস ক্লাব, সাংবাদিক ঐক্য সাতক্ষীরা, জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কলারোয়া প্রেস ক্লাব, কলারোয়া রিপোর্টার্স ক্লাব, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা।











































