যশোর অফিস।।
নদীতীরে জেলেদের বসবাস বেশি। বাড়ির আনাচে-কানাচে জাল শুকানো, নৌকা জোড়াতালি কিংবা রং করার দৃশ্য মিলবে। তবে ভৈরব নদের তীরে নরেন্দ্রপুর এ ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রমী। কৃষিপ্রধান অঞ্চলটি এখন সবার মুখে মিস্ত্রি বা মোহাজেরপাড়া। এলাকায় ঢুকলেই সিজন কাঠের গন্ধ নাকে ধাক্কা দেবে, চোখে উড়ে পড়বে গুঁড়া, আর যত্রতত্র কাঠের টুকরো। হঠাৎ কেউ গেলে ঠুকঠাক শব্দে কান বিষিয়ে উঠতে পারে। তবে কিছুক্ষণের মধ্যেই চোখ শীতল হবে, জুড়িয়ে যাবে প্রাণ। এখানে নিপুণ হাতের স্পর্শে এক টুকরো কাঠ হয়ে উঠছে সুন্দর ব্যাট, তৈরি হচ্ছে স্বপ্ন। ক্রিকেটের অন্যতম এই উপকরণে ভর করেই দামাল টাইগাররা দেশ-বিদেশ থেকে ছিনিয়ে আনছে অর্জন। লাল-সবুজের পতাকার রং ছড়িয়ে পড়ছে বিশ্বে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ইউনিয়ন নরেন্দ্রপুর। শীতের আগমন ঘিরে এখানে ৮-১০টি গ্রামের মানুষের ঘুম হারাম। দিনভর তৈরি করছেন ক্রিকেট ব্যাট। নেই কারও ফুরসত। এ দেশে শীতেই মূলত জমে ওঠে অপেশাদার ক্রিকেট। মাঠঘাটে সকাল-বিকেল মেতে থাকে নানা বয়সীরা। তাঁদের জন্যই কর্মব্যস্ত দিন কাটছে কারিগরদের। এ জন্য মিস্ত্রিপাড়াসহ নরেন্দ্রপুরের গ্রামগুলোতে এখন শুধুই ঠুকঠাক শব্দ। এখান থেকেই বস্তাবন্দি হয়ে ব্যাট চলে যায় দেশের নানা প্রান্তে।
জানা যায়, তিন দশক আগে সঞ্জীত মজুমদার নামের স্থানীয় এক ব্যবসায়ী কলকাতায় ব্যাট বানানোর কৌশল দেখে তা রপ্ত করেন। এরপর নিজবাড়িতে নতুন শিল্পের সম্ভাবনায় কাঠে হাত লাগান। এক পর্যায়ে পুরোদস্তুর ব্যাট তৈরিতে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। যদিও কাঠ খোদাই করে ক্রীড়াসামগ্রী বানানোর অভ্যাস সঞ্জীতের পুরোনো। গ্রামগুলোর বাসিন্দারাও গরু-মহিষ গাড়ির চাকা, বৈদ্যুতিক বোর্ড, লাটিম, বেলুন-পিঁড়ি, দাঁড়িপাল্লাসহ বিভিন্ন আসবাব তৈরিতে দক্ষ। পরে সঞ্জীতকে অনুসরণ করে এলাকার অধিকাংশ মানুষ এসবের সামগ্রীর সঙ্গে ব্যাট তৈরি শুরু করেন। বর্তমানে এখানে ৭০টির মতো ব্যাটের কারখানা আছে। যেখানে নারী-পুরুষসহ অন্তত ৪০০ মানুষ কাজ করছেন। নরেন্দ্রপুর রূপ নিয়েছে শিল্পাঞ্চলের।
এসব পল্লিতে ব্যাট তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় নিম, হাইব্রিড নিম, জীবন, পুয়ো, পিটেল, কদম, দেবদারু, ছাতিয়ান, পিঠেগড়া, আমড়াসহ বিভিন্ন প্রকার দেশীয় গাছের কাঠ। হাতল সংযোগের জন্য আঠা, ফিনিশিংয়ের জন্য রং এবং স্টিকার ব্যবহার করা হয়।
স্থানীয়রা জানান, এই এলাকার মানুষের পেশা ছিল কৃষি। ক্ষেতখামারের কাজে পাশাপাশি গ্রামবাসী ছোটোখাটো ক্রীড়াসামগ্রী তৈরি শুরু করেন। পরে এতে যুক্ত হয় ব্যাট। এখন এটিই মুখ্য পেশা। শুধু ব্যাট থেকেই এলাকার মানুষের বার্ষিক আয় ৩০-৪০ কোটি টাকা। এখন কেউ আর গ্রামের নাম বলে না, নতুন পরিচয় ‘ব্যাট পল্লি’।
দুই দশক আগে ২০ হাজার টাকার পুঁজিতে কুটির ব্যবসা শুরু করেন স্থানীয় রতন মজুমদার ও রিপন মজুমদার। দুই ভাইয়ের এখন বার্ষিক আয় ২ কোটি টাকার বেশি। রিপন বলেন, দারিদ্র্যের কারণে অষ্টম শ্রেণির বেশি পড়া সম্ভব হয়নি। পরিবারে সচ্ছলতা আনতে কিশোর বয়সেই কর্মমুখী হই। আমাদের কারখানায় বছরে ৩০ হাজারের বেশি ব্যাট তৈরি হচ্ছে। আগামী পাঁচ বছরে এটি দ্বিগুণ হবে বলে আশা করছি।
ব্যাট তৈরিতে ভূমিকা রাখেন নারী ছাড়াও পরিবারের ছোট সদস্যরা। সংসারের কাজের পাশাপাশি ঘষামাজা, রং করা, পুডিং দেওয়াসহ নানা কাজ করে গ্রামের প্রায় সবাই স্বাবলম্বী হয়েছেন। এক টুকরো কাঠ ব্যাট হয়ে বদলে দিয়েছে বেশিরভাগ মানুষের জীবন। আবু বকর নামে এক কারখানা মালিক বলেন, মহামারির সময় অধিকাংশ কারখানা বন্ধ ছিল। তখন সংক্রমণের আতঙ্ক, ব্যাংক ঋণ না পাওয়া এবং অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থার কারণে অনেক লোকসান গুনতে হয়েছে। এখন আবারও দিন বদলেছে। শীত ঘিরে পল্লিতে পুরোদমে উৎপাদন হচ্ছে। আমাদের ইচ্ছা, এক সময় ব্যাট রপ্তানি করব।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মাসুদুর রহমান বলেন, করোনার অভিঘাত কাটিয়ে উঠতে ফাউন্ডেশনের পক্ষ থেকে যশোর ও পিরোজপুরের ব্যাট পল্লিতে ৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তির সঙ্গে প্রশিক্ষণ দেওয়ার পরিবল্পনা রয়েছে। আমরা চাই, নরেন্দ্রপুর বিশ্বমানের ক্রিকেট ব্যাট তৈরির পল্লি হিসেবে পরিচিত পাক।











































