নড়াইল প্রতিনিধি:
দুস্থ্যদের দেয়া ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় নড়াইলের কালিয়ায় পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান মো.জারজিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে নড়াইলের ডিবি পুলিশ।
শুক্রবার (১ মে) সকালে তাকে তার নিজ বাড়ি উপজেলার খড়রিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযোগপত্রে জানা যায়, পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যা জানুয়ারি/২০১৯ মাস হতে এপ্রিল/২০২০ পর্যন্ত ১৬ মাসে ৪০টন ৮০০ কেজি সরকারি চাল অবৈধভাবে আত্মসাৎ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
ওই ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মো. মতিয়ার রহমান গত ১৮ এপ্রিল কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে প্রেরণ করে। দুদক গত ২১ এপ্রিল ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা পাঠায়। শুক্রবার সকাল ১১ টার দিকে নড়াইলের ডিবি পুলিশের এ এস আই আনিচুজ্জামানের নেতৃত্বে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেছেন, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় যশোর দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত জানান, চাল আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় চেয়ারম্যান জারজিদ মোল্লাকে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ। আগামীকাল তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।









































