Home আঞ্চলিক জোড়া খুনের ১৭ বছর পর ৩ জনের যাবজ্জীবন

জোড়া খুনের ১৭ বছর পর ৩ জনের যাবজ্জীবন

11

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনীতে তহিদুল ইসলাম ও বাহাজেল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যার ১৭ বছর পর রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ দেন। আসামিদের মধ্যে বাদল জেল হাজতে রয়েছেন আর বাকি দুইজন পলাতক।

মামলার বিবরনে জানা যায়, ২০০৫ সালের ৫ জানুয়ারি মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের তহিদুল ইসলাম গাংনী উপজেলার নওয়া পাড়ায় বাহাজেলের বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮ টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ির ভিতরে প্রবেশ করে। তাদের দেখে তহিদুল ইসলাম পালিয়ে গিয়ে একটি ঘরের কোনে অবস্থান নেন। সন্ত্রাসীরা তাকে না পেয়ে বাহাজেলকে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তহিদুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন গাংনী উপজেলার ধলা গ্রামের ভারতী সীমান্তে তহিদুলের লাশ পাওয়া যায়। এদিকে বাহাজেলকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০০৫ সালে ৭ জানুয়ারি গাংনী থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই আমিনুল ইসলাম। ৮ মে ১৩ জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন তৎকালীন গাংনী থানার এস.আই মেজবা উদ্দীন আহম্মেদ ও এস.আই আনোয়ার আলম আজাদ। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।