খুলনাঞ্চল রিপোর্টার।।
ভোগ্য পণ্য ঋণের নামে জালিয়াতি করে অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহরিয়ার জামিল বাদী হয়ে রোববার কমিশনের এই জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে বাগেরহাটের মোড়েলগঞ্জের সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসার ১২ জন শিক্ষকের নামে জাল জালিয়াতির মাধ্যমে জনপ্রতি ২ লাখ টাকা করে মোট ১২টি ভোগ্যপণ্য ঋণ মঞ্জুর করিয়ে ওই ১২ টি ঋণের বিপরীতে মোট ২৪ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। আত্মসাতকৃত ওই টাকার বর্তমান সুদ-আসলে দায় স্থিতি হয়েছে ৪৩ লাখ ২৭ হাজার ৪৫২ টাকা। দুদক আইন অনুযায়ী সুদ-আসলে সর্বশেষ স্থিতি আত্মসাতের পর্যায়ে পড়ে।
এজাহারে উল্লেখ করা তিন আসামি হলেন, অগ্রণী ব্যাংকের মোড়েলগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) মিসেস সাফিয়া বেগম, ব্যাংকের একই শাখার বরখাস্ত কর্মকর্তা (ক্যাশ) সৈয়দ শিয়ন সাইফ ও মোড়েলগঞ্জের সোনাখালী আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মাসুদ।
এজাহারে আরও বলা হয়, আসামিরা সরকারি কর্মচারী হয়ে অপরাধমূলক অসদাচরণ, বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা, জাল-জালিয়াতি ও অসাধুভাবে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ওই অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
সম্প্রতি দুদক বাগেরহাট জেলায় এই কার্যালয়টি চালু করেছে। কার্যালয় চালুর পর এটিই প্রথম মামলা। অনিয়ম, দুর্নীতির অভিযোগে শিগগির আরও মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।










































