খুলনাঞ্চল ডেস্ক।।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি উদ্বেগের সৃষ্টি করছে জানিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস গুয়েন বলেন, বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি রাখাইনের চেয়েও উদ্বেগজনক। শনিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, জাতিসংঘ প্রতিনিয়তি পর্যবেক্ষণ করছে, মিয়ানমারের মিশনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল পর্যবেক্ষণের অনুমতি নেই জানিয়ে উভয় দেশকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেন লুইস গুয়েন।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমারের পুতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত যুবকের নাম অন্য থাইন চাকমা। সে তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে।
অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, দুপুরে গরু আনতে গিয়ে অন্য থাইন ও আরও কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে। পরে তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি চলেছে বেশকিছু দিন। এমনকি মিয়ানমারের মর্টারশেল এসে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। সীমান্তে চাপা আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছিল। গোলাগুলি কমে আসার পর হঠাৎ আজ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যেও এখন আতঙ্ক বিরাজ করছে। যদিও সতর্ক অবস্থানে থাকার কথা স্বীকার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।









































