ঢাকা অফিস।।
তমব্রু সীমান্তে মিয়ানমার বাহিনীর মর্টার শেল নিক্ষেপ ও একজন নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতজানু এবং জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকার মিয়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না।’ তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দল দেশের রাজনৈতিক কাঠামোসহ সবকিছু ধ্বংস করে ফেলেছে।’
কয়েকদিন ধরে বিনা উসকানিতে মিয়ানমার বাহিনী বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন, সীমান্তে গোলা বর্ষণ আর মর্টার শেল নিক্ষেপ করে যাচ্ছে। এর প্রতিবাদে শনিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক অঙ্গনে সঠিকভাবে তুলে সমাধান করতে না পারায় মিয়ানমার এখন সীমান্তে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সরকার শুধু মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেই দায়িত্ব শেষ করছে।
এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের স্মরণ সভায় যোগ দেন মির্জা ফখরুল। ড. মোশাররফ ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, ‘আরেকজন গাজী মাজহারুল আনোয়ার কবে আসবে তা কেউ বলতে পারবে না। দেশ এখন এমন এক রাজত্বে আছে, যেখানে সব কিছুকেই বিভক্ত করে ফেলা হয়েছে।’
এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার যে সাংস্কৃতিক আগ্রাসনকে প্রতিহত করতে চেয়েছেন, তা যেন ভবিষ্যত প্রজন্ম মনে রাখে।
জাতীয় প্রেসক্লাবে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ এখন পুলিশি এবং জংলী রাষ্ট্রে পরিণত হয়েছে।’









































