Home আঞ্চলিক পা দিয়ে লিখে দাখিল পরীক্ষায় সিংড়ার রাসেল

পা দিয়ে লিখে দাখিল পরীক্ষায় সিংড়ার রাসেল

10

খুলনাঞ্চল রিপোর্ট।।
দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তাও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। এ অবস্থায় পায়ের আঙ্গুলের ফাঁকে কলম রেখে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রতিবন্ধী রাসেল মৃধা। গতকাল সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে অদম্য রাসেল। প্রতিবন্ধী পরিক্ষার্থী রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আবদুর রহিম মৃধার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। অভাব-অনটনের মধ্যেও প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। তার উচ্চ শিক্ষার সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। সে বিগত দিনে পিএসসি ও জেডিসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। পরীক্ষা কেন্দ্রে গিয়ে লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে মুগ্ধ হন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম।

 

রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতার্‌রফ হোসেন বলেন, রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করেছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের স্বাক্ষর রখেছে। আমরা আশাবাদী রাসেল এবারো ভালো ফলাফল করবে। লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন অধ্যক্ষ।