বিনোদন ডেস্ক।।
নিজের অভিনীত সিনেমাগুলোর মাধ্যমে বরাবরই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এদিকে ১১ই সেপ্টেম্বর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এদিন জ্যোতি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এর বাইরে জন্মদিনে তার পাওয়া সেরা উপহার ছিল নতুন একটি সিনেমা। এটি হতে যাচ্ছে তার ১২তম সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন সাইফুল ইসলাম মান্নু। তবে সিনেমার নাম কিংবা অন্য তথ্য আপাতত জানাতে নারাজ এ অভিনেত্রী। তবে অচিরেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জ্যোতি বলেন, এবারের জন্মদিনে বড় উপহার হিসেবে পেলাম নতুন চলচ্চিত্র।
অসাধারণ গল্প ও চিত্রনাট্যের একটি ছবি। আপাতত চলচ্চিত্রটির নাম ও বিস্তারিত বলা বারণ। আমার বাকি সব চলচ্চিত্রের মতো এটিও সবার পছন্দ হবে বলেই আমার বিশ্বাস। ‘আয়না’ সিনেমার মধ্যদিয়ে ২০০৪ সালে জ্যোতির অভিনয়ের পথচলা শুরু হয়। এরপর ‘অনিল বাগচীর একদিন’, ‘জীবনঢুলি’, মায়া: দ্য লস্ট মাদার’, কলকাতায় ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় কাজের জন্য তিনি একেবারেই কমিয়ে দিয়েছেন ছোট পর্দার কাজ। বিশেষ কাজ ছাড়া তাই তাকে ছোট পর্দার কাজে পাওয়া যায় না। এখন আরও একাধিক ছবিতে অভিনয়ের কথা চলছে তার। ব্যাটে বলে মিললে ছবিগুলো করবেন বলে জানালেন জ্যোতিকা জ্যোতি।











































