মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় গত রাত পৌনে ৪টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত প্রচন্ড ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সোয়া দুই ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৪ মিলিমিটার। বৃহস্পতিবার ভোর ৬ থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয় ৭ মিলিমিটার। আর গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোংলায় মোট বৃষ্টিপাত হয়েছে ১৯৭ মিলিমিটার।
এদিকে ভারী বৃষ্টিপাতে পৌর শহরের মিয়াপাড়া, মুন্সীপাড়া, পশুহাসপাতাল রোড, জয়বাংলা, এনিউপাড়া, কেওড়াতলা, মাছমারাসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে রাস্তাঘাট, মাছের ঘেরের ভেড়ী বাঁধ, বসতবাড়ী ঘরও পানিতে ডুবে রয়েছে। সব জায়গায় পানির জলাবদ্ধতায় চরম বিপাকে পড়েছেন এখানকার বাসিন্দা। বৃষ্টির পানিতে বেশি ক্ষতির সম্মুখীন ঘের মালিকেরা, সেই সাথে বসতবাড়ীর লোকজনও।
তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী। তিনি বলেন, সতর্ক সংকেত উঠিয়ে দেয়া হয়েছে। ফলে এখন আর তেমন বৃষ্টি-বাতাসের সম্ভাবনা নেই। আশা করছি শুক্রবার থেকে রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করবে। তবে গত রাত থেকে ভোর পর্যন্ত সোয়া দুই ঘন্টায় ৫৪ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে, আর এরপর বৃহস্পতিবার ভোর ৬ থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয় ৭ মিলিমিটার, গত ২৪ ঘন্টায় যার পরিমাণ ৬১ মিলিমিটার।
এদিকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করায় বুধবার বিকেল থেকেই সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন জেলেরা। সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার বলেন, বুধবার বিকেলে সাগর খুব বেশি উত্তাল না থাকায় ও বৃষ্টিপাত এবং বাতাসও কম থাকায় জেলেরা গভীর সাগরে মাছে ধরতে নেমে গেছেন। ভাটায় নামছেন আর জোয়ারে দুবলার বিভিন্ন ঘাটে এসে বিশ্রাম নিচ্ছেন জেলেরা। তাই বেশির ভাগ জেলেরা এখন সাগরে মাছ ধরছেন। আর এখন দুবলাসহ সাগরের আবহাওয়া মোটামুটি ভাল।











































