খুলনাঞ্চল রিপোর্ট।।
চট্টগ্রামের মিরসরাইয়ে ওভারটেক করা নিয়ে বাস-লরির দন্দ্ব মেটাতে গিয়ে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হাইওয়ে পুলিশসহ চারজন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।
আহতরা হলেন- জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৪৫), আব্দুল আউয়াল (৫০), রফিক (২৫) ও শেখ আহম্মদ (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষীপুরের রায়পুর থেকে জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে ওভারটেক করা নিয়ে একটি লরির সাথে ওই বাসের চালকের ঝামেলা হয়। এরপর সোনাপাহাড় সিএনজি পাম্পে এসে জোনাকীর ওই বাসটি অবস্থান নেয়। এরপর সেই লরির চালক-হেলপারের সাথে বাসটির চালক-হেলপারের বাকবিতণ্ডা হয়।
আরও পড়ুন:ভাঙনের পথে আরেক ধাপ এগোল জাপা
কিন্তু সেটি অমীমাংসিত অবস্থায় রেখেই ওই লরিটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। তখন সেই লরিটিকে ধরার জন্য জোনাকীর ওই বাসটি পেছনে ধাওয়া করে এবং লরিটিকে বামে চাপ দিয়ে সামনে এসে বেরিকেড দেয়। এসময় পাশে থাকা একটি গাছের সাথে ওই লরিটি বেঁধে যায়।
এরপর সেখানে থাকা পুলিশ ও স্থানীয়রা বিষয়টি মীমাংসা করার জন্য দুটি পরিবহনের স্টাফদের সাথে লরিটির পেছনে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখন চট্টগ্রামমুখী অপর একটি কাভার্ডভ্যান এসে দাঁড়িয়ে থাকা লরিটিকে ধাক্কা দেয়। এসময় সেখানে থাকা পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও চারজন।
জোড়ারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে গাড়িগুলো রাস্তা থেকে সড়িয়ে ফেলা হচ্ছে। মৃতদেহগুলো মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।











































