Home আঞ্চলিক ঝড়-বৃষ্টি ও জলোচ্ছ্বাসে মোংলায় চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝড়-বৃষ্টি ও জলোচ্ছ্বাসে মোংলায় চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি

89

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

লঘু ও নিম্নচাপের প্রভাবে গত এক সপ্তাহ ধরে মোংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে মোংলার বিভিন্ন এলাকার চিংড়ি ঘের।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, জ্বলোচ্ছাস ও বৃষ্টির পানিতে তলিয়ে বিভিন্ন এলাকার ছোট-বড় চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চাঁদপাই, চিলা ও মিঠাখালী ইউনিয়নের ঘেরগুলোতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জোয়ার ও বৃষ্টির পানি পিচের রাস্তা ও ভেড়ী বাঁধ তলিয়ে প্লাবিত হয়েছে ৪০৪ হেক্টর জমির ১৯২০টি ঘের। এখানে ছোট বড় মিলিয়ে ২ হাজার হেক্টর জমির উপর প্রায় সাড়ে ১০ হাজার চিংড়ি ঘের রয়েছে।

উপজেলার কাইনমারীর অলক ফনীভুষন, কালিকাবাড়ীর অতুন বিশ্বাস, কানাইনগরের অজয় মন্ডল ও চাঁদপাই গ্রামের ঘের মালিক একরাম হোসেন বলেন, ঘেরের বাঁধের উপর এখনও এক থেকে দেড় হাত পানিতে রয়েছে। ঘেরের মাছ আটকে রাখার জন্য বাঁধের উপর নেট জাল দিলেও তাও পানির চাপ ও বাতাসে ছিড়ে ক্ষতিগ্রস্ত হয়ে মাছ বেরিয়ে গেছে। এতে বেরিয়ে গেছে বেশির ভাগ বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছও। ফলে ভীষণ ক্ষতির মুখে আমরা চিংড়ি চাষীরা।
ঘের তলিয়ে মাছ বেরিয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য হিসেবে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। তবে ক্ষতিগ্রস্ত ঘের ও আর্থিক ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

প্রতি বছরই দুর্যোগ মৌসুমে এভাবে পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন এখানকার চাষীরা। তাদের দাবী পশুর নদীর পাড়ে টেকসই ভেড়ী বাঁধ নির্মাণ ও উচু রাস্তার তৈরির।

উপজেলার চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম ও চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, এ দুইটি ইউনিয়ন পশুর নদীর পাড় ঘেষা। তাই ঝড়-জ্বলোচ্ছাসে এ এলাকার ঘের মালিকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। সুতরাং পশুর নদীর পাড় দিয়ে ভেড়ী বাঁধ করা গেলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন হাজার হাজার ঘের মালিক ও ব্যবসায়ীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, পশুর নদীর পাড়ে ভেড়ী বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতিমধ্যে স্থানীয় সাংসদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুনসহ বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড চাঁদপাই ও চিলা ইউনিয়ন এলাকা পরিদর্শন করেছেন। ভেড়ী বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড ফিজিবিলিটি স্টাডি করছেন। এ ভেড়ী বাঁধটি মোংলার পশুর নদীর চাঁদপাই ও চিলা ইউনিয়ন হয়ে বাগেরহাটের মোড়েলগন্জে গিয়ে মিশবে। এ নিয়ে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফিজিবিলিটি স্টাডি চলছে। আশা করছি পানি উন্নয়ন বোর্ড শীঘ্রই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দ্রুত এ ভেড়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করবেন। #