মেহেরপুর প্রতিনিধি ||
স্ত্রীর স্বীকৃতি আদায়ে মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী (২০)।
স্বামী তাহের খান দুবাই প্রবাসী। রোববার (১১ সেপ্টেম্বর) থেকে ওই কলেজছাত্রী স্বামীর বাড়িতে অবস্থান নেন। শ্বশুর বাড়ির লোকজন তাকে মেনে না নিয়ে মারধর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর কারণে তা ব্যর্থ হয়েছে। তবে ঘরে উঠতে না দেওয়ায় অনাহারে শ্বশুর বাড়ির বারান্দায় তিনি দুদিন ধরে অবস্থান করেন।
জানা যায়, তিনি চুয়াডাঙ্গা আঁখি-তারা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী। বাবা মারা গেছেন। পরিবারের বাস চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়ায়।
কলেজছাত্রীটি জানান, প্রায় ৪ বছর আগে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ওই গ্রামের আবুল কালামের ছেলে তাহের খানের (২২) সঙ্গে তার পরিচয়। এরপর মোবাইল ফোনে কথাবার্তা ও প্রেম। তাহের খান বিদেশ যাওয়ার আগে তাকে বিয়ের প্রস্তাব দেন। গত ৭ মে (২০২২) চুয়াডাঙ্গার এক কাজি অফিসে তারা বিয়ে করেন। ১৪ মে (২০২২) তাহের খান দুবাই পাড়ি দেন। এরপর দু’জনের মধ্যে কথাবার্তা ও ম্যাসেজ বিনিময় হতে থাকে। ইতোমধ্যে প্রায় দেড়মাস আগে তার দিন মজুর বাবা মারা যান। এতে মা ও একমাত্র ছোট ভাইকে নিয়ে তার চোখে অন্ধকার নেমে আসে। এদিকে হঠাৎ স্বামী তাহের ফোন বন্ধ করে দেন। কয়েকদিন পর তার বড় জা রুমানা খাতুন তাকে মোবাইল ফোনে জানান- তিন লাখ টাকার জিনিসপত্র নিয়ে এলে তাকে তার শ্বশুর-শাশুড়ি মেনে নেবেন।
কলেজছাত্রীর দাবি- আমি এখন এ বাড়ির বউ। আমি স্ত্রীর স্বীকৃতি চাই এবং স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি চুয়াডাঙ্গা ফিরবো না। প্রয়োজনে স্বামীর বাড়িতে মরবো।
তার ভাসুর বাহার আলী খান বলেন- আমার ভাই তাহের খানের বয়স এখন ২৩ বছর পূর্ণ হয়নি। তাই আমরা এ বিয়ে মানি না।
শ্বশুর আবুল কালাম বলেন- বিয়ের বিষয়টি আমাদের জানা নেই। আমার ছেলে তাহের খান দেশে ফিরলে তার কথামতো আমরা ব্যবস্থা নেবো।
এদিকে রোববার মুজিবনগর থানা পুলিশ ছাত্রীটিকে নিরাপত্তার কারণে ঘরে তুলে দিলে শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রীটির মা বিয়ের কাবিনের কপি নিয়ে বাগোয়ান গ্রামে পৌঁছান। তিনি তার মেয়ের বিয়ের স্বীকৃতি চান এবং মেয়ের সঙ্গে ওই বাড়িতে অবস্থান নেন।
বিয়ের অন্যতম স্বাক্ষী (ছেলে পক্ষের) বাগোয়ান গ্রামের মিয়ার শেখের ছেলে শাহান শেখ বলেন- তাদের বিয়ে বৈধ।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন- যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সে চেষ্টাই করছি। গত রাত সাড়ে ১২ টার দিকে তিনি জানান- মেয়ে ও তার মা বর্তমানে তাহের খানের বাড়িতে অবস্থান করছেন। তাদের রাতের খাওয়ার ব্যবস্থাও হয়েছে। তাদের নিরাপত্তার জন্য টহল পুলিশকে সতর্ক থাকতে বলেছি।











































