খবর বিজ্ঞপ্তি।।
নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজের ২নং রোডস্থ ‘চিল্ড্রেন্স জার্নি ডে-কেয়ার এন্ড প্রি-স্কুল’ উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৫টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই স্কুলের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিশুদের স্বাভাবিক বিকাশের জন্য তাদেরকে আনন্দময় পরিবেশ এবং খেলাধুলার সুযোগ করে দিতে হবে। তাদের মানসিক বিকাশে চাপ সৃষ্টি করা যাবে না। শিশু বয়সে তাদের পক্ষে যা সম্ভব সে পরিবেশই করে দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই অনেক অভিভাবকরা শিশুর উপর অতিরিক্ত পড়াশোনার চাপ সৃষ্টি করে থাকেন। স্কুল থেকে তাদের উপর বইয়ের যে বোঝা চাপিয়ে দেওয়া হয় তা শিশুদের পক্ষে বহন করাও কঠিন হয়ে পড়ে। যে সমস্ত শিশু মানসিকভাবে বা শারীরিকভাবে দুর্বল তাদের ব্যাপারে আরও যত্নশীল হতে হবে। এসব শিশুর জন্য স্পেশাল এডুকেশন থাকলেও তাদেরকে অন্য আর দশটি শিশুর মতো দেখতে হবে। স্বাভাবিক শিশুদের মেলামেশা করা, খেলাধুলা করতে উৎসাহিত করলে তারাও মানসিকভাবে আরও বিকশিত হবে। তিনি খুলনায় শিশুদের এমনটি বিশেষ স্কুল চালুর উদ্যোগ গ্রহণের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু শিক্ষা বিষয়ে অভিজ্ঞ লন্ডন প্রবাসী তৃপ্তি পোদ্দার। উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা জগজীবন বিশ্বাস। এ সময় স্কুলের পরিচালক ইসরাত জাহান তানিয়াসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।











































