Home আঞ্চলিক হল থেকে গ্রেফতার কুয়েট শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

হল থেকে গ্রেফতার কুয়েট শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

8

স্টাফ রিপোর্টার।।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ড. এম এ রশিদ হল থেকে গ্রেফতার সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমানকে (২২) ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে হলের শিক্ষার্থীরা মারধর করেছেন বলে দাবি করেছেন হলের প্রভোস্ট মো. হামিদুল ইসলাম।

গ্রেফতারের পরপরই পুলিশ তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় পুলিশ ক্যাম্পাসে ও হাসপাতালে উপস্থিত ছিল।

জানা গেছে, ডিজিটাল ডিভাইজ দিয়ে মানহানিকর তথ্য প্রকাশ করে কুয়েট শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমান (২২) ও রেজওয়ান স্যামের (২১) বিরুদ্ধে রোববার বিকালে কুয়েটের সিকিউরিটি অফিসার মো. সাদেক হোসেন প্রামানিক খানজাহান আলী থানায় মামলা করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন খান এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কুয়েটের সিকিউরিটি অফিসার সাদেক হোসেন প্রামানিক জানান, ওই শিক্ষার্থীসহ ব্রাক ইউনির্ভাসিটি ও গোপালগঞ্জ ইউনির্ভাসিটির আরও দুই শিক্ষার্থী টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে আপত্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেছেন অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত শিক্ষার্থীরা রোববার রাত ৯টার দিকে ড. এম এ রশিদ হলের ১১৭ নম্বর রুম থেকে জাহিদুলকে ল্যাপটপ মোবাইলসহ আটক করে। পরে হলের প্রভোস্টসহ কুয়েটের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাকে পুলিশে হস্তান্তর করেন।

জাহিদুলের ব্যাপারে ড. এমএ রশিদ হলের দায়িত্বরত প্রভোস্ট মো. হামিদুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর কাছে দেশ বিরোধী কিছু মেসেজ, কিছু খেলাফত টাইপের বই পাওয়া যায়। সন্দেহ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাকে আটকের সময় শিক্ষার্থীরা চড়থাপ্পড় দেয়। কিন্তু সেই ভাবে তিনি অসুস্থ নয়। তবে গ্রেফতারের পর অসুস্থ হওয়ায় পুলিশ তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, জাহিদুল খুলনা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তাকে ভর্তি অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে। জাহিদুলকে কুয়েটের ড. এম এ রশিদ হল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি কিভাবে অসুস্থ হয়েছেন সেটা হল কর্তৃপক্ষ বলতে পারবেন বলে জানিয়েছেন ওসি।