Home আঞ্চলিক হাসপাতালের ৬ কোটি টাকার টেন্ডার ছিনতাইয়ের অভিযোগ

হাসপাতালের ৬ কোটি টাকার টেন্ডার ছিনতাইয়ের অভিযোগ

16

যশোর  অফিস।।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৮ কোটি টাকার টেন্ডারে (দরপত্র) অংশ নিতে হামলার শিকার হয়েছেন মাগুরার দুটি সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। দুর্বৃত্তরা তাদের মারধর করে ৬ কোটি টাকার দরপত্রের সিডিউল ছিনতাই করে নিয়ে গেছে।

সোমবার সকালে সাড়ে ৯টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে পুলিশ ছিল। সেখানে কোনো ঘটনা ঘটেনি। নিচতলায় গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়; কিন্তু সেখানে গিয়ে কিছু পাওয়া যায়নি।

এ ব্যাপারে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান সাংবাদিকদের জানান, তাদের সামনে কোনো ঘটনা ঘটেনি। ভুক্তভোগী বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউই টেন্ডার ছিনতাইয়ের অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালের ২০২২-২০২৩ অর্থবছরের সার্জিক্যাল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ৮ কোটি ৯ লাখ টাকার দরপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল সোমবার। ১৮১টি দরপত্র জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে মাগুরার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন ড্রাগস ও অপরাজিতা ড্রাগসের প্রতিনিধিরা আহ্বানকৃত টেন্ডারের মধ্যে ওষুধ, গজ-ব্যান্ডেজ-তুলা, কেমিক্যাল, আসবাব ও ক্রোকারিজ সরবরাহের ৬ কোটি টাকার দরপত্র জমা দিতে যান।

দরপত্রটি হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে টেন্ডার বক্সে জমা দেওয়ার আগমুহূর্তে ১৫-২০ জন সন্ত্রাসী তাদের সিডিউল পেপার ছিনতাই করে নেয়। এ সময় হাসপাতাল চত্বরে সন্ত্রাসীদের মহড়া দিতে দেখা যায়।

এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির পরিচালক ঠিকাদার আজিজুল হক।

তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালের টেন্ডার আহ্বানে নিয়ম অনুযায়ী আমার ম্যানেজার হাফিজুর রহমান দরপত্র জমা দিতে যান। এ সময় পুলিশ ও র‌্যাবের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমার ১৩টি সিডিউল পেপার ছিনতাই করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো পদক্ষেপ না নেওয়ায় আমি হতাশ হয়েছি। এমনকি তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ দিলেও তিনি দুপুর ১টার পর অভিযোগ গ্রহণ করেন। এমন পরিস্থিতিতে টেন্ডার স্থগিত ও পুনরায় দরপত্র সিডিউল সরবরাহ দাখিলের আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, র‌্যাব-পুলিশের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিছু ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। হাসপাতালের সিসি ক্যামেরায় তাদের ভিডিও ফুটেজ আছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের শনাক্তের চেষ্টা করছে।

তিনি আরও জানান, আগামী ১৫ সেপ্টেম্বর টেন্ডারের মূল্যায়ন হবে। টেন্ডার স্থগিত ও পুনরায় দরপত্র সিডিউল সরবরাহ করার কোনো সুযোগ নেই।