Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

38

নিম্নচাপের প্রভাবে মোংলাসহ উপকূলে ঝড়-বৃষ্টি, সুন্দরবন তিন ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রুপ নিয়েছে। ফলে মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় উপর দিয়ে রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। নিম্নচাপের কারণ মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে সকাল থেকে বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তবে রবিবার দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হয়েছে দুবলার চর।
এছাড়া সুন্দরবনের করমজলেও অস্বাভাবিক পানি বেড়েছে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির। তিনি বলেন, এখন পূর্ণিমার গোন চলছে, এ সময়ে এমনিতেই পানির চাপ বেশি থাকে। তারমধ্যে নিম্নচাপের প্রভাবে পানি বেড়েছে প্রায় তিন ফুটের মত। সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদার বলেন, সকাল থেকে দুবলার চর এলাকায় বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইছে। এছাড়া স্বাভাবিকের তুলনায় তিন ফুট উচ্চতার জ্বলোচ্ছাসে চর ও বন প্লাবিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সাগর উত্তাল হয়ে উঠতে থাকায় প্রায় অর্ধশত ট্রলার দুবলার ভেদাখালী, ভাঙ্গার খাল ও মেহেরআলী খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তিনি আরো বলেন, গত দুই তিন দিন ধরে আবহাওয়া খারাপ হতে থাকায় সাগরের অন্যান্য ট্রলারগুলো নিরাপদে নিজ নিজ এলাকায় চলে গিয়েছেন।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার বিকেলের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ওড়িষ্যা উপকূল ও বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি ক্রমেই ঘনীভূত হওয়ায় সাগর উত্তাল ও উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝড় বৃষ্টি বয়ে যাবে। এমন বৈরি আবহাওয়া আগামী আরো দুই তিন দিন ধরে অব্যাহত থাকবে। এছাড়া স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বাড়বে বলেও জানান তিনি।

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী বরকত হুসাইন সকলের দোয়া ও আশির্বাদ প্রত্যাশী
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
আসন্ন নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে দৌড়-ঝাপে এগিয়ে রয়েছেন, ন্যায় নিষ্ঠাবান সমাজ সেবক মোঃ বরকত হুসাইন। নড়াইল সদর উপজেলার ১নং মাইজপাড়া ইউনিয়নের তারাসি গ্রামের মোঃ মোকাম্মেল হোসেনের ছেলে মোঃ বরকত হুসাইন, তিনি তিতুমির কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স শেষ করেন। বরকত হুসাইন তরুণ সমাজ সেবক, বিসিষ্ট ব্যবসায়ী ও মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক। মাইজপাড়া, হবখালী, চন্ডিবারপুর এই তিন ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি। এবার নির্বাচনে ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে একটি ওয়ার্ড গঠিত হয়েছে তিনি এ ওয়ার্ডের সদস্য প্রার্থী। বরকত হুসাইন এ প্রতিবেদকে জানান, আমি আগেও জেলা পরিষদের সদস্য ছিলাম, আমি আমার সর্বচ্চ দিয়ে চেষ্টা করেছি সবার সুখে-দুঃখে পাশে থাকার এবং আগামীতেও সবার সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ। আমি এবারও জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করছি আমি ভোটারদের কাছে যাচ্ছি ভোট চাচ্ছি, কথা বলছি, আমি আশাবাদি এবার নির্বাচনেও আমি জয় লাভ করব।

খুলনার দাকোপে শেখ কামাল ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন চালনা পৌরসভা
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
মাদক মুক্ত সমাজ গড়তে খুলনার দাকোপে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যপ্টেন শেখ কামাল ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় বিজয়ী চালনা পৌরসভা ফুটবল একাদশ । ১০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদ এ্যাড. কে এম ইকবল হোসেনের সার্বিক তত্বাবধায়নে খেলায় অংশগ্রহণ করে বাজুয়া ফুটবল একাদশ বনাম চালনা পৌরসভা ফুটবল একাদশ। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ট্রাইফিকার অনুষ্ঠিত হয়। চালনা ফুটবল একাদশ ট্রাইফিকারে ৩-২ গোলের ব্যবধানে বাজুয়া ইউপি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে চ্যাম্পিয়ন হয়। উক্ত ফাইনাল খেলার শুভ উদ্ভোধন ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেন, মাদক মুক্ত দাকোপ গড়তে হলে তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। জুয়া, ইভটিজিং ও মাদকের কবল থেকে রক্ষা করতে যুব সমাজের রক্ষায় বিভিন্ন বিনোদন ফুটবল খেলা সহ নানান ধরনের খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শরীরিক ও মানসিক বিকাশ ঘটে, লেখাপড়ায় অগ্রাধিকার দিয়ে খেলাধুলার প্রতি সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে। খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। ক্রিকেটে আমাদের খুলনার ছেলেরা অংশ গ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে আনতে সক্ষম হয়েছে। আগামীতে আপনারাই দেশের নেতৃত্ব দেবেন তাই মাদকের করাল গ্রাস থেকে যুবকদের রক্ষা করতে হবে। প্রতিটি যুবককেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। ফুটবল খেলা শুরু হওয়ার আগে ও পুরুষ্কার বিতরণের সময় তিনি যুবকদের উদ্দেশ্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি সুস্থ জাতি দেশের উন্নয়নের অন্যতম নিয়ামক। সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীসহ যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে আমাদের এই আয়োজন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদিকুর রহমান, খুলনা উকিল বারের সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডঃ তারা, এ্যাডঃ ইকবাল হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ হাসান, দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলি খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মেহেদী হাসান বুলবুল, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চেয়ারম্যান মানস কুমার রায়, চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, চেয়ারম্যান সুদের কুমার রায়, চেয়ারম্যন শেখ ছাব্বির আহম্মদ, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, দাকোপ প্রেসক্লাব ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, চালনা পৌর কাউন্সিলর আবদুল বারিক শেখ, রোস্তম আলী খান, আইয়ুব আলী কাজী, সাবেক কাউন্সিলর দেবাশিষ ঢালী প্রমুখ।

কোটচাঁদপুরে পাটকাঠির কদর বাড়ছে, লাভের মুখ দেখছেন কৃষক
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
কোটচাঁদপুরে বহুমুখী ব্যবহারে দিন দিন বাড়ছে পাটকাঠির চাহিদা।আগে জ্বালানি ও গরুর গোবরের ঘুটা তৈরীর কাজে ব্যবহার হতো পাটকাঠি। আবার কেউ কেউ ঘরের বেড়া ও পানের বরজে ব্যবহার করত ভালো মানের পাঠকাঠি। এক সময় পাটকাঠি অবহেলার পণ্য হলেও বর্তমানে বৈজ্ঞানিক প্রযুক্তির আশীর্বাদে বহু ক্ষেত্রে পাটকাঠির ব্যবহার বেড়েছে। যার ফলে দিন দিন বাড়ছে পাটকাঠির কদর। এতে করে শুধু পাট আঁশ নয়, পাটকাঠিতেও কৃষকরা দেখছেন আশার আলো। সোনালী আঁশের সঙ্গে কদর বেড়েছে পাটকাঠিরও। বাড়ি, পাকা সড়ক, মাঠ-ঘাট যেখানে চোখ যায় সেখানেই চোখে পড়ে পাটকাঠি শুকানো ও রক্ষণাবেক্ষণের কাজ।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পাট কাঠি আগের মতো অবহেলায় ফেলে না রেখে যত্ন করে শুকিয়ে মাচা তৈরি করে রাখছেন বিক্রির জন্য চাষিরা। আবার অনেকেই এখন পাটকাঠির ব্যবসা করে জীবকা নিবার্হ করছেন। স্থানীয়রা জানান, পাটকাঠি কোথাও আবার পাটখড়ি নামেও পরিচিত। আগে পাটকাঠির ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই ছিল শুধু জ্বালানি হিসেবে। আর কিছু ভালো মানের পাটকাঠি পানের বরজের আর ঘরের বেড়া তৈরিতে ব্যবহার করা হতো। কিন্তু এখন আর মূল্যহীনভাবে পড়ে থাকে না পাটকাঠি। বিশ্ববাজারে পাটকাঠির চাহিদা বাড়ায় আঁশের পাশাপাশি পাটকাঠির দামও ভালো পাওয়া যায়। অনেক কৃষক পাটের দাম খুব একটা ভালো না পেলেও পাটকাঠির দাম দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন।

উপজেলার মুরুটিয়া গ্রামের পাট চাষি ফারুক মেম্বার বলেন, ‘গত কয়েক বছর আগেও পাটকাঠির তেমন চাহিদা ছিল না। কিন্তু এখন বেশ চাহিদা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাটকাঠি কিনছেন, ভালো দামও দিচ্ছেন। মেপে এক হাত দড়ি দিয়ে এক আটি পাটকাঠি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। শুধু পাট বিক্রি করেই নয়, এবার পাটকাঠিও আমাদের এলাকায় কৃষকের আশা জাগিয়েছে।

পাট চাষি সেলিম জানান, পাটকাঠি এক সময় শুধু রান্না-বান্নার জ্বালানি, ঘুটা তৈরী, ঘরের বেড়া ও ছাউনির কাজে ব্যবহার করা হতো। তখন পাটকাঠির তেমন চহিদা ছিলনা। এখন বিভিন্ন কাজে পাটকাঠির ব্যাবহার হওয়ায় এর চাহিদা অনেক বেড়ে গেছে। দামও ভালো পাচ্ছি। দুর দুরান্ত থেকে ব্যাবসায়িরা এসে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছে।

কেএমএইচ কলেজের ছাত্র ও সাংবাদিক রোকনুজ্জামান বলেন, পাঠকাঠি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পার্টিকেল বোর্ড মিলে। এছাড়াও প্রসাধনী পণ্য, এয়ারকুলার, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কারের ওষুধ ও ক্ষেতের সার উৎপাদনের কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে কারণে প্রতিনিয়ত পাটকাঠির চাহিদা দেশের পাশাপাশি বাড়ছে বিশ্ব বাজারেও।

কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, বহুমুখী ব্যবহার দিন দিন বাড়ছে পাটকাঠির চাহিদা। ‘পাটকাঠির ছাই বিদেশে রপ্তানি হচ্ছে। তাই ভালো দাম পাওয়া যাচ্ছে। পাটকাঠিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু কারখানা গড়ে উঠেছে। মিলগুলোতে কাঠের বিকল্প হিসেবে পাটকাঠি ব্যবহার করায় বনভূমি ও পরিবেশ রক্ষায় পাটকাঠি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এক দিকে সোনালি আঁশ অন্য দিকে পাটকাঠি দুটি মিলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে পাট চাষে।’

কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী বলেন, এবার পাটের বাজার মূল্য ও ফলন খুবই ভালো। রান্নার জ্বালানি ও কৃষি কাজে পাটকাঠি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কৃষি কাজে জমিতে মাচা তৈরি করতে সাধারণত বাঁশ ও সুতালির ব্যবহার হয়, পাটকাঠি দিয়ে সীম,শসা,করলা সহ বিভিন্ন ফসলের মাচা তৈরি খুব সহজে করা যায় এতে কৃষকের উৎপাদন খরচ অনেক কম হবে ও কৃষক আর্থিক ভাবে লাভবান হবে। জমিতে পাটকাঠি দিয়ে মাচা তৈরি করতে পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য দিকে চাষিরা পাটকাঠি বিক্রি করেও বেশ ভালো টাকা আয় করছেন। পাটের সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিরও বেশ চাহিদা রয়েছে।

খুলনার দাকোপে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগরেরা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে খুলনার দাকোপ উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগরেরা। প্রতিটি পূজা মন্ডপেই এখন ধুম পড়েছে প্রতিমা তৈরীর কাজ। কে কার থেকে কত ভালো কত আকর্ষণীয় প্রতিমা তৈরি করে মানুষের হৃদয় ছুঁতে পারে তারই প্রতিযোগিতার মহা উৎসব যেন লেগেছে পূজা মন্ডপ গুলোতে। পুজা মন্ডপ কমিটিগুলোর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে প্রতিমা তৈরীর কারিগর নিয়ে এসে প্রতিমা তৈরি করছে। এ বছর দাকোপ উপজেলায় সব কয়টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর ধুম পড়লেও মূল্য নিয়ে হতাশার মধ্যে রয়েছে কারিগরেরা। দাকোপের বাজুয়া বাজারে দুর্গা প্রতিমা তৈরীর কাজ করছেন, শ্রী নিমাই দাস তিনি যশোরের বাসিন্দা এলাকার বেশিরভাগ মন্ডপের প্রতিমা তৈরী করেন তিনি। প্রতিমা তৈরীর কারিগর শ্রী নিমাই দাস ও তার সন্তান প্রতাব দাস জানান, এ বছর এলাকা ও বাহীরের মোট ১৫টি পূজা মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি করছি, বংশীয়ভাবে এই কাজ করে আসছি আমার দাদা তার দাদা এবং আমরা সকলে এই পেশার সাথে যুক্ত। বিগত দুই বছর করোনা মহামারীর কারণে অল্প দামে প্রতিমা নির্মাণ করেছিল পূজা মন্ডপ গুলো। এ বছর আশায় বুক বেঁধেছিলাম কিন্তু বৈশ্বিক যুদ্ধের কারণে সকল পণ্যের দাম বেড়ে গেছে তাই খরচ বেড়ে লাভের অংশ শুধুই কমেনি অনেক কমে গেছে। মন্ডপ কমিটিও এ বাজেট সামলাতে হিমশিম খাচ্ছে । উপজেলার কয়েকটি পুরোহিতের সাথে কথা বলে যানা গেছে ১ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে । এবছর দেবী মা দুর্গা গজে অর্থাৎ হাতিতে আগমন করবে যার অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা আর মা দুর্গা বিজয় দশমীতে গমন করবে নৌকায় চেপে এর অর্থ শস্যবৃদ্ধি আশানুরূপ হলেও বন্যা ও জলোচ্ছ্বাসে কিছু শস্য নষ্ট হবে। জানতে চাইলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার সভাপতি অসিত বরণ সাহা সাধারণ সম্পাদক সঞ্চয় মোড়ল। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা সভাপতি জানান, দুর্গা পূজার বিষয়ে উপজেলা গুলোকে ডেকে আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। যাতে কোন প্রকার বিশৃঙ্খলনা সৃষ্টি না হয়। প্রশাসন ও যতেষ্ঠ তৎপরতা রয়েছে যাতে করে সুন্দর ভাবে সকলে মিলে-মিশে শারদীয় দুর্গা উৎসবকে উপভোগ করতে পারে। ইতো মধ্যে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস সকল মন্দিরের সভাপতি / সম্পাদক, রাজনৈতিক নেত্রী বৃন্দ, ইউপি চেয়ারম্যান ও পূজা উৎযাপন কমিটির নেত্রীবৃন্দকে নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক সভা- সমাবেশে করেছেন শারদীয় দুর্গা উৎসবকে প্রানবন্ত করে তুলতে। দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন দুর্গাপূজা শুরু হতে বাকি মাত্র আর কয়দিন। পূজায় যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করেছি। দাকোপ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অসিত বরণ সাহা বলেন উপজেলার সকল মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে প্রতিমা তৈরিতে সকলে ব্যস্ত সময় পার করছে।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা রবিবার সকালে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে গত আগস্ট মাসে জেলায় ১১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় ও পাঁচ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। এছাড়া চিংড়িতে অপদ্রব্য পুশ রোধে অভিযান পরিচালনা করে ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা, ৩২৭ কেজি পুশকৃত চিংড়ি ধ্বংস ও ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, গত ২৫ আগস্ট হতে খুলনা মেট্রোপলিটন এলাকায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ৪৬ হাজারের বেশি শিশুকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। এছাড়া প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৯ লাখ ৬৪ হাজার ৪২১ জনকে বুস্টার ডোজ প্রদান সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, অপরাধ সংঘটনের আগে প্রতিরোধ করা জরুরি। আসন্ন দুর্গাপূজায় পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে কাজ করা যেতে পারে। তিনি বলেন, ঘর ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সম্পর্কে ছবিসহ বিস্তারিত তথ্যের ফরম সংশ্লিষ্ট এলাকার থানায় জমা দেওয়ার বিষয়ে বাড়ির মালিকদের ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি অথবা কোন অপরাধ সংঘটিত হলে অবশ্যই পুলিশকে অবহিত করতে হবে। দুর্গাপূজা একটি ধর্মীয় উৎসব হলেও সকল মানুষের অংশগ্রহণে এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকারের সকল সংস্থা সজাগ রয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সবার চেষ্টায় জেলার ৬৮টি ইউনিয়ন পরিষদ এলাকা হতে মাদক প্রতিরোধ করা সম্ভব হলে খুলনা জেলা মাদক মুক্ত হবে। ডিম পাড়ার মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের বিশেষ পদক্ষেপের ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এসময় সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরা ও চিংড়িতে অপদ্রব্য পুশকরার মতো অনৈতিক কর্মকান্ড বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, খুলনা জেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরীর কাজ চলমান রয়েছে। তালিকা থেকে যোগ্য কোন ব্যক্তি যেন বাদ না পড়ে ও অযোগ্য কেউ যেন অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে নজর রাখতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত আগস্ট মাসে ১৮৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত জুলাই মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার সমান। খুলনা মহানগরী অধিক্ষেত্রে আগস্ট মাসে ১৩৪টি মামলা দায়ের হয়েছে যা বিগত জুলাই মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৩টি বেশি। সভায় জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

বিসিএস কর্মকর্তাদের পেশা নির্বাচনে আর্থসামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর যৌথ উদ্যোগে ‘বিসিএস কর্মকর্তাদের পেশা নির্বাচনে আর্থসামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ’ বিষয়ক আলোচনা সভা রবিবার সকালে খুলনা সার্কিট হাউজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন , সরকারি চাকুরীতে সেবাই হলো প্রধান ধর্ম। আমরা যে যেখানে দায়িত্ব পালন করি না কেন, প্রত্যেকেই রাষ্ট্রের পক্ষে কাজ করি। তাই এটাকে পবিত্র দায়িত্ব মনে করে জনস্বার্থে-আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, যারা যেই দায়িত্বে নিয়োজিত হবেন সেই কাজে পেশাদারিত্ব অর্জন করতে হবে। তাহলে মানুষ সত্যিকার সেবা পাবে।

অনুষ্ঠানে জানানো হয়, চাকুরীর সুযোগ সুবিধা ও আর্থসামাজিক কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে সাম্প্রতিক সময়ে যোগদানকৃত কর্মকর্তারা প্রাধিকারপ্রাপ্ত ক্যাডারে যোগদান করেছেন তা বিশ্লেষণে জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিপিএটিসি’র উদ্যোগে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবিষয়ে ৬৪টি জেলায় জরিপ করা হয়।

খুলনাতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভাগীয় পর্যায়ের ১০টি ক্যাডারের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিশেষায়িত শিক্ষায় অর্জিত জ্ঞান সিভিল সার্ভিসের জেনারেল ক্যাডারে প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা কতটুকু এবং প্রাধিকারপ্রাপ্ত ক্যাডারে যোগদানের ক্ষেত্রে আর্থসামাজিক প্রেক্ষাপট কতটা ভূমিকা রেখেছে এবিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন। এছাড়া আন্তক্যাডার সুযোগ সুবিধা মূল্যায়ন এবং সেবা প্রদানে এটির ভূমিকা নিয়েও সভায় আলোচনা করা হয়।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রশিদ, বিপিএটিসি’র এমডিএস ও যুগ্ন সচিব ড. মোঃ মহসীন আলী, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়াসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মোংলায় চতুর্থ চালানে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল মালামাল বন্দরে এসেছে ‘ইসানিয়া’
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবার রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান নানা ধরণের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি ইসানিয়া। রাশিয়ার নবরাশিশ বন্দর থেকে এ পণ্য নিয়ে ছেড়ে আসা জাহাজটি রবিবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট’র কনভেয়ার লজিস্টিক লিঃ এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মোঃ শিবলী জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ১৭ আগস্ট রাশিয়ার থেকে ছেড়ে আসে এ জাহাজটি। এরপর ২৪ দিনের মাথায় জাহাজটি রবিবার সকালে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে ২৭৪ প্যাকেজের ৯৮৭ মেট্টিক টন ওজনের ইলেকট্রিক্যাল মালামাল রয়েছে। জাহাজ থেকে এ পণ্য বিকেল ৪টা থেকে খালাসের কাজ শুরু করা হবে। খালাসের সাথে সাথেই এ পণ্য সড়ক পথে রুপপুর নেয়া হবে। ইসানিয়া জাহাজটির শিপিং এজেন্ট হলো কনভেয়ার শিপিং লাইন, আর পণ্য খালাস করে তা রুপপুর পৌঁছে দেয়ার কাজে রয়েছেন কনভেয়ার শিপিং লাইন’র অপর প্রতিষ্ঠান কনভেয়ার লজিস্টিক লিঃ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মাঝখানে সাময়িক রুপপুরের মালামাল আসা বন্ধ ছিল। কিন্তু এ যুদ্ধর শুরু থেকে আবারো রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল আসতে শুরু করেছে মোংলা বন্দরে। তারই ধারাবাহিকতায় রাশিয়া থেকে রুপপুরের চতুর্থ চালানের মালামাল নিয়ে এম,ভি ইসানিয়া রবিবার সকালে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আগে গত ১লা আগস্ট এম,ভি কামিল্লা, ৫ আগস্ট এম,ভি ড্রাগনবল ও ৬ সেপ্টেম্বর এম,ভি ইউনিউইসডম রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে। তিনি আরো বলেন, মুলত আউটারবা ড্রেজিংয়ের কারণে সরাসরি বড় জাহাজগুলো দেশের বিভিন্ন মেগা প্রকল্পের আমদানীকৃত মালামাল নিয়ে মোংলা বন্দর জেটিতে আসতে পারছেন। আর চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে এরচেয়েও বড় বড় এবং অধিক গভীরতা সম্পন্ন জাহাজ আসতে পারবে এ বন্দরে। এতে এ বন্দর ব্যবহারে আমদানী-রফতানীকারকদের কাছে আরো বেশি গুরুত্ব বেড়ে যাবে। সুতরাং বন্দর ব্যবহারকারীদের স্বার্থে আমরা বন্দর চ্যানেলের ড্রেজিং, প্রয়োজনীয় যন্ত্রপাতির সমৃদ্ধির সাথে সাথে আধুনিককায়নসহ সর্বোচ্চ সেবা প্রদাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

কোটচাঁদপুর সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
কোটচাঁদপুর প্রতিনিধি
দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে ছাত্র লীগের উদ্দগে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। ২১ আগস্টের হামলার মূল হোতা তারেক জিয়া বিদেশে বসে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। খুনি তারেক জিয়ার দোসররা দেশে বসে ক্ষমতার সপ্ন দেখছে।

তারা আরো বলেন, দেশের উন্নয়নে দিশেহারা হয়ে জামায়াত-বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে যা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ কঠোর হাতে তা দমন করবে। স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা আরিয়ান মানিক, নয়ন আলী, মেহেদি হাসান, হাসিব, নুর সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

রূপসায় মসজিদ ও মাদ্রাসা রক্ষার্থে মানববন্ধন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার পূর্ব রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন সিএন্ডবি জামে মসজিদ ও মারকাযুল হুদা মাদ্রাসা সড়ক ও জনপথ অধিফতর (সওজ) কর্তৃক উচ্ছেদ অভিযান থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে শত শত মুসল্লী ও এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজান শেখ এর সভাপতিত্বে ও মসজিদের খতিব মাওলানা আরাফাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগমারা আল আকসা মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মোঃ মিজানুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আবু হাসান হামিদী, সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল করিম, মারকাযুল হুদা মাদরাসার মুহাতামিম মুফতি আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শেখ, রূপসা উপজেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, দক্ষিণ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, বাগমারা আব্বাসিয়া জামে মসজিদের ইমাম মোঃ শাহ মোয়াজ্জেম, হাফেজ আবু মুসা, ব্যবসায়ী আবু হুরাইরা, মোঃ ইজাজ শেখ, খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মোঃ হায়দার আলী, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ মিজান ও মোঃ বাবু প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।
প্রসঙ্গত, আগামী ১৪ সেপ্টেম্বর খুলনা-মোংলা মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সড়ক ও জনপথ অধিফতর (সওজ) উচ্ছেদের ঘোষণা দেয়। ওই ঘোষণায় সিএন্ডবি জামে মসজিদ ও মারকাযুল হুদা মাদ্রাসা উচ্ছেদের আওতাভুক্ত করা হয়। মানববন্ধনে বক্তারা মুসলমানদের ইবাদতের পবিত্র স্থান মসজিদটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
ফকিরহাটের মূলঘর ইউনিয়নে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ৩নং ওয়াড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেল ৫টায় সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর। এতে বিশেষ অতিথি ছিলেণ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ আ. রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, সদস্য শেখ ছরোয়ার হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং আওয়ামী লীগের আহবায়ক কাজী কওসার আলী। সদস্য সচিব রবীন সাহার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বেল্লাল সাঈদ প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি পদে কাজী জাহাঙ্গির হোসেন ও সাধারন সম্পাদক পদে শেখ কামরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। এসময় আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

ফকিরহাটের আমির হামজা মাদ্রাসায় দুধর্ষ চুরি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া গ্রামে অবস্থিত আমির হামজা দাখিল মাদ্রাসায় নৈশ্য প্রহরীকে আটকে রেখে চুরি ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মাদ্রাসার সুপার মো. মোজাফফর হোসাইন জানান, শনিবার দিবাগত গভীর রাতে মাদ্রাসার নৈশ্য প্রহরীকে দুর্বৃত্তরা একটি কক্ষে আটকে রেখে মাদ্রাসার লাইব্রেরীর তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তিনটি আলমারি ভাঙচুর করে। এসময় নগদ টাকা চুরি করা সহ মূল্যবান কাগজপত্র এলোমেলো করে রেখে যায। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। #

খুলনা বিআরটিএ থেকে ২৫ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা
স্টাফ রিপোর্টার
খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করেছে র্যাব। পরে এর মধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদন্ড এবং ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।

অভিযান শেষে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়।

এসব অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনা বিআরটিএতে অভিযান চালিয়ে মোট ৩০ জন দালালকে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

খুলনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক জাকির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, ১২ সেপ্টেম্বর সোমবার। ২০১৯ সালের আজকের দিনে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন তিনি।
মরহুমের স্ত্রী মামুনারা জাকির খুকুমনি জানিয়েছেন, করোনাকালীন পরিস্থিতির কারণে কোন আনুষ্ঠনিকতা নয়; পারিবারিকভাবে নগরীর শেখপাড়া এতিমখানা ও লিলাহ্ বোডিংয়ে কোরআন খতম ও মরহুমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হবে। সকলের কাছে মরহুম জাকির হোসেনের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তিনি।

ঝিনাইদহ পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নির্বাচিত
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৯ ভোট। জেলা নির্বাচন অফিসার আঃ ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ ১১ বছর পর সীমানা সংক্রান্ত মামলার জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন রবিবার সকাল থেকেই দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৭ ভোট কেন্দ্রের ২৬৫ টি কক্ষে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোটগ্রহণ চলে। এখানে ৪৭টি ভোটকেন্দ্রে ৪৭ জন নির্বাচন অফিসার দায়িত্ব পালন করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ ও ৪২৩ জন আনসার, ৯টি মোবাইল টিমসহ র্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন ছিল। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানিং অফিসার ভোটের মাঠে সার্বক্ষনিক তদারকি করেন।

তিন থানায় ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্দোগে আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা কর্মী তারবিয়াত বাস্তবায়নের লক্ষে বিভিন্ন থানায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল৪টা বটিয়াঘাটা উপজেলার অস্থায়ী কার্যালয়ে পশ্চিম শাখা (বটিয়াঘাটা) সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাইল হোসেন এর পরিচালনায় জেলা কর্মী তারবিয়াত বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
পাইকগাছা উপজেলাঃ আলহাজ্ব কারী আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মঈন উদ্দিনের পরিচালনায় পাইকগাছা অস্থায়ী কার্যলয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।কয়রা উপজেলাঃ সভাপতি মাওলানা মোঃ আশারাফ আলীর সভাপতিত্বে ও উপজেলা জয়েন্ট সেক্রেটারি মুফতী শাহীনুর রহমানের পরিচালনা উপজেলা অস্থায়ী কার্যলয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।পৃথক পৃথক অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, আরো উপস্থিত ছিলেন ক্বারী শামছুর রহমান, হাফেজ আবুল হাসান, হাফেজ কারীমুল ইসলাম,পাইকগাছা পৌর শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান তুহিন,মোঃ ফারুক খলীফা, মুফতি আহম্মদ আলী, মোঃ আহমদ আলী, মোঃ মকবুল মোঃ আসাফুর, যুব নেতা ফারুক সিকারী,মাওলানা আশরাফুল আলম, মোঃ শফিকুল ইসলাম মোড়ল, মাওলানা রবিউল ইসলাম, উসমান সানা, সাব্বির হুসাইন, মকুব হুসাইন, ক্বারী মোঃ হেলাল উদ্দিন মেম্বর,মাওলানা কাবির হুসাইন, অলিউর রহমান, আনারুল, কামরুজ্জামান বাবলু, কারী রফিকুল ইসলাম, প্রমূখ নেতৃবৃন্দ।

কালীগঞ্জের বেলাট দৌলতপুর মাদ্রাসার ২ শিক্ষকের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারের বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসায় ২ প্রভাষকের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় মাদ্রাসার সভাকক্ষে অধ্যক্ষ অলিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবার রহমান রঞ্জু, মাদ্রাসার বিদায়ী প্রভাষক আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, হাফিজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন, রেজাউল ইসলাম, হাসানুজ্জামান ঝন্টু,শিক্ষার্থী সাদিয়া খাতুন, সাজিদ হাসান প্রমূখ।

বক্তারা বলেন, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক ও এবতেদায়ী প্রধান হাফিজ উদ্দিন দুজনেই ছিলেন গুণী শিক্ষক। তাদের অবসর জনিত কারনে শুন্যতা পূরন হওয়া কঠিন। কেননা তারা ছিলেন কঠোর পরিশ্রমী,সৎ ও নিষ্ঠাবান। শেষে সম্প্রতি মৃত্যুবরণকারী মাদ্রাসার সহকারী শিক্ষক মরহুম আসির উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, এলাকার সামাজিক রাজনৈতিক দলের নেতা এবং সুধিজনেরা উপস্থিত ছিলেন।
৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হতে যাচ্ছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনসহ ব্যবস্থাপনা কমিটির অপর নেতৃবৃন্দসহ সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোংলা প্রেস ক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবাল।
সভায় হাসপাতাল ভবন পুনঃনির্মাণ ও ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও হাসপাতালের আবাসন সংকট নিরসন, পানির সমস্যা সমাধান ও অপারেশন থিয়েটার চালুর ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

নগরীর লিটন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা আজ
খবর বিজ্ঞপ্তি
নগরীর রায়পাড়া রোডস্থ লিটন স্মৃতি সংসদ (সাবেক কস্মস্ একাদশ) এর উদ্যোগে এলাকার অসহায় দরিদ্র চক্ষু রোগে আক্রান্তদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ক্লাব প্রাঙ্গণে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা দেয়া হবে।
রেজিস্ট্রেশন ফি ৩০ টাকা, কম্পিউটারে চক্ষু পরীক্ষা ৫০ টাকা, চশমা ১৫০ টাকা ও ছানি অপারেশন ৫ হাজার টাকা। ফ্রি চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহীদের ক্লাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন (০১৬৭০-৬৮৩৬৪৩) এবং মুকুল দাস ( ০১৭১১-৪৪৮৯৯২) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বিস্তারিত তথ্য জানার জন্য কমিউনিটি হেলথ কো-অডিনেটর নান্টু গোপাল দে ( ০১৯৩৩-৯৬৮৪৫৬) যোগাযোগ করতে হবে।
টাউন ক্লাবের আহবায়ক কমিটিকে নতুন সাত সদস্য যোগ হওয়ায় শেখ সোহেলকে শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
নগরীর ঐতিহ্যবাহি টাউন ক্লাবের আহবায়ক কমিটিতে যুক্ত হয়েছেন আরো সাত সদস্য। তারা হলেন যথাক্রমে নগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও আক্তার উদ্দিন পান্নু।
গত শনিবার ঐতিহ্যবাহি টাউন ক্লাবের আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল নগর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেলকে আহবায়ক ও নগর আওয়ামী লীগ নেতা, প্যানেল মেয়র আলী আকবর টিপুকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এদিকে টাউন ক্লাবের আহবায়ক কমিটিতে নব নিযুক্ত সাত সদস্যের মধ্যে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও সদস্য কাজী কামালকে স্থান দেওয়ায় টাউন ক্লাবের আহবায়ক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও বিসিবি পরিচালক শেখ সোহেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নগর যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।

সারের বস্তায় ওজনে কম দেয়ার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর
যশোরের নওয়াপাড়া বাজারে ব্যবসায়ী মেসার্স মোশারফ এন্ড ব্রাদার্সকে এমওপি (মিউরেট অব পটাশ) সারের বস্তায় ওজনে কম দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুরে নওয়াপাড়ায় নিজস্ব ঘাটে এমওপি সার বস্তায় ভরার সময় ওজন কমদিয়ে বস্তা ভর্তি করা হচ্ছিল। এসময় অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ৫০ কেজির এমওপি সারের বস্তায় ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম সার কম দিয়ে বস্তায় ভর্তি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুর দুইটার দিকে মেসার্স মোশারফ এন্ড ব্রাদার্সের ঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৫০ কেজির এমওপি সারের বস্তায় ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম সার কম পাওয়া যায়। এসময় ঐ প্রতিষ্ঠানের ম্যানেজার মো: মনিরুজ্জামান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান বলেন, ৫০ কেজির এমওপি সারের বস্তায় ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম কম দিয়ে বস্তা ভর্তি করায় ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় মেসার্স মোশারফ এন্ড ব্রাদার্সের ম্যানেজার মো. মনিরুজ্জামান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী, অভয়নগর থানা পুলিশের একটি টিম সহ সংশিষ্ট দপ্তরের কর্মচারী বৃন্দ ।
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় মহিলা দলের বৃক্ষরোপন কর্মসুচি পালন
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে নগরীর নিরালা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. শফিকুল আলম মনা। বৃক্ষরোপন কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম খান নান্নু, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ সাদী, আব্দুর রাজ্জাক, কে এম হুমায়ূন কবীর, মুর্শিদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. কানিজ ফাতেমা আমিন, শাহনাজ ইসলাম, নিঘাত সীমা, কানিজ ফাতেমা নুপুর, মনিরুজ্জামান মনির, জিএম মঈন উদ্দিন, আসাদুজ্জামান লিটন, নাসির উদ্দিন নাসির, হেলাল ফরাজী, রেজাউল আমিন সাবু, বায়েজিদ হোসেন, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, মোঃ আকিব হাসান, মোঃ হিরু, রফিকুল ইসলাম, মোঃ দুলাল হাওলাদার, বিশ্বজিৎ বিশ্বাস, মোঃ মাছুম শেখ, মাছুম বিল্লাহ, বাবুল গাজী, সহিদুল ইসলাম বাদল, তৈয়েবুর রহমান তপু প্রমুখ।

সাবেক কাউন্সিলর হাসিনা আকরামের স্বামীর ইন্তেকালে বিএনপির শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
মহানগর মহিলা দলের সদস্য ও সাবেক কাউন্সিলর হাসিনা আকরামের স্বামী আকরাম হোসেন (৬২) রবিবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুল, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহীর, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা, সাধারন সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন। এদিকে মৃত্যুর খবর পেয়ে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ নেতৃবৃন্দ মরহুমের বাসভবনে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং মরহুমের জানাজায় অংশগ্রহন করেন। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে রুপসা উপজেলার এলাইপুর যুবদল নেতা রফিকুল ইসলামের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

বাগেরহাটে থেকে পেশাদার প্রতারক আটক, স্বর্ণালংকার উদ্ধার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকা থেকে পেশাদার প্রতারক ও ভন্ড কবিরাজ ফারুক হাওলাদারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। একজন মুমূর্ষু ক্যান্সার রোগীর সাথে প্রতারণা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফারুক হাওলাদার গ্রেফতার হয়। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি প্রতারণা মামলা দায়ের হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার শিয়ালীকান্দা গ্রামের সমর পাত্রের ছেলে প্রনয় পাত্র একজন ক্যান্সারে আক্রান্ত রোগী। দেশে-বিদেশে চিকিৎসা করালেও ভাল না হওয়ার বর্তমানে বাড়িতে ঔষধের পাশাপাশি বিভিন্ন কবিরাজী চিকিৎসা চলছে। এ মতাবস্থায় শুক্রবার সকালে অচেনা এক কবিরাজ মোবাইল ফোন করে অসুস্থ প্রনয় পাত্রের পরিবারকে বলেন, আমি যা করতে বলি তাই যদি করা হয় তাহলে প্রনয় পাত্র সুস্থ হয়ে যাবে। সহজ সরল অসহায় পরিবারটি ওই ভন্ড কবিরাজের কথামত এদিন বাড়িতে পূজা করেন। এরপর ব্যাগের ভেতর ঘরের সব স্বর্ণালংকার রেখে মন্ত্র জব করতে বলেন। পরবর্তীতে স্বর্ণ রাখা ব্যাগটি নিয়ে একটি ব্রীজের নিচে থেকে জল নিয়ে আসতে বলেন। এরপর মোবাইল ফোন করে জানানো হয় ওই স্বর্ণের ব্যাগটি একটি মাছের ঘেরের পাড়ে রেখে যেতে। ভন্ড কবিরাজের কথামত স্বর্ণের ব্যাগ রেখে দূরে দাড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে পরিবারের লোকজন। এরপর ঘেরের পাড়ে রাখা স্বর্ণালংকারের ব্যাগটি চুরি করে পালানোর সময় স্থানীয়রা ফারুক হাওলাদারকে আটক করে। এ খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভন্ড কবিরাজ ফারুক হাওলাদারের কাছ থেকে তিনটি স্বর্ণের চেন, দুইটি স্বর্ণে আংটি উদ্ধার করে। যার বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ সময় আটককৃত আসামির ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন পুলিশ। আটককৃত ভন্ড কবিরাজ ও প্রতারক বরিশালের দক্ষিণ ধামুড়া গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। এ ব্যাপারে অসুস্থ প্রনয় পাত্রের কাকা অমিও পাত্র বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি প্রতারণা মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আলীমুজ্জামান রবিবার সকালে জানান, প্রতরণা করে পালিয়ে যাওয়ার সময় ফারুক হাওলাদার নামের একজন ভন্ড কবিরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বাগেরহাটে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ ঝর্ণা বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে বরিশাল গামী অনিক ক্লাসিক নামের ধাঁনসিড়ি পরিবহনের একটি বাস থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার শরীর ও পায়ে বিশেষ কৌশলে রাখা ৪৫ পিস ফেনসিডিল জব্দ করা হয়।
আটক ঝর্ণা বেগম যশোর জেলার বেনাপোল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেবের মেয়ে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এসএম আশরাফুল বলেন, যাত্রীবাহী বাস থেকে ৪৫ পিস ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‘২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়তে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কাজ করছে’
খবর বিজ্ঞপ্তি
স্থানীয় সরকারের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নের মাধ্যমে ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়তে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কাজ করছে। খুলনার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লাইসেন্সিং, তামাক বিরোধী সচেতনতা, আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, বিজ্ঞাপন অপসারণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণে কাজ করছে।
রবিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’’ বিষয়ক বিভাগীয় কর্মশালায় এ তথ্যগুলো তুলে ধরা হয়। দি ইউনিয়ন-এর আর্থিক সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন, এইড ফাউন্ডেশন, সিয়াম ও বাংলাদেশ তামাক বিরোধী জোট যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। খুলনা বিভাগের সকল জেলা সদর থেকে আগত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের সক্রিয় সংগঠনের সদস্যগণের উপস্থিতিতে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থেকে এদেশের জনগণকে রক্ষার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগসহ সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ, বেসরকারি সংস্থা, মিডিয়া, সুশীল সমাজের প্রতিনিধি’র সমন্বিত কার্যকর অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনের বিধানসমূহ বাস্তবায়ন করা সম্ভব। সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করার স্বার্থে স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা বা নির্দেশিকা থাকা আবশ্যক। এ লক্ষ্যেই স্থানীয় সরকার বিভাগ তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করেছে এবং এর আলোকে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিজ নিজ নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের নাগরিকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধূমপানের ক্ষতি হতে রক্ষা করবে। এই নির্দেশিকাটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাভুক্ত সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাকজাত দ্রব্যের বিক্রয় ও ব্যবহারের মাত্রা হ্রাস করবে। সিটি মেয়র খুলনা বিভাগে এ নির্দেশিকার সফল বাস্তবায়নে কর্মশালায় আগত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

কর্মশালায় বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন। প্রবন্ধে বলা হয়, তামাকজনিত রোগের চিকিৎসায় দেশে ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয় এবং ১ লক্ষ ৬১ হাজার মানুষ মারা যায়। তামাক বিক্রেতাদের তামাক বিক্রয় বাড়ানোর জন্য প্রচার ও বিজ্ঞাপনে আইন লঙ্ঘন করার জন্য প্রতিনিয়ত প্রতারণার আশ্রয় গ্রহণ করে। বিক্রেতারা শিশুদের কাছে তামাকজাত দ্রব্যও বিক্রি করে যা আমাদের তামাক নিয়ন্ত্রণ আইনের পরিপন্থী। সম্প্রতি বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য একটি তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করেছে এবং প্র্জ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন এ নির্দেশিকার মূল লক্ষ্য। তামাকজাত দ্রব্য উৎপাদনকারী/কোম্পানি ও বিক্রেতাকে লাইসেন্সের আওতায় এনে তামাকজাত দ্রব্য বিক্রয় নিয়ন্ত্রণে আনা এবং তামাক নিয়ন্ত্রণ আইন পালনে তামাক কোম্পানী ও বিক্রেতাদের দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স¦াস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্ময়কারী হোসেন আলী খন্দকার। কর্মশালা সঞ্চালনা করেন সিয়াম-খুলনার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং শুভেচ্ছা বক্তৃতা এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুপ্তা সুলতানা।

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে আশরাফ সভাপতি জয়দেব সম্পাদক
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী নির্বাচিত হয়েছেন। রবিবার প্রেসক্লাবে দ্বি-বার্ষিক এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাবের ৫৮ জন ভোটারের ভেতর ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ সভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, যুগ্ম সম্পাদক পদে উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম ও গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান জয়লাভ করেছেন। নির্বাহী কমিটির ৫টি সদস্য পদে মেহেদী হাসান জাহিদ, শাহিনুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম। এছাড়া কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও রুহুল আমীন খান। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির মাসিক সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির এক মাসিক সভা গত শনিবার সকাল ১০ টায় সুন্দরবন খুলনা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সভাপতিত্বে ও রেঞ্জ সহযোগী সৈয়দ আশিক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী, বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তানজিলুর রহমান, দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি অসিত মন্ডল, ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক আলী, হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার রাজিব, শরবতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিএমসির সদস্য সাইফুল ইসলাম, মনিরুজ্জামান মোল্যা, খগেন্দ্রনাথ মন্ডল, রুদ্রা বিশ্বাস, আসমা আক্তার প্রমুখ। সভায় ভিসিএফ,পিএফ ও এনএস কমিটি গঠন সহ সংগঠনের নানা বিষয়ের উপর আলোচনার পাশপাশি সুন্দরবনের সম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রইচ উদ্দিন রনক (১৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর উপজেলার মশান বাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হন।

নিহত রইচ উদ্দিন রনক মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। সে মশান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বাড়ী থেকে মোটরসাইকেলে মিরপুরের দিকে যাচ্ছিলেন রইচ উদ্দিন রনক। এসময় একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করছি: ইসি রাশেদা
স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম দিয়ে ভোট করবে। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। সাধারণ জনগণের মধ্যে ইভিএম নিয়ে বিভ্রান্তি দূর করতে চেষ্টা করছি। এজন্য যা যা পদক্ষেপ নিতে হয়, আমরা পর্যায়ক্রমে নেব। ইভিএমে ফলাফল পাল্টে দেওয়ার কোনো সুযোগ নেই।

রোববার সকালে খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা আরও বলেন, আমরা সব দলকে নির্বাচনে আসার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। এটা জানাতেই থাকব। আমরা ইতোমধ্যে সংলাপ করেছি। যারা এসেছে তাদের সঙ্গে কথা বলেছি। যারা আসেনি আমরা নিশ্চিত, তারা আসবে। সংলাপের এখনও সময় আছে। আমরা আশাবাদী। আমরা সব সময়ই চাই সবাইকে নিয়ে প্রতিনিধিত্বমূলক সুন্দর একটা নির্বাচন হোক।

এ সময় খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

মেহেরপুরে ঋণ দেওয়ার কথা বলে জামানত নিয়ে উধাও
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ঋণ দেওয়ার কথা বলে জামানতের কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও একটি প্রতারক চক্র। পল্লী উন্নয়ন সমিতির ব্যানারে গাংনীর ছাতিয়ান গ্রামে অফিস খুলে বসে চক্রটি। মাত্র কয়েকদিনের ব্যবধানে জামানতের টাকা নিয়ে রাতারাতি আত্মগোপন করেন চক্রের সদস্যরা।

সমিতির ব্যবস্থাপক ও সদস্যদের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর দিয়ে গাংনী থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

গাংনীর আকুবপুর গ্রামের পপি খাতুন জানান, উপজেলার ছাতিয়ান গ্রামের বজলুর রহমানের বাড়িভাড়া নিয়ে অফিস খুলে বসেন আশিক নামে এক যুবক। নিজেকে পল্লী উন্নয়ন সমিতির শাখা ব্যবস্থাপক পরিচয় দিয়ে একটি সাইনবোর্ডসর্বস্ব অফিস খুলে বিভিন্ন গ্রামে সমিতির সদস্য সংগ্রহ শুরু করেন। এর মধ্যে এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে জামানত হিসেবে নেওয়া হয় ১০ হাজার ৫০০ টাকা। একই হারে দিপুর স্ত্রী মাবিয়া খাতুন, সজিবের স্ত্রী সজনি খাতুন, কুরবান আলীর স্ত্রী স্বপ্না, লাল্টুর স্ত্রী পাপিয়া খাতুনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার কথা বলে পাঁচ হাজার ৫০০ টাকা, রাশিদুলের স্ত্রী রেবেকা খাতুনের কাছ থেকে দেড় হাজার টাকাসহ বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

এক সপ্তাহ পর ঋণ দেওয়ার কথা থাকলেও পরে অফিসে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন আশিক ও তার সহকর্মীরা। পরে ভুক্তভোগীরা সমিতির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ছাতিয়ান গ্রামে গিয়ে দেখেন অফিস তালাবদ্ধ এবং আশিকের মোবাইল ফোনটিও বন্ধ। শুধু আকুবপুর গ্রামেই নয় উপজেলার মটমুড়া, বাওট, মহম্মদপুর গ্রামের দেড় শতাধিক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

ভুক্তভোগী মাবিয়া খাতুন বলেন, সাপ্তাহিক দেড় হাজার টাকা সুদের ওপর সাড়ে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয় আশিকের হাতে। এখন অফিস ও মোবাইল দুটোই বন্ধ। আমি এখন কী করে ধারের টাকা পরিশোধ করবো তা ভেবে দিশেহারা হয়ে পড়েছি।

এ বিষয়ে কথিত শাখা ব্যবস্থাপক আশিকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে। সমিতির কার্যালয় গুটিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন প্রতারণার শিকার গ্রাহকরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। আত্মগোপনে থাকা সমিতির শাখা ব্যবস্থাপক শাহিনকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

চেক জালিয়াতি মামলায় প্রধান শিক্ষক বরখাস্ত
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে আট লাখ টাকার চেক জালিয়াতি মামলায় চাঁদপুর-মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে এক বছরের সাজা দেওয়ার পর অবশেষে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি মামুনুর রশিদ জুয়েল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষক শংকর রায়কে। জামাল উদ্দিন খেদাপাড়া ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের বাসিন্দা।

মামলা থেকে জানা গেছে, কয়েক বছর আগে মনিরামপুরের রোহিতা ইউনিয়নে গাঙ্গুলিয়া প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন চাঁদপুর-মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন মুন্না। মাতৃভাষা কলেজের অধ্যক্ষ হাসানুল কবিরের স্ত্রীকে ওই স্কুলে চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ টাকা নেন। কিন্তু চাকরি দিতে ব্যর্থ হন। টাকা ফেরত চাইলে জামাল উদ্দিন গত বছরের ১ ও ২৫ জুন আল আরাফাহ ব্যাংকের মনিরামপুর শাখায় তাঁর নিজের অ্যাকাউন্ট নম্বরের বিপরীতে অধ্যক্ষ হাসানুল কবিরকে দুটি চেক দেন। অ্যাকাউন্টে কোনো টাকা জমা না থাকায় ওই চেক দুটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার করে। ফলে গত বছরের ৪ অক্টোবর অধ্যক্ষ হাসানুল কবির বাদী হয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে যশোর দায়রা জজ আদালতে মামলা করেন। পরে আদালত থেকে জামিন নেন জামাল উদ্দিন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হলেও আদালতে হাজির হননি। ফলে আদালত তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন করে সাক্ষ্য-প্রমাণ শেষে জামাল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নয়, সুসম্পর্কের কারণে অধ্যক্ষ হাসানুল কবিরের কাছ থেকে তিনি লাভের (সুদ) বিনিময়ে এক লাখ ২০ হাজার টাকা নেন। এ সময় অধ্যক্ষকে তিনি দুটি ব্ল্যাঙ্ক (খালি) চেক দেন। ওই চেকে হাসানুল কবির টাকার অঙ্ক ৮ লাখ বসিয়ে নিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ হাসানুল কবির। বরখাস্তের বিষয়ে তিনি বলেন, এখনও বরখাস্তের কপি পাননি।

চাঁদপুর-মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশীদ জুয়েল জানান, আদালত থেকে সাজাপ্রাপ্ত হওয়ায় রোববার ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।