স্পোর্টস ডেস্ক।।
নাসিম শাহকে নিয়ে ভিডিও বানিয়ে ট্রোলের শিকার হয়েছেন ঊর্বশী রাউতেলা। অথচ পাকিস্তানি পেসার নাকি বলিউড অভিনেত্রীকে চেনেনই না।
সুপার ফোরে ভারতকে ৫ উইকেটে হারায় পাকিস্তান। স্টেডিয়ামে বসে দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলা উপভোগ করেন বলিউড হিরোইন ঊর্বশী। সে ম্যাচের পর পাকিস্তানি পেসার নাসিম শাহকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত এবং পাকিস্তানের সমর্থকরা ঊর্বশীর কড়া সমালোচনা করেছেন।
নাসিমকে নিয়ে ভিডিও বানানোর কারণ কী? তবে কি ঊর্বশীর সঙ্গে মন দেয়া নেয়া চলছে তার? সাংবাদিককে পাকিস্তান পেসার বলেন, ‘আপনার প্রশ্ন শুনেই আমার হাসি পাচ্ছে। আমি তো জানিই না যে ঊর্বশী কে।’
নাসিম জানিয়েছেন শুধু ক্রিকেটেই মনোযোগ তার, ‘আমি শুধু আমার ম্যাচগুলোতে মনোযোগ দিচ্ছি। মানুষ আমাকে (ঊর্বশীর পোস্টকৃত) ভিডিও পাঠায়। কিন্তু এ নিয়ে আমার কোনো ধারণা নেই। এটা আমার কাছে বিশেষ কিছুও নয়। যারা ক্রিকেট দেখতে আসে এবং আমাদের সম্মান দেখায়, তাদের ধন্যবাদ জানাই।’
ইনস্টগ্রাম স্টোরিতে প্রকাশিত ঊর্বশীর এডিট করা ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন অভিনেত্রী।
অপরদিকে মাঠে খেলছেন নাসিম। দু’জনের হাসিমুখের কিছু ঝলক নিয়েই বানানো হয়েছে ভিডিওটি। কয়েক সেকেন্ডের সেই ভিডিও’র ভাব এমন যে, প্রেমিকা ঊর্বশীকে গ্যালারিতে দেখে মুচকি হাসছেন নাসিম শাহ। এমনকি ভিডিও’র ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের মুসাফির সংয়ের লিরিক ‘কোই তুঝকো না মুঝসে চুরা লে’ ব্যবহার করেছেন ঊর্বশী। হিন্দি লিরিকটির অর্থ হলো, কেউ আমার কাছ থেকে তোমাকে যেন চুরি করে নিয়ে না যায়।











































