শহিদুল ইসলাম দইচ যশোর।।
শনিবার বিকেলে যশোরের পল্লীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো প্রবীণ ও শিশুদের জন্যে নিবাস ‘আমাদের বাড়ী’। প্রধানঅতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি আনুষ্ঠানিকভাবে এই সমন্বিত প্রবীণ ও শিশু নিবাসের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি ও যশোর -৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানঅতিথি নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, এক সময়ের অচেনা বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা সারাবিশ্বের কাছে নিজেদের উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি সারাবিশ্বকে চমকে দিয়েছেন। সারাবিশ্বে মাথা উঁচু করে থাকা একজন নেত্রীর নাম শেখ হাসিনা।
যশোরের নিভৃত পল্লীতে প্রবীণ ও শিশুদের জন্যে নির্মিত এই নিবাসের ভূয়সী প্রশংসা করে তিনি স্থানীয় দুই জন এমপি ও স্থানীয় প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা চেষ্টা করেন, যাতে এই রকম নিবাস আরও করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, অত্যন্ত সজ্জন মানুষ প্রফেসর ডা. এম এ রশীদ। তিনি বয়স্ক ও শিশুদের প্রতি সম্মান রেখেই তার নিবাসের নাম রেখেছেন, তাদের কল্যাণে তৈরি করেছেন ‘আমাদের বাড়ী’।
এতো বড় একটি কর্মযজ্ঞে উপস্থিত থাকতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই নিবাসে দরিদ্র মানুষ থাকা, খাওয়া, চিকিৎসাসহ লেখাপড়া ও কর্মমুখি শিক্ষালাভ করতে পারবে। এটি আমাদের জন্যে অত্যন্ত গর্বের।
প্রতিমন্ত্রী এই নিবাসকে কেন্দ্র করে স্থানীয় সড়কে সোলারবাতি দিয়ে সড়কগুলো আলোকিত করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
বিশেষ অতিথির বক্তৃতায় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা অনুভব করেন। সেকারণে তিনি দেশে বিধবাভাতা, বয়স্কভাতা, ভিজিএফ কার্ডসহ সামাজিক নিরাপত্তা বেস্টনীর নানামুখি কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রান্তিক মানুষের জন্যে তিনি অক্লান্ত কাজ করে চলেছেন। তার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সামাজিক নানা সূচকে ভারত-পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে।
করোনা অতিমারীতে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, সারাবিশ্ব যখন প্যান্ডামিকে নাজেহাল, ঠিক সেইসময় জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কষ্ট লাঘবে ভিজিএফের মাধ্যমে খাদ্য বিতরণ ও মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন। দেশের জনসংখ্যার শতকরা ৭০ ভাগ (প্রাপ্তবয়স্ক) মানুষকে ভ্যাক্সিনেশনের আওতায় এনেছেন।
এমপি নাবিল রাশিয়া- ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্টের কথা উল্লেখ করে বলেন, জনবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে দেশব্যাপী খোলাবাজারে স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এই অবস্থা খুব শিগগির প্রশমিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, এই সরকার নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন এনেছেন। সেকারণে আমরা যে যে পেশায় থাকি না কেন, আমাদের দায়িত্ব হলো সেই উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই কাজের অংশ হিসেবে প্রফেসর ডা. এম এ রশীদ নাটুয়াপাড়ায় এই নিবাস গড়ে তুলেছেন।
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অসিম কুমার সাহা, প্রফেসর ডা. এমএ রশিদ প্রমুখ বক্তৃতা করেন।











































