Home আঞ্চলিক অবৈধ বালু উত্তোলন হুমকিতে চালনা পৌরসভা

অবৈধ বালু উত্তোলন হুমকিতে চালনা পৌরসভা

44

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দাকোপ সদর চালনায় চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয় কয়েক জন বালু ব্যাবসায়ী প্রশাসনের নাকের ডগায় সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ বালু ব্যবস্যা। এদিকে বালু ব্যাবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের নিরব ভূমিকা দেখে এলাকার সাধারন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অতি দ্রুত বালু উত্তোলন বন্ধের জন্য উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে চালনা পৌরসভার ৯নং ওয়ার্ড সংলগ্ন গোড়কাটি এলাকায় গিয়ে দেখা যায় সেখানে একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে জৈনক বালু ব্যাবসায়ী। সেখান থেকে ২০০ফুট দক্ষিনে গিয়ে দেখা যায় আরও একটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। তারা উভয়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা রাস্তার উপরে পাইপ লাগিয়ে ব্যরিকেড সৃষ্টি করে রেখেছে। ফলে চালনা থেকে পোদ্দরগজ্ঞ, দাকোপ সহ উপজেলার বিভিন্ন এলাকার যাত্রীদের রাস্তায় ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝে মধ্যে এ সকল ব্যারিকেডের জন্য ঘটছে সড়ক দুর্ঘটনা। এছাড়া অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের তীব্রতা বেড়ে গেছে। প্রতিনিয়ত ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলিন হচ্ছে নতুন নতুন এলাকা। পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির সম্মুখিন হয়ে পড়ছে । দ্রুত এসব বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় সরকারী ভাবে কোন বালু মহল নেই। কিন্তু স্থানীয় একটি চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নদ-নদী ও খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তলন করে বিক্রি করে চলেছে। তারা উপজেলার কাজীবাছা, পশুর, চুনকুড়ি, ঢাকী নদী এবং পাউবোর বেড়ী বাঁধের ভিতরে বিভিন্ন খাল থেকে অবৈধ ভাবে আত্মঘাতী স্যালো বা ড্রেজার মেশিন দিয়ে নিজেদের সুবিধামত মাটি ও বালু উত্তোলন করেছে। যেখানে ভূগর্ভস্থ্য বালু ও মাটি এভাবে উত্তোলন করা আইনত দন্ডনীয় অপরাধ। কিন্তু তারা ওই নিয়মনীতির তোয়াক্কা করছেনা। ক্ষমতাসীন দলের কথিত নেতাদের ছত্র-ছায়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছে ওই চক্র। ফলে নদী ভাঙ্গনের তীব্রতা বাড়ছে প্রতিনিয়ত। নদী ভাঙ্গনের কারনে গাছপালা, বসত বাড়ী, ও ফসলী জমিসহ পাউবোর বেড়ী বাঁধ নদী গর্ভে বিলিন হচ্ছে। পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির সম্মুখিন হয়ে পড়ছে। চক্রটি প্রতিদিন লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করছে। যা সড়ক, স্কুল-কলেজের মাঠ ভরাটসহ বিভিন্ন স্থাপনা নির্মান কাজে ব্যবহার হচ্ছে।

প্রতি ঘনফুট দুই থেকে আট টাকা দরে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এতে সরকারও মোটা অংকের টাকা রাজস্ব হারাচ্ছে। কোন কোন স্থানে আবার রাস্তার উপর ইট, বালু ও খোয়া দিয়ে পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্নসহ দূর্ঘটনাও ঘটছে। এভাবে বালু উত্তোলনের ফলে মাটির নিচেরস্তর ফাঁকা হয়ে যায়। যে কারনে ভূমিকম্পে এসব এলাকা ধবংস হয়ে যেতে পারে এমন আশংঙ্কাও করছে এলাকার সচেতন মহল। এদিকে কথিত ঠিকাদার বা ব্যবসায়ীরা ওই নিম্ন মানের বালু দিয়ে চালিয়ে যাচ্ছে সড়কসহ বিভিন্ন স্থাপনার কাজ। কথা হয় চালনা পৌর এলাকার সিহাব আহমেদ এর সাথে তিনি বলেন, দাকোপের বিভিন্ন স্থানে বালু ব্যাবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবত বালু উত্তলন করে আসছে। তাদের কে কেউ কিছু বলতে গেলে তারা বলে এটা আমার কাজ না এটা ক্ষমতাসীন দলের জনৈক নেতার কাজ, এটা উপজেলার জনৈক কর্মকর্তার কাজ। ফলে আমরা সাধারন মানুষ কিছু বলতে সাহস পাই না। চালনা সদরে এখন অন্তত ২টি জায়গায় বালু উত্তোলন চলছে। যার ফলে যানবাহন সহ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। তিনি দ্রুত এসব বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় ডিসি মহদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। চালনা বজারের ভ্যানচালক হাসেম শেখ বলেন, আমরা গরিব মানুষ। ভ্যান চালিয়ে খায়। চালনা থেকে পোদ্দারগজ্ঞ যাওয়ার পথে রাস্তাটি এমনিতেই নদীতে চলে গেছে। রাস্তার বেশির ভাগ স্থানে খানা খন্দে ভরা। তারপর আবার বালু তোলার জন্য কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে ব্যরিকেড। যার ফলে ভ্যান চালাতে অনেক অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা। কিছু বলতে গেলে তারা নানা রকম ভয়ভীতি দেখায়। তিনি দ্রুত এই সব ব্যরিকেড রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার জন্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস বলেন, আমার কাছে খবর আসলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু দিন আগে অভিযান পরিচালনা করে বেশ কয়েক জন বালু ব্যাবসায়ীকে জরিমানা করেছি। তিনি খুব দ্রুত বালু ব্যবসায়ীদের বিবুদ্ধে অভিযান চালিয়ে বালু উত্তলন বন্ধ করবেন বলে জানান।