Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

38
হিন্দু ধর্মীয় উৎসব কারাম পূজা পালন করেছে চা বাগানবাসী। বংশ পরম্পরায় যুগ-যুগ ধরে প্রতি বছরের ন্যায় এ বছরও তারা এ কারাম উৎসব পালন করছে। ছবিটি বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের খেলার মাঠ থেকে তোলা। : পিবিএ

বীমার টাকার দাবিতে শিরোমনিতে ডায়মন্ড ইন্স্যুরেন্স কোম্পানীর অফিস ঘেরাও
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মেয়াদ শেষ হওয়ার পরেও মিলছেনা গ্রাহকের বীমার টাকা ভবিষ্যত অর্থনৈতিক নিরাপত্তার প্রতিশ্রতি পেয়ে খানজাহান আলী থানা এলাকার আটরা গিলাতলা ইউনিয়ন এর প্রায় ৩ শতাধিক ব্যক্তি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড , প্রগেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিঃ ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ একক ও জীবন বীমা পলিসি করেন। বীমা পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার বছর পেরিয়ে গেলেও বীমা দাবির টাকা এখনো পাননি গ্রাহকেরা। বীমা দাবির টাকা পেতে প্রতিষ্ঠানটিতে দিনের পর দিন ধর্ণা দিয়েও কোন ফল না হওয়াতে গতকাল সন্ধায় প্রায় শতাধিক গ্রাহক তাদের জমানো টাকা ফেরত পেতে শিরোমনি বৈশাখী মার্কেটস্থ অফিস ঘেরাও করে তাদের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে এ সময় জাহাঙ্গির নামে এক গ্রাহক বলেন আমার ১৫ বছরের চুক্তিতে বীমা করা মেয়াদ শেষ হওয়ার পরও বীমাকৃত অর্থ পরিশোধে নানা টালবাহানা করছে ইন্স্যুরেন্স কোম্পানীর দায়িত্বে থাকা শিরোমনি অফিসের ম্যানেজার গাজী জাবের (বাবু) । প্রায় ৩ শতাধিক গ্রাহক এখন চরম অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়ছে । গিলাতলা গ্যারিশন এলাকার পারভিন বেগম বলেন, মেয়াদ শেষে মুনাফাসহ দ্বিগুণ টাকা পাওয়া যাবে- বীমা করার সময় এমন প্রতিশ্রতি দেওয়া হয়েছিল তাকে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর বছর পেরিয়ে গেলেও মুনাফা তো দূরের কথা, এখন আসল টাকাও ফেরত দেয়া হচ্ছে না। কোম্পানিতে বীমা দাবির টাকা চাইতে গেলে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, আমি একজন গরিব অসহায় । কয়েক মাস যাবৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছিনা। এই মুহুর্তে টাকার আমার বিশেষ দরকার। কিন্তু মাস গড়িয়ে একে একে বছর চলে গেলেও বীমা দাবির টাকা দিচ্ছে না।ভুক্তভোগী আরেক বীমা গ্রাহক উম্মে কুলসুম বলেন, বীমার মেয়াদ শেষ হয়েছে এখনো টাকা পেলাম না। অনেক আশা নিয়ে বীমা করেছিলাম। বীমা করার সময় কোম্পানির লোক ভালো ভালো কথা বলেছিল। এখন বীমার টাকা চাইতে গেলে কেউ কোনো কথা বলতে চায় না। কোথায় গেলে বীমার টাকা পাওয়া যাবে তা বুঝতে পারছি না। এদিকে বীমা গ্রাহকদের বিক্ষোভের খবর পেয়ে ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা ঘটনাস্থলে উপস্থিত হন এবং সকল গ্রাহকদের শান্ত করেন খানজাহান আলী থানার ওসিকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত শিরোমনি অফিসের ম্যানেজার গাজী জাবের (বাবু)কে থানায় নিয়ে আসে এ সময় গ্রাহকেরা থানার সামনে ভিড় করতে থাকে , পরবর্তিতে খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান ও ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশার উপস্থিতিতে আগামি ১ মাসের মধ্যে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার অঙ্গিকার করেন ইন্স্যুরেন্স কোম্পানীর দায়িত্বে থাকা শিরোমনি অফিসের ম্যানেজার গাজী জাবের (বাবু)। এলাকাবাসি জানান অভিযুক্ত জাবের বাবু দির্ঘদিন ধরে এক এক সময় এক নামে ইন্সুরেন্স এর সাইনবোর্ড লাগিয়ে গ্রামের সহজ সরল মহিলাদের অতি মুনাফার লোভ দেখিয়ে তাদের গ্রাহক বানান এবং গ্রাহকের বীমার টাকা ভবিষ্যত অর্থনৈতিক নিরাপত্তার প্রতিশ্রতি পেয়ে ফাঁদে পা দেন পরবর্তিতে তাদের মুল টাকাই ফেরত পাননা। গ্রাহকেরা বলেন ১ মাসের ভিতরে আমাদের টাকা ফেরত না দেওয়া হলেও তার কঠিন কর্মসুচি নিতে বাধ্য হবেন এছাড়া ভুক্তভোগিরা বিষয়টি উর্দ্ধতন সংশ্লিষ্ট কতৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনি থানা পরিদর্শনে এসপি মনিরুজ্জামান
আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন করেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি আশাশুনিতে আগমন করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এসপি মনিরুজ্জামানকে থানায় প্রবেশের সাথে সাথে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ওসির নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। অভিভাবদন পর্ব শেষে এসপি মনিরুজ্জামান পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের সাথে ভাল ব্যবহার করতে হবে, মানুষদেরকে বুঝিয়ে বলতে হবে। খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করা যাবেনা। এলাকা থেকে মদ জুয়া নির্মূল করতে হবে। এসবের সাথে কোন পুলিশ জড়িয়ে থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট ধারন করতে ক্যামেরা বা মোবাইল ক্যামেরা ব্যবহার করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, আমি জেলা পুলিশের অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছি। জেলা পুলিশের সকল সুবিধা অসুবিধা আমি দেখব। আমার কাজ তোমাদের কল্যাণে যেমন কাজ করা। অন্যদিকে, আইন শৃঙ্খলা রক্ষায় অপরাধ কর্মকান্ড দমনে সবসময় প্রস্তুত থাকা তোমাদের কর্তব্য। আলোচনা শেষে তিনি থানা বিল্ডিংয়ে গমন করে জুনিয়র সেরেস্তাসহ গুরুত্ব পূর্ণ রেজিস্টার, অস্ত্রাগার, ব্যারাক, মেস প্রভৃতি পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক পরিবেশ ও কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহম্মেদ উপস্থিত ছিলেন।
পরে আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ পৃথক ভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

কুল্যা ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির কুল্যা ইউপি’র প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালেটের মাধ্যমে নির্বাচনে ১২ জন ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর ১০ ভোট পেয়ে এক নং প্যানেল চেয়ারম্যান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের গাজী ২ ভোট পেয়ে দুই নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিন নম্বর প্যানেল চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে লটারী পদ্ধতিতে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি কবির বিজয়ী হন।
সৌহার্দ্ম্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ ও ইউপি সচিব সেরাজুর রহমান।

কুল্যা কাদাকাটি ও বড়দলে সামছুল আলমের মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির ৩টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও শ্রমিকলীগ নেতা ঢালী মোঃ সামছুল আলম মতবিনিময় করেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় তিনি মতবিনিময় কার্যক্রম শুরু করেন।
প্রথমে কুল্যা ইউনিয়ন পরিষদে গমন করে তিনি মতবিনিময় করেন। ইউপি চেয়ারম্যাান এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ, নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুল কাদের গাজী, বিউটি কবির, ইউপি সদস্য নজরুল ইসলাম, তাহেরা বিশ্বাস, উত্তম কুমার দাশ, বশির আহমেদ টুকু, আব্দুর রশিদ, বিশ্বনাথ সরকার, আরতী সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি কাদাকাটি ও বড়দল ইউনিয়ন পরিষদে গিয়ে মতবিনিয় করেন।
স্ব স্ব ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সভায় অংশ নেন। মতবিনিময়কালে ঢালী সামছুল আলম বলেন, বিগত দিনে জনস্বার্থে নিজেকে সকল অবস্থায় নিয়োজিত করে ছিলাম এবং যেকোন সমস্যায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীদিনে এসব কার্যক্রমের পাশাপাশি জেলা পরিষদের সেবাকে যথাযথ ভাবে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে পারি সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

আশাশুনিতে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবলের উপজেলা পর্যায়ে খেলা শুরু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ৪৯ তম আন্তঃস্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফুটবল খেলায় উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা উদ্বোধন করা হয়।
উদ্বোদনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা ফুটবল দল ও খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। খেলায় গুনাকরকাটি মাদ্রাসা দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। ২য় খেলায় শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় দল ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল অংশ নেয়। শরাফপুর স্কুল ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। ৩য় খেলায় বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যাললয় ও দিঘলারআইট মাধ্যমিক বিদ্যালয় অংশ নেওয়ার কথা থাকলেও বিছট স্কুল দল অংশ না নেওয়ায় দিঘলারআইট স্কুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। দিনের ৪র্থ খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ও খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয় এবং ১-০ গোলের ব্যবধানে খাজরা স্কুল জয়লাভ করে।
খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এসময় একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর কুমার বাছাড় দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, আছাদুল হক, তরুন কুমার সরকার, উত্তম কুমার মন্ডল ও সঞ্জয় বৈদ্য।

কেশবপুরের শীর্ষ সন্ত্রাসী জামাল বাহিনীর প্রধান জামালসহ আটক-২
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশােরের কেশবপুরের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজী, নারী নির্যাতনসহ ১০ মামলার আসামী জামালসহ (৩০) তার সহযাগী শামীমকে আটক করেছে পুলিশ। কেশবপুরের এক প্রভাশালী রাজনৈতিক নেতার ছত্র-ছায়ায় থেকে জামাল বাহিনী এসব কর্মকান্ড প্রকাশ্যে চালিয়ে আসছে। জামাল ও শামীম আটক হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কেশবপুর বাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং শহরের মােড়ে মােড়ে মিষ্টি বিতরণ করা হয়।
থানা পুলিশ জানায়, গত ০৪ সেপ্টেম্বর শহরের খতিয়াখালি এলাকার মৃতঃ নন্দ দাসের ছেলে প্রশংকর দাস পিকের কাছে চাঁদা দাবি করে জামাল বাহিনীর সদস্যরা। চাঁদার টাকা না দেয়াই প্রশংকর দাস পিকেকে বেদম মারপিট করে জামালের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা। এঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। যার নং-১০, তাং-০৬ সেপ্টেম্বর’২২। মঙ্গলবার
(৬ সেপ্টেম্বর ) রাতে অভিযান চালিয়ে কেশবপুর পৌর সদরের মধ্যকুল গ্রামের গণি শেখের ছেলে সন্ত্রাসী জামাল বাহিনীর প্রধান জামাল ও একই গ্রামের মৃতঃ সিরাজুল খানের ছেলে শামীমকে (২৮) শহরের পুরাতন গারু হাটার সামনে থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, অস্ত্রবাজী, ছিনতাই, নারী নির্যাতনের অসংখ্য অভিযােগসহ ১০টি মামলা রয়েছে। স্থানীয় ক্ষমতাধর এক রাজনতিক নেতার ছত্র-ছায়ায় থেকে তারা প্রকাশ্যে এসব সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসলেও ওদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। সূত্রে জানায়, গত ৫/৬ বছর ধরে জামাল বাহিনীর অত্যাচারে কেশবপুর বাসী অতিষ্ট হয়ে উঠেছে।
তারা প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু করে গভীর রাত পর্যান্ত শহরসহ প্রত্যি অঞ্চলে চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার পাশাপশি প্রকাশ্যে মােটর সাইকেল মোহড়া দিয়ে থাকে।
কপশবপুর থানা অফিসার ইনচার্জ বােরহান উদ্দীনপর নেতৃত্বে ১৫/২০ জনের একদল পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামালসহ ২জনকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ বােরহান উদ্দীন বলেন, জামাল ও শামীমকে আটক করা হয়েছে। আটককৃত জামাল ও শামীমকে চাঁদাবাজী মামলায় আটক করা হয়। যার মামলা নং- ১০, তাং- ০৬/০৯/২২ ইং । এছাড়া তার বিরুদ্ধে আরও ৯টি মামলা রয়েছে। আজ বুধবার এই দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরে কয়েকদিনের ব্যবধানে ৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত
শহিদুল ইসলাম দইচ যশোর।।
মাত্র ৩৫ দিনের মধ্যে যশোরে ৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
গত তিন বছরে যশোর জেনারেল হাসপাতালের পরীক্ষা- নিরীক্ষা কেন্দ্রে মোট ১৭ জন শনাক্ত হয়। চলতি বছরে শনাক্ত হয়েছে ১০ জন। হঠাৎ করে মানুষের দেহে এইচআইভি-এইডসের ভাইরাসের উপস্থিতি শনাক্তকে অ্যালার্মিং হিসেবে মন্তব্য করেছেন ডাক্তাররা। যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ৪ জন এবং আগস্টে ৪ জনের শরীরে এইচআইভি জীবাণু শনাক্ত হয়েছে। হাসপাতালের এইচটিসিতে (এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টার) ১৬২ জনের রক্ত ও লালা পরীক্ষায় ৮ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে পুরুষ ৫ ও নারীর সংখ্যা ৩ জন। এদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আক্রান্তরা ভারত ও বাংলাদেশ উভয় দেশেই বসবাস করেন।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে যশোর জেনারেল হাসপাতালে এইচটিসি চালু হয়। সে বছর শনাক্ত হয় তিন জন, পরের বছর অর্থাৎ, ২০২১ সালে ৪ জন এবং ২০২২ সালের সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত ১০ জন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আমাদের জন্যে একটি সতর্ক বার্তা বা অ্যালার্মিং। যশোর জেনারেল হাসপাতালে সরকারিভাবে চিকিৎসার জন্যে থেরাপি সেন্টার নেই। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ সেন্টার আছে।
তিনি জানান, সারাদেশে এইচআইভি-এইডস পরীক্ষা- নিরীক্ষায় ২৩ টি সেন্টার ও চিকিৎসাসেবা দেওয়ার জন্যে ৭টি সেন্টার রয়েছে। খুব শিগগিরই আরও ৫ টি কেন্দ্র চালু হবে, যার মধ্যে যশোর জেনারেল হাসপাতালেও একটি হবে।

সাতক্ষীরা তালায় ঠিকাদার কল্যাণ সমিতির সকল টেন্ডার বয়কটের ঘোষনা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরাঃ
তালায় বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন রেটসিডিউল প্রণয়ন ও বর্তমান নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এলজিইউডির সকল টেন্ডার বয়কট করেছেন উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি।উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির এক বিজ্ঞপ্তীর মাধ্যমে এলজিইউডির টেন্ডার বয়কট করেন বলে জানা গেছে। বুধবার(০৭ সেপ্টম্বার) এক বিজ্ঞপ্তীতে বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম সীমাহীন বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই আনুপাতিক হারে ঠিকাদারী প্রতিষ্ঠানে জন্য নির্মাণ সামগ্রীর দার সরকারিভাবে নির্ধারণ করা হচ্ছে না। এ ফলে অ ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে।আবার কাজ শেষ করে খরচের হিসেব বিল জমা দেয়া হলেও দীর্ঘ সময় লাগে ঠিকাদারদের টাকা পেতে। তাই সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির নির্দেশনা মোতাবেক এলজিইউডির সকল টেন্ডার বয়কট করা হলো। এ সকল তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি কল্যাণ বসু ও সদস্য শেখ ইলিয়াস হোসেন।

ফকিরহাটে কোভিড সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে কোভিড ১৯ প্রতিরোধে ঝুঁকি নিরূপণে জনসম্পৃক্ততা ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের অন্যান্য বিভাগের সাথে এ্যাভোকেসি সভা বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ্, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী খালিদ হাসান, আইএসপি টুম্পা আক্তার মিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটেশন অফিসার দেবরাজ মিত্র, ইপিআই কামাল হোসেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। ##

ফকিরহাটে পুলিশের অভিযানে তিন বিক্রেতা আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকা থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছেন মডেল থানা পুলিশ। এসময় তাদের দু’জনের নিকট থেকে গাজা ও একজনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপনে সংবাদ পেয়ে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শুভজিৎ কুমার পালের নেতৃত্বে একদল পুলিশ সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদক সহ আটক করে। আটককৃতরা হলো পশ্চিম বাহিরদিয়া গ্রামের আলী আকবর শেখের ছেলে আরাফাত হোসেন (২৫), একই এলাকার আসরাফ শেখের ছেলে মিরাজুল শেখ (৩৫) ও রপসার গোয়াল-বাতান গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সুমন হাওলাদার (২৮)। এ সময় তাদের কাছ থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদব দ্রব্য ুনিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন। ##

বাগেরহাটে ৫০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা সমাজসেবার আয়োজনে ও শহর সমাজসেবার সার্বিক সহায়তায় শহর সমাজসেবার কম্পিউটার ল্যাবে প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আজিজুর রহমান।
শহর সমাজসেবা অফিসার এস, এম, নাজমুছ সাকিবের সনঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা উপ-পরিচালক এস, এম, রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সহ-কারী পরিচালক মোস্তফা গিয়াসউদ্দিন, এনজিও সমন্বয় পরিষদ সভাপতি কল্লোল সরকার প্রমুখ।
বাগেরহাটের বিভিন্ন উপজেলার ৫০ জন শিক্ষিত যুবক-যুবতীকে ৫০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

শিক্ষার্থীদের মননে নীতি-নৈতিকতা ও শৃংখলাবোধ জাগিয়ে তুলতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের মননে নীতি-নৈতিকতা ও শৃংখলাবোধ জাগিয়ে তুলতে হবে। ক্রীড়ানুশীলন এ কাজে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তিনি খেলাধুলার জন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিতাপের বিষয় হচ্ছে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই। তবে সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত হলে এই সংকট সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

সিটি মেয়র বুধবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। থানা মাধ্যমিক শিক্ষা অফিস (খুলনা সদর ও সোনাডাঙ্গা) খুলনা তিনদিন ব্যপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। সিটি মেয়র বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাধুলার ক্ষেত্রে খুলনার দীর্ঘ ঐতিহ্যের বিষয় তুলে ধরে তিনি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এ এস এম আব্দুল খালেক, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা) মোঃ আবদুল মমিন ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জা. পা নেতা আসা মল্লিক এর স্ত্রীর সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি খুলনা মহানগর শাখার অন্যতম নেতা ও সোনাডাঙ্গা থানার সাবেক সভাপতি মল্লিক আসাদুজ্জামানের স্ত্রীর সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন সোনাডাঙ্গা থানা জা.পা’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- মহানগর জাপা নেতা মোঃ কালাচান, আব্দুল গফ্ফার মোড়ল, প্রিন্স হোসেন কালু, মাজাহার জোয়াদ্দার পান, এজাজ আহম্মেদ, মোঃ বাবুল হাসান রাজু, মোঃ আব্দুস সাত্তার, মোঃ শহিদ হাওলাদার, মোঃ আলী হোসেন, মোঃ জাহিদ হোসেন, মোঃ বেল্লাল হোসেন, জাবেদ এলাহী, মোঃ আতিকুল্লাহ, সালামতউল্লাহ মুন্সী, মোঃ বাবলু বিশ^াস, মোঃ বেল্লাল শেখ, মোঃ হাফেজ আলী, মোঃ আরিফুল ইসলাম, মহানগর মহিলা নেত্রী শাহনাজ পারভীন প্রমুখ।

রূপসা উপজেলা প্রশাসনের সাথে অনলাইন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলা অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার ও রূপসা থানার অফিসার ইনচার্জ এর সাথে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় ফোরাম নেতৃবৃন্দ রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও রূপসা প্রেসক্লাবের পৃষ্টপোষক রুবাইয়া তাছনিম এবং রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ ফোরামের সার্বিক কর্মকান্ড তুলে করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন পপি, সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, সহ-সম্পাদক মোহাম্মদ নাইমুজ্জামান শরীফ, অর্থ সম্পাদক বি,এম শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য এস এম মাহবুবুর রহমান, এম এ আজিম, সদস্য আল মাহমুদ প্রিন্স, হারুন-অর-রশিদ, খান আব্দুল জব্বার শিবলী, আকতার খান, তৌহিদুল ইসলাম কচি ও হাসানুজ্জামান মনি।

অনুমতি বিহীন মোংলা বন্দরের শিল্প এলাকার মধ্যদিয়ে সওজের রাস্তা নির্মাণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভূমি নীতিমালা লঙ্গন করে ও কোন ধরণের অনুমতি ছাড়াই পশুর চ্যানেলে পাইলিং দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণের কাজ করছেন সড়ক ও জনপথ বিভাগ। এতে মোংলা বন্দরের নেভিগেশন ও রাস্তার দুই পাশের দুইটি এলপিজি ফ্যাক্টরী মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বন্দরের শিল্প এলাকার মাঝ দিয়ে ও পশুর চ্যানেল ভরাট করে এ রাস্তা করতে দেয়ায় নারাজ বন্দর কর্তৃপক্ষও। সেই সাথে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এ রাস্তা নির্মাণের বিরোধীতা করে তা অচিরেই বন্ধের জন্য বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন যমুনা ও ওমেরা এলপিজি ফ্যাক্টরী কর্তৃপক্ষ।

সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফদির উদ্দিন জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মোংলা বন্দরের শিল্প এলাকার ওমেরা ও যুমনা এলপিজি কোম্পানীর মাঝ দিয়ে রাস্তা নির্মাণ- সম্প্রসারণ ও ফেরি ঘাট স্থাপনার কাজ চলছে। কাজ শুরু প্রথমেই বন্দর কর্তৃপক্ষ তাতে বাঁধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) এ কাজের বিষয়ে মৌখিক অনুমতি দেয়ায় আবারো কাজ শুরু করা হয়। এখন সেখানে পুরোদমে কাজ চলছে। মুলত বন্দর শিল্প এলাকার অপর পাড়ের বাসিন্দাদের (খুলনা জেলার দাকোপ উপজেলার) খুলনায় সহজ যাতায়াতের জন্যই ফেরি ঘাট নির্মাণ, সংযোগ রাস্তা ও ফেরি চলাচলের জন্য এ প্রকল্পটির অনুমোদন দিয়েছেন সওজ মন্ত্রনালয়।

এদিকে বন্দর শিল্প এলাকার ওমেরা ও যমুনা এলপিজি ফ্যাক্টরীর মাঝ দিয়ে এ রাস্তা নির্মাণ না করার জন্য গত সপ্তাহে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসার সাথে সাক্ষাৎ করে অভিযোগ জানিয়েছেন ওমেরা এলপিজির মালিক আজম জে চৌধুরী। তার এ অভিযোগের প্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষও সেখান দিয়ে সওজ’র রাস্তা নির্মাণ ও ফেরিঘাট স্থাপন কাজ বন্ধের নির্দেশনার কথা জানিয়েছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, সওজ বিভাগ বাগেরহাটকে বন্দর শিল্প এলাকার মধ্যদিয়ে এসব স্থাপনা নির্মাণের কোন অনুমতি দেয়া হয়নি। তারা কেমন করে এ কাজ করছে বুঝছিনা। এটি হলে বন্দরের পশুর চ্যানেলের নেভিগেশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। এছাড়া চ্যানেলের মধ্যে সংযোগ সড়ক ও ফেরিঘাট এবং পল্টুন স্থাপন করলে পশুর নদীর নাব্যতা কমে যাবে। এছাড়া এলপিজি ফ্যাক্টরীগুলোর উপরও দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। তাই কোনভাবেই এখানে এটা করতে দেয়া হবেনা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম বলেন, সওজ’র বাগেরহাট নির্বাহী প্রকৌশলী বন্দর শিল্প এলাকার মধ্যদিয়ে রাস্তা নির্মাণের জন্য লিখিত পত্র দিলেও আমরা তা নির্মাণের কোন অনুমতি দেয়নি।

এদিকে ওমেরা ও যমুনা এলপিজি ফ্যাক্টরীসহ তাদের জেটিতে গ্যাস পরিবহনকারী জাহাজে দুর্ঘটনায় আশংকায় এ রাস্তা নির্মাণ বন্ধের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়েও লিখিত অভিযোগ করেছেন ‘এলপিজি অপারেটরস এসোসিয়েশন বাংলাদেশ’। গত ৩০ আগস্ট নৌপরিবহন মন্ত্রণালয়ে এটি বন্ধের দাবী জানিয়ে লিখিত অভিযোগ করেছেন ‘এলপিজি অপারেটরস এসোসিয়েশন বাংলাদেশ’র প্রেসিডেন্ট আজম জে চৌধুরী। তিনি বলেন, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা স্পেসটেক’র মধ্যবর্তী স্থানে যাত্রী পরিবহণের জন্য লাউডোব ঘাট স্থাপনের কাজ করছে সওজ বিভাগ। তাই স্পর্শকাতর এলপিজি প্ল্যান্টের মধ্যদিয়ে এ রকম একটি যাত্রী পরিবহণ ঘাট স্থাপন শুধুমাত্র এই দুইটি প্ল্যান্টেরই নয়, সমস্ত মোংলা বন্দরের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তাছাড়াও এলপিজি পরিবহনকারী বিদেশী জাহাজও এ যাত্রী পরিবহণ ঘাট স্থাপনে আপত্তি উত্থাপন করেছেন। এছাড়া ঘাট নির্মাণের কারণে তৎসংলগ্ন এলপিজি ফ্যাক্টরীর জেটিসহ পশুর নদীতে নাব্যতা হ্রাস পাবে। তাই এসব বিষয়াবলী বিবেচনা করে ঘাটটি (লাউডোব) অন্যত্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

তবে সওজের বাগেরহাট নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, সম্ভাব্য এ ঝুঁকির সম্মুখীনের বিষয়টি বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ে উত্থাপন করলে মন্ত্রণালয়ই পরর্বতী সিদ্ধান্ত নিবেন এখানে ফেরি চলাচল করবে না বন্ধ থাকবে। আমি এখন যেটি করছি আমার মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে কাজ করছি, সুতরাং এসকল ঝুঁকি বিবেচনায় নিয়ে ফেরি চলাচল বন্ধ কিংবা চলার সিদ্ধান্ত দিবেন মন্ত্রনালয়।

রূপসায় মৎস্য পোনা অবমুক্ত করন অনুষ্ঠান
রূপসা প্রতিনিধি
রূপসায় মৎস্য অধিদপ্তরের আয়োজন ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন সরকারী বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন অনুষ্ঠান আজ ৭ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরন করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস। বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহা দিবা শামস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু,সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী,বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আজাহারুল হক,এসআই দিপক কুমার প্রমূখ। অনুষ্ঠানে মোট ২৩ প্রতিষ্ঠানে ৩৪০ কেজি মৎস্য পোনা অবমুক্তকরন করা হয়।

‘জাল’ টাকায় ধার শোধ করে নারী কারাগারে!
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বিউটি মিস্ত্রী নামের এক নারীর বিরুদ্ধে জাল টাকায় ধার পরিশোধের অভিযোগের মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার দুপুরে বিউটি মিস্ত্রীকে ৭ (সাঁত) দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয় এবং রিমান্ড মঞ্জুরের ব্যাপারে আদালত পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নিবেন বলে পুলিশ জানিয়েন। পুলিশ জানায়, উজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণা বাদি হয়ে মঙ্গলবার রাতে বিউটি মিস্ত্রীর বিরুদ্ধে মামলা (নং ৬) করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নৈকাঠি এলাকার ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে গত পাঁচ মাস আগে একই এলাকার জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী বিউটি মিস্ত্রী ১৭ হাজার টাকা ধার নেন। গত ১৫ দিন আগে বিউটি ওই টাকা পরিশোধ করেন। সঙ্গে আরও ৭ হাজার পুরাতন টাকার নোট পরিবর্তন করে নতুন টাকা দেন সুবর্ণাকে। কিন্তু সোমবার (০৫ সেপ্টেম্বর) ওই টাকা থেকে সুবর্ণা একটি ৫০০ টাকার নোট নিয়ে স্থানীয় দোকানে যান। এ সময় দোকানি সুবর্ণাকে জানান, তার টাকার নোটটি জাল। এরপর বাসায় রাখা আরও একুশ হাজার ৫০০ টাকা যাচাই করে তাও জাল নোট বলে সন্দেহ করেন সুবর্ণা। ওই টাকার মধ্যে এক হাজার টাকার ৭টি ও বাকিগুলো ৫০০ টাকার নোট। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান তিনি। বিউটি এর আগেও ইসলামী ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার নোট ব্যবহার করেন বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বিউটি মিস্ত্রী বলেন, ওই টাকাগুলো তিনি পাশের কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ তুলে পেয়েছেন। তবে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদার এ ব্যাপারে বলেন, আমরা নগদে নয়, ব্যাংক চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি। রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, জাল সাদৃশ্যর নোটগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বিউটি মিস্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিউটি মিস্ত্রীর সাথে এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা উদঘাটন করার জন্য আদালতে ৭ (সাঁত) দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুরের ব্যাপারে আদালত পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নিবেন।

ঝালকাঠিতে তিনটি ডায়াগণস্টিক সেন্টার ও সিঙ্গার শোরুমে ভোক্তা অধিকারের অভিযান ২৩ হাজার টাকা জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠিতে তিনটি ডায়াগণস্টিক সেন্টার ও সিঙ্গার কোম্পানির একটি শোরুমে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। ভোক্তা অধিকার জানায়, সকালে সদরের তিনটি ডায়াগণস্টিক সেন্টারে অভিযানকালে নানা অসঙ্গতি পায় পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী স্বাস্থ্যসেবাদানকারী তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুরে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে সিঙ্গার কোম্পানির একটি শোরুমে অভিযান চালিয়ে পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পুলিশ এ অভিযানে সহযোগিতা করে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।

ঝালকাঠিতে প্রতারকের সৌদি আস্তানা থেকে পালিয়ে এসে আদালতে মামলা দায়ের
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে কালীআন্দার গ্রামের মৃত মোশারেফ হাওলাদারে পুত্র মোঃ রাকিব হাওলাদার আদম ব্যাপারিদের চক্রের আস্তানা থেকে কৌশলে দেশে পালিয়ে এসেছে। তাকে সৌদি আরবে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ ৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে আদম পাচারকারী এই চক্রটি প্রতারণা করেছে। রাকিব হাওলাদার ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদম বেপারী মোঃ মাসুদ তালুকদার ও তার ভাই মোঃ সোলাইমান এবং মাসুদ তালুকদারের স্ত্রী রুনা বেগমকে আসামী করে ২১ আগস্ট ২০২২ তারিখ মামলা দায়ের করেছে । সে আদালতে প্রতরণা ও বিশ্বাস ভঙ্গের অফিযোগ এনে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়না জারির আবেদন করেছে। আদালত পিআইবি কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন । রাকিব দাবি করেছেন চাকুরীর পরিবর্তে ভ্রমন ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে আটকে রাখে। এবং সেখানে তার সাথে আরও ২০-২৫জন যুবক তারমতো প্রতারিত হয়ে আদম বেপারির কারাগারে আটকে রয়েছে। আসামীরা ঝালকাঠি সদর উপজেলার চামটা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঝালকাঠী শহরের কলেজ মোড় এলাকার মানুষের প্রতারণা টাকা দিয়ে ৫তলা রাবেয়া মঞ্জিল নামে একটি ভবন তৈরী করেছে। অভিযোগে প্রকাশ, মাসুদ তালুকদার ও তার ভাই সোলাইমান সৌদি আরবে অবস্থান করছে। স্থানীয় পর্যায় আদম বেপারীর স্ত্রী রুনা বেগম আর্থিক লেনদেনসহ কিছু কিছু ক্ষেত্রে পার্টি সংগ্রহ করে। এই আদম বেপারর লক্ষ লক্ষ টাকা নিয়ে মোঃ রাকিব হাওলাদারে মতো আরও অনেককে প্রতারণা করে কাজের ভিসার পরিবর্তে টুরিস্ট ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে তাদের জিম্মি করে অর্থ আদায় করে। এদের মধ্যে অনেকেই সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজত খেটেছে এবং অনেকেই পাসপোর্ট হারিয়ে বিভিন্ন কৌশলে দেশে পালিয়ে আসে। সৌদি পুলিশের কাজে আদম বেপারীদের ব্যাপরে প্রতারণা করার বিষয় অভিযোগ যাহাতে করতে না পারে সে কারণেই তাদেরকে এই দালাল চক্র বন্দি রাখে। এবং তাদেরকে সামন্য পরিমান খাবার ও পানি দেয়া হয়। মোঃ রাকিব হাওলদারের অভিযোগে আরও বলা হয়েছে মোঃ মাসুদ তালুকদারে এই চক্রের সাথে ফরিদপুরে ভাঙ্গা এলাকা ও ঢাকা গজারিয়া এলাকার কয়েকজন আদম বেপারীর ১টি সংঘবদ্ধ চক্র রয়েছে।

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে ভোটার ৪শ ৪১ জন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী ঢাকায় আওয়ামী লীগ দলীয় মনোনয়নের অপেক্ষায় তদবির তদারকিতে ব্যস্ত রয়েছে । দলীয় মনোনয়ন ঘোষিত হবার পরে নির্বাচনে ডামাডোল শুরু হবে । আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল অনুযাযী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন । ১৮ সেপ্টেম্বর বাছাই ও ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ১৭ অক্টোম্বর ভোট গ্রহন । ঝালকাঠির জেলা প্রশাসক জেলা পরিষদের নির্বাচনের রির্টানিং অফিসার । এই নির্বাচনে ৪৪১ জন ভোটার রয়েছে । এরা ৭ সদস্য বিশিষ্ট পরিষদ গঠনের জন্য ৭ টি করে ভোট প্রদান কবরেন । চেয়ারম্যান পদ ১ টি । জেলার ৪ টি উপজেলা থেকে ১ জন করে ৪ জন এবং ৪ টি উপজেলা থেকে ২ জন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হবেন ।

ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মত বিনিময় ও অগ্রগতি পর্যালোচনা সভা ও বৃক্ষরোপণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মত বিনিময় ও অগ্রগতি পর্যালোচনা সভা এলজিইডির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে । সকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সৈয়দ মো: সাইফুল ইসলাম । সভাপত্বি করেন র্নিবাহী প্রকৌশলী মো: রুহুল আমিন । সভায় সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী,উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ এলজিইডি বিভাগের সংশিষ্ট কর্মকতারা অংশগ্রহন করেন । পরে তিনি এলজিইডির বিভাগের কর্মকতাদের ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়কে সাথে নিয়ে এলজিইডির চত্বরে বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা রোপন করেন ।

মুখোমুখি হচ্ছে রসায়ন ও এমসিজে ডিসিপ্লিন
খুবির আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার
ফাইনাল ও পুরস্কার বিতরণ আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে রসায়ন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন। এদিন দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।

ফসলের সাথে শত্রুতা: মহেশপুরে ৪৫ শতক জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ৪৫ শতক জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে করে আনুমানিক ১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক জার্মাল আলী ও সিরমান আলী দুই ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দাবাড়িয়া ইউনিয়নের শংকরহুদা গ্রামে। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ক্ষেতের ধান পুড়ে হলুদ হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, ভুক্তভোগী কৃষক জার্মান আলী ও সিরমান আলী ৪৫ শতক জমিতে আমন ধান রোপণ করেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার তিতাস, সানা মোল্লা গত সোমবার রাতে ক্ষতিকর ঘাসমারা ঔষধ স্প্রে করে। এতে ধান গাছ গুলো পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক জার্মান আলী ও সিরমান আলী জানায়, প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জেরে রাতের আধারে আমাদের ৪৫ শতক জমির ধান ক্ষেতে ঘাস মারা ঔষধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে তারা। আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।

পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরণী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আট দিনের সফরে আজ ৮ সেপ্টেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উপমন্ত্রী ১৫ সেপ্টেম্বর বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আজ খুলনা আসছেন
তথ্য বিবরণী
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ছয় দিনের সফরে আজ ৮ সেপ্টেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করবেন। তিনি ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করবেন। নির্বাচন কমিশনার ১৩ সেপ্টেম্বর বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

বেনাপোল’র পুটখালি সীমাšেত ১০টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক
নিজস্ব সংবাদদাতা
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোলের পুটখালি সীমাšত থেকে ১০টি স্বর্ণের বার ও ০১টি মোটর সাইকেলসহ হাবিবুর রহমান (৩০) ও আক্তারুল ইসলাম (২৫) নামে ২ পাচারকারী আটক করেছে।
আজ বুধবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমাšেত অভিযান চালিয়ে ১ কেজি ১১৬ গ্রামের ওজনের ১০পিচ স্বর্নের বার জব্দ করা হয়।
আটক স্বর্ন পাচারকারীরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার পুটখালির বালুন্ডা গ্রামের রমজান আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান , ও একই গ্রামের পিতা-মোঃ রমজান আলী, গ্রাম-খলসী, ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং মোঃ আবু বক্করের ছেলে আক্তারুল ইসলাম । বিজিবি জানায়, গোপন সুত্রে খবর আসে মোটর সাইকেল যোগে বিপুর পরিমান স্বর্ন পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও আক্তারুল ইসলামকে আটক করা হয়ে পড়ে তাদের দেহ তল্লাশী করে লুকিয়ে রাখা অবস্থায় ১০ টি স্বর্নের বার জব্দ করা হয়। আটক স্বর্নের মূল্য-৮৬ লাখ ২০ হাজার টাকা। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা ১১টি স্বর্ণের বার সহ ০১টি মোটর সাইকেলসহ হাবিবুর রহমান ও আক্তারুল ইসলাম কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরে খুলনা বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমাšত এলাকা থেকে ৭টি অভিযানে ১৪ কেজি ০৭৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য- ৯ কোটি ৭২ লক্ষ ১৯ হাজার ৩৫১/- টাকা ।

অভয়নগরে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের বাজার তদারকির একটি ভ্রাম্যমাণ আদালত। ৭ আগস্ট বুধবার খুলনা জেলার উপ পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন ও সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে এ অভিযান এ পরিচালিত হয়।
এ সময় সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে দই, মিষ্টি তে ছত্রাক থাকার জন্য পাচ হাজার টাকা, মেয়াদ উত্তির্ন প্রসাধনী রাখার জন্য তারা স্টোর কে আট হাজার টাকা এবং গ্রাহকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে পন্য বিক্রির জন্য এল জি বাটারফ্লাই শো রুম কে পাচ হাজার টাকা জরিমানার করা হয়। এবং জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
উপ পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেন জনস্বার্থে বাজার তদারকির এরুপ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নড়াইলে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার ভওয়াখালী গ্রামের অহিদুর ইসলামের ছেলে আফিকুল ইসলাম (২৪) এবং একই গ্রামের করিম সরদারের ছেলে আরমান সরদার (২৪)। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) অপু মিত্রের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী আফিকুল ইসলাম ও আরমান সরদার, কে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে অবস্থানকালে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২.৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করা হয়। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সুখের আশায় প্রেম করে ঘরবাধা: অতপরঃ কালীগঞ্জে স্বামী- স্ত্রীর একই সাথে বিষপান
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
স্বামী রিপন হোসেন ও স্ত্রী রিয়া খাতুন উভয়র-ই আগে বিয়ে হয়েছিল। কিন্ত তারা পূর্বের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে একে অপরের ভালোবেসে সুখের আশায় নতুন করে দ’ুজনে ঘর বেধেছিলেন। বিয়ের প্রথম দিকে উভয়ের মধ্যে বোঝাপড়া ভালো থাকলেও পরে তার ঘাটতি দেখা দিয়েছে। তাদের বিবাহের ১০/১১ মাস যেতে না যেতেই ভালোবাসার সুখ পাখি পালাতে শুরু করেছে। এক পর্যায়ে দাম্পত্য জীবনে তারা কেউই সুখি হতে পারেননি। কেননা সংসার জীবনে দিনরাত তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এতে পরিবারের অন্য সদস্য এমনকি পাশের প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন অবস্থায় পারিবারিক কলহে অতিষ্ট হয়ে স্বামী রিপন হোসেন বুধবার সকাল ১০ টার দিকে স্ত্রীর সামনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এরপর তার স্ত্রী রিয়া খাতুনও ওই বোতলের থাকা অবশিষ্ট বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা তাদেরকে দ্রুত কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে স্বামীর শারিরীক অবস্থার বেশ উন্নতি ঘটলেও স্ত্রী রিয়া খাতুনের অবস্থা সঙ্কটাপন্ন। ইতোমধ্যে তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ট করা হয়েছে। তবে চিকিসকেরা বলছেন, বিষপানের ঘটনা ফলে প্রকৃতপক্ষে এখনও কেউ আশঙ্কামুক্ত নন। রিপন হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের পুত্র।
প্রতিবেশি মিরাজ হোসেন জানান,গত ৯/১০ মাস আগে প্রেমজ সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া খাতুনের সাথে কালীগঞ্জের বানুড়িয়া গ্রামের রিপনের প্রেমজ সম্পর্ক ধরে বিয়ে হয়। কিন্তু তাদের এই বিয়ে রিয়ার পরিবার এখনও মেনে নেয়নি। এ নিয়ে মিন্টুর পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই রিয়ার কথা কাটাকাটি হয়। এছাড়াও তাদের অভাব অনাটনের সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা লেগেই থাকে। বিশেষ করে লাগাতর পারিবারিক কলহের অশান্তি সহ্য করতে না পেরে বুধবার সকালে রিপন নিজ বাড়িতে স্ত্রীর সামনেই বিষপান করে। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা অবশিষ্ট বিষ পান করে। এতে তারা স্বামী- স্ত্রী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদেরকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এখনও তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান,বিষপানে অসুস্থ স্বামী রিপনের অবস্থার কিছুটা উন্নতি ঘটলেও স্ত্রী রিয়া খাতুনের অবস্থা বেশ সংকটাপন্ন। ফলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ট করা হয়েছে। তবে বিষ পানের রোগী প্রকৃতপক্ষে এখনও কেউ আশঙ্কামুক্ত নয়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

কলারোয়ায় খাদ্যে বিষক্রিয়া ১৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ার কলাগাছি মোড়ের মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়্যাহ কওমী মহিলা মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়া মিশে ১৬ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। তাদেরকে আজ বুধবার দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবারই বমি, পেটে ব্যাথা ও পাতলা পায়খানা হচ্ছিল বলে জানা গেছে। তবে, মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী বৃষ্টির পানি দিয়ে ভাত ও তরকারী রান্না করার পর রাতে ওই খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে তাদের প্রথমে ২/১ জন ও পরে আজ দুপুর পর্যন্ত মোট ১৫/১৬ জনের বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও যখন অবস্থার উন্নতি হয়নি তখন তারা বাধ্য হয়ে আজ দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাদ্রাসার প্রিন্সিপাল মাও. অহিদুজ্জামান জানান, মাদ্রাসার বাবুর্চি বৃষ্টির পানি দিয়ে গতকাল রাতে ভাত ও তরকারী রান্না করেন। এই খাবার খাওয়ার পর গভীর রাতে তাদের প্রথমে ২/১ জন ও পরে আজ দুপুর পর্যন্ত মোট ১৫/১৬ জনের বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়। বাধ্য হয়ে তাদের দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, বৃষ্টির পানি যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেখান থেকে ওই পানিতে বিষক্রিয়ায় এ ঘটনাটি ঘটতে পারে। বাবুর্চি ভালোর জন্য বৃষ্টির পানি দিয়ে রান্না করেছেন বলে তিনি দাবী করেন। তবে, অসুস্থ্য মাদ্রাসা শিক্ষার্থীরা জানায়, যে রঙিন কাপড় দিয়ে ওই বৃষ্টির পানি ছাকুনি দেয়া হয়েছে তার রঙ খাবারে গিয়ে তাদের এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, বমি, পেট ব্যাথা ও পাতলা পায়খানা নিয়ে ওই মাদ্রাসার ১৬ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তিনি জানান, ফুড পয়জেনিং এর কারনে এ ঘটনাটি ঘটেছে। তাদের শারিরীক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। তারা এখন পর্যবেক্ষণে রয়েছে।

সাপ ধরতে যাওয়ার মাসুল দিতে হলো জীবন দিয়ে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সাপ ধরতে এসে পদ্মা গোখরো সাপের কামড়ে আফছার আলী গাজী (৪৩) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আফছার আলী গাজীর বাড়ি কেশবপুর উপজালার সাগরদাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামে। তার কাছে থাকা পোস্ট কোড কার্ড থেকে এ পরিচয় পাওয়া যায়।

মঙ্গলবার সকালে আফছার আলী গাজী উপজেলার কাঠিপাড়ায় সাপের সন্ধান পেয়ে সাপ ধরতে আসে। সাপ ধরার পর সাপের কামড়ের শিকার হয় সে। কার বাড়ি বা কোথায় সাপ ধরতে এসেছিল তা সে বলতে পারেনি বা এলাকায় খোঁজ নিলে কেউ কিছু বলতে পারেনি।

সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে আফছার আলী গাজী নিজেই পাইকগাছা হাসপাতালে আসেন। এ সময় কর্তব্যরত ডা. প্রশান্ত কুমার মণ্ডল রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যর খুলনা মেডিকেলে কলেজে স্থানান্তরিত করেন। সরকারি অ্যাম্বুলেন্সে খুলনায় নিয়ে যাওয়ার পথে তালা এলাকায় পৌঁছালে সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। ওই অ্যাম্বুলেন্সে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় বলে চালক রেজাউল ইসলাম জানান।

পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারার দফাদার পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ হোসেন (২৫) নামে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।

মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ১৩ আগস্ট ভোর সাড়ে ৪টায় সেখানে ভর্তি করা হয় তাকে। তার শরীরের ১৭ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল।

বিদ্যুৎ হোসেন ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন, দফাদার পেট্রল পাম্প বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।

গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) নিহত হয়। পরদিন ১৩ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজিব উদ্দিন (২৫) ও ১৮ আগস্ট ভোরে রিমন (১৪) একই হাসপাতালে মারা যান। সর্বশেষ শরীরের ১৭ শতাংশ পুড়ে যাওয়া শরীর নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বিদ্যুৎ হোসেন। তিনিও মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দফাদার ফিলিং স্টেশনটি বিস্ফোরণের পর থেকে এখনো বন্ধ রয়েছে। পাম্পের মালিক জুয়েল হাসানসহ কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাগেরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাদক মামলায় শেখ মনিরুল ইসলাম (৫৩) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই মামলায় মো. লিটু ওরফে লিটু পাইক নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তপন রায় এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শেখ মনিরুল বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া হুলারপাড় এলাকার শেখ নুর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর জোড়াকবর এলাকার মহাসড়কের পাশ থেকে শেখ মনিরুল ও লিটুকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে সময় মনিরুলের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

পরে জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে আটক দুজনকে আসামি করে ফকিরহাট থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর বুধবার মনিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিটুকে বেকসুর খালাস দেন আদালত।

যশোরে ১৪ লিটার ফেনসিডিলসহ আটক দুজনের যাবজ্জীবন
যশোর প্রতিনিধি
যশোরে ১৪ লিটার ফেনসিডিলসহ আটক দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানার অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে যশোরের অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোডের মৃত এবাদত হোসেনের ছেলে এনামুল হক এ্যানি ও যশোরের চৌগাছা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে রাজ্জাক ওরফে লেল্টু।

আদালতের অতিরিক্ত পিপি আলতাফ হোসেন জানান, ২০০৫ সালের ২৬ জুলাই সকাল ৮টার দিকে সন্দেহভাজন দুজনের ব্যাগ তল্লাশি করে পুলিশ। এ সময় পলিথিনে মোড়ানো ১৪ লিটার তরল ফেনসিডিল, পাঁচটি ফেনসিডিলের খালি কর্ক ও কিছু লেভেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ আটকদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে চৌগাছা থানার এসআই বিপ্লব কুমার দত্ত দুজনকে অভিযুক্ত করে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

যশোরে আট মাসে যক্ষ্মায় আক্রান্ত ৩ হাজার ২৩, মৃত্যু ১১ জনের
যশোর প্রতিনিধি
যশোরে গত আট মাসে তিন হাজার ২৩ জন যক্ষ্মারোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭৬ জন শিশুও রয়েছে। এছাড়া এ রোগে মারা গেছে ১১ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৩২ জন। বর্তমানে জেলায় যক্ষ্মায় আক্রান্ত দুই হাজার ৬৯১ জন চিকিৎসাধীন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রেডক্রিসেন্ট যশোরের মিলনায়তনে অ্যাডভোকেসি সভায় এ তথ্য উপস্থাপন করে ব্র্যাক। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) যশোরের উদ্যোগে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মধ্যে এখন স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। এখন কিছু হলেই মানুষ চিকিৎসকের কাছে ছুটে যান। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষ্মা রোগী শনাক্তের জন্য জেলায় জেলায় পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষ্মারোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে।

তারা আরও জানান, কারো ২ সপ্তাহের বেশি কাশি, সন্ধ্যায় জ্বর, শ্বাসকষ্ট ও খাবারে অরুচি হলে কফ পরীক্ষা করতে উৎসাহিত করার জন্য আহ্বান জানানো হয়।

জেলা নাটাবের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএ বাতেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ব্র্যাক যশোরের এরিয়া সুপারভাইজার শেখ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধ মামলার ৪ আসামি গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে মানবতাবিরোধী অপরাধ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল্লার ছেলে এস এম মহসিন উল মুলক, মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে জি এম মহিউদ্দিন, মৃত জোহর আলী গাজীর ছেলে মো. ফজর আলী গাজী ও শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে উল্লিখিত চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা করেন সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে চন্দনা রানী মন্ডল। এ মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করায় তাদের গ্রেফতার করা হয়।