Home আঞ্চলিক খুলনায় কিশোরী গনধর্ষণ মামলার ৫ আসামির ফাঁসির আদেশ

খুলনায় কিশোরী গনধর্ষণ মামলার ৫ আসামির ফাঁসির আদেশ

18

স্টাফ রিপোর্টার ।।
নগরীর খালিশপুরের বিহরী ক্যাম্প এলাকার এক কিশোরীকে গনধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় মামলার ৫ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

বুধবার (০৭ সেপ্টেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মো. মোহন। রায় ঘোষণাকালে আসামি আলী আকবর ওরফে হৃদয় ও মেহেদী হাসান ওরফে ইবু আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন জন আসামি সোহেল, আব্দুল্লাহ, মো. মোহন পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. রুবেল খান নথীর বরাত দিয়ে জানান, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যায় খালিশপুর ১নং বিহারী ক্যাম্পে ১৫ বছর বয়সী ওই কিশোরী বাড়ির পাশে একটি টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় মোহন নামে একটি ছেলে খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। মেয়েটিকে শিয়া মসজিদের কাছে নিয়ে গেলে সেখান থেকে আকবর আলী নামে আরেকজন ও মোহন তাকে চরেরহাট কলাবাগানে নিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫জন মিলে ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তারা তাকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি মসজিদের রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এ সময় কিশোরীকে ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি প্রদান করে। এঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন যার নং- ১৪। ওই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রেজাউল করিম ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৭জনের মধ্যে ১২জন স্বাক্ষ্য প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট ফরিদ আহমেদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ বলেন, কিশোরী বাংলাদেশে আটক থাকা পাকিস্থানী বিহরীর ক্যাম্পের মেয়ে। একটি ঐতিহাসিক রায় হয়েছে। উচ্চ আদালত যেন নিম্ন আদালতের সাজা বহাল রাখে সেই প্রত্যাশা করি। বহাল থাকলে দেশে অপরাধ প্রবনতা কমে আসবে বলে তিনি মনে করেন।