খুলনাঞ্চল ডেস্ক।।
সৌদি আরব দিন দিন মধ্যপ্রাচ্যে মাদকের রাজধানীতে পরিণত হচ্ছে। সৌদির রাজধানী রিয়াদের একটি আটার গুদাম থেকে ৪ কোটি ৭০ লাখ পিস অ্যামফেটেমিন ট্যাবলেট উদ্ধার করার পর দেশটিকে নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য আটক করার পর একথাই পরিষ্কার হচ্ছে যে, সৌদি আরব দিন দিন মাদকের রাজধানীতে পরিণত হয়েছে। মাদকের চাহিদা বৃদ্ধির কারণে সিরিয়া ও লেবাননের চোরাকারবারীদের প্রাথমিক গন্তব্য হয়ে উঠছে দেশটি।
মাদকের বিরাট চালান আটকের পর সৌদি কর্তৃপক্ষ এই মাদকের নাম এবং পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি। কিন্তু জাতিসংঘ অফিস অ্যামফেটেমিন ট্যাবলেট আটকের কথা জানিয়েছে। রিপোর্টে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে, সৌদি আরবের তরুণ প্রজন্মের লোকজন সবচেয়ে বেশি মাদক ব্যবহার করে।
সম্প্রতি সৌদি গণমাধ্যম দেশটিতে মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে। সৌদিতে মাদকের চালান প্রসঙ্গে একজন কলামিস্ট বলেছেন, এটি আমাদের বিরুদ্ধে খোলা যুদ্ধ, যা অন্য যেকোনো যুদ্ধের চেয়ে বেশি বিপজ্জনক।











































