Home আঞ্চলিক ওসি আবু বকরের জামিন নামঞ্জুর

ওসি আবু বকরের জামিন নামঞ্জুর

38

স্টাফ রিপোর্টার।।

খুলনায় দুর্নীতির মামলায় বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, দুদক ২০২১ সালে ৯ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভুত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকর বিরুদ্ধে একটি মামলা করেন। ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল এবং আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দুদক আরেকটি মামলা দায়ের করে। তদন্তে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও প্রায় ৫১ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া যায়।

তিনি জানান, মামলায় সাবেক ওসি আবু বকর সিদ্দিকের স্ত্রী সুলতানা রাজিয়া পারুল উচ্চ আদালতের জামিনে আছেন। তবে বিভিন্ন ব্যাংকে এ দম্পতির পাঁচটি ব্যাংক হিসাব লেনদেন স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে প্রায় ৫১ কোটি টাকার অপ্রদর্শিত সম্পত্তির হস্তান্তর বন্ধ রাখতে আইনগত নোটিশ দেয়া হয়।

চলতি বছরের ৫ মে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন আদালত। সেই থেকে আবু বকর সিদ্দিক কারাগারে আছেন।