Home আঞ্চলিক রামপাল বিদ্যুৎকেন্দ্র ভয়াবহ বিপদ ডেকে আনবে: আনু মুহাম্মদ

রামপাল বিদ্যুৎকেন্দ্র ভয়াবহ বিপদ ডেকে আনবে: আনু মুহাম্মদ

21

স্টাফ রিপোর্টার।।

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশে এখন লুটেরাদের আধিপত্য। সেই আধিপত্য টিকিয়ে রাখার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র, রূপপুর বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এগুলো খুলনা অঞ্চলই নয়, সারাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। এ রকম উন্নয়ন থেকে বের হয়ে জনগণের জন্য শিক্ষা, চিকিৎসা, আশ্রয়, খাদ্য, কাজ, পরিবেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার খুলনার শহীদ হাদিস পার্কে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) ঐক্য কংগ্রেসের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, দেশে জনপন্থি রাজনীতির বিকাশ ঘটাতে হবে। সেই রাজনীতির বিকাশে এই ঐক্য কংগ্রেস সহায়ক হবে।

সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, এই অঞ্চলের মানুষ আরেকটি ঘটনার সাক্ষী, তা হলো উন্নয়নের নামে লুটপাট। লুটপাটের একটি প্রতিষ্ঠিত উদাহরণ হলো রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র। সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশ সংকটের মধ্যে আছে। এই সংকট থেকে উত্তরণে বৈষম্য দূর করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তা একমাত্র পারে বামপন্থিরা। বামপন্থিরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তারা ঐক্যবদ্ধ হতে পারলে মানুষের মুক্তি এবং মুক্তিযুদ্ধের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

সমাবেশে সভাপতির বক্তৃতায় ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূর করা, উৎপাদন বৃদ্ধি, শিল্প কলকারখানা চালু করার ক্ষেত্রে সরকারের চরম ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতাকে ঢাকার জন্য এর বিরুদ্ধে জনগণ যাতে দাঁড়াতে না পারে, সেজন্য সরকার ফ্যাসিবাদী দুঃশাসন চালাচ্ছে। সমাবেশে বামপন্থি বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।