Home আঞ্চলিক নড়াইলে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

নড়াইলে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

10

নড়াইল প্রতিনিধি ।।

নড়াইলের নড়াগতিতে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগ-বিএনপি উভয় পক্ষের সংঘর্ষে পথচারী এক শিশুসহ দুই পক্ষের প্রায় ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

তবে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পথচারী এক শিশুসহ ৬জন গুলিবিদ্ধ হয়েছেন বলে তাদের দাবি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে জেলার নড়াগাতি থানা সংলগ্ন কেজি স্কুল চত্ত্বরে জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নির্ধারিত কর্মসূচী পালনকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নড়াগাতি থানার চোরখালী গ্রামের বাসিন্দা সোহান (৯) নামের এক শিশুসহ, নড়াগাতি থানা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মামুন (৩০), খাশিয়াল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গফ্ফার মোল্যা (৩২), নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত করির রুবেলসহ (৪৫) অনেকে আহত হন।

এছাড়া বিএনপির হামলায় রক্তাক্ত জখম হন আ.লীগ নেতা ইসাবুল মোল্যা (৪৫), পহরডাঙ্গা ইউনিয়ন যুব লীগের সভাপতি সালিম শিকদার (৪৪) ও রাসেল খানসহ (২৫) বেশ কয়েকজন নেতা-কর্মী।

এসময় ঘটনাস্থলে উপস্থিত যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেনও ইটের আঘাতে আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল, গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এই হামলার অভিযোগকে অস্বীকার করে কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন, বিএনপি ও আ.লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এখানে গুলি বিনিময়ের কোন ঘটনা ঘটেছে কি-না তা আমার জানা নেই।

একই বিষয়ে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকালে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ স্থলে হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দিয়েছে। এসময় তাদের ছোড়া গুলিতে আমার দলের পাঁচজন নেতা-কর্মী ও এক পথচারী শিশু গুলিবিদ্ধ এবং প্রায় ৩০ জন নেতাকর্মী মারাত্মক জখম হয়েছেন বলে তিনি দাবি করেন।

এ প্রসঙ্গে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, আ.লীগ ও বিএনপি উভয় দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়েছেন কি-না তা তিনি বলতে পারেননি।