Home আঞ্চলিক ধর্ষণের শিকার স্কুলছাত্রী মীমের বিষপানে মৃত্যুর ঘটনায় মামলা

ধর্ষণের শিকার স্কুলছাত্রী মীমের বিষপানে মৃত্যুর ঘটনায় মামলা

20

খুলনাঞ্চল রিপোর্ট।।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

নিহত ওই স্কুলছাত্রীর নাম মীম আক্তার (১৫)। সে হাজরাকান্দা গ্রামের স্কুল শিক্ষক রেজাউল করিমের মেয়ে। মিম ভাঙ্গার দিগনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

মামলায় ওই স্কুলছাত্রীর ফুফাতো ভাইসহ তার অজ্ঞাতনামা আরও দুই সহযোগীকে আসামি করা হয়েছে। তার আগে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে মিমের মৃতদেহ দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মীমের মা বিউটি বেগম মামলায় অভিযোগ করেন, তার মেয়ের সঙ্গে ফুফাতো ভাই পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাব্বি বিয়ের প্রস্তাব দিয়েছিল ৬ মাস আগে। কিন্তু তারা আত্মীয়ের সঙ্গে আত্মীয়তা করবেন না বলে প্রস্তাব ফিরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বি তার দুই সহযোগীকে এনে মিমকে পালাক্রমে ধর্ষণ করে।

তিনি জানান, গত ২৪ আগস্ট রাতে মীম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে রাব্বি ও তার দুই সহযোগী তাকে মুখ বেঁধে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘরে ফিরে সে ঘাস মারার ওষুধ ফিনিশিং পান করে। রাত আড়াইটার দিকে তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর দুদিন পর ফরিদপুরে ও পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পর গত সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন সুমি বেগম জানান, ‘ধর্ষণের পর মীমকে হুমকি দিয়ে রাব্বি এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করে। জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার দুইদিন পর মীম ভীতসন্ত্রস্ত হয়ে ধর্ষণের কথা তার কাছে জানায়।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্ত করা হয়েছে।