ঢাকা অফিস।।
এভারকেয়ার হাসপাতালে দুদিনের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফেরেন। আপাতত বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে থাকবেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাডাম বাসায় ফিরেছেন। আপাতত তার চিকিৎসা বাসায় হবে। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞদের সার্বিক তত্ত্বাবধায়নে তিনি থাকবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
জাহিদ হোসেন বলেন, হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় কিছু পরিবর্তন করেছেন। আপাতত তার কিছু উন্নতি দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে মেডিকেল বোর্ড তাকে বাসায় যেতে ছুটি দিয়েছেন।
এর আগে গত রোববার মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
হাসপাতালের ছাড়পত্রে বলা হয়েছে, খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে, সেই চিকিৎসা তাকে সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের সার্বিক তত্ত্বাবধায়নে থাকতে হবে। খালেদা জিয়া আজকে একটু বেটার ফিল করার কারণেই আপাতত তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে যান তিনি।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন শর্ত দেওয়া হয়েছিল, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। বিএনপি তাকে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।
কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরোজাতেই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ছয় দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।











































