সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
বাড়ির প্রধান ফটকেই কারুকাজে লেখা কৃষিপল্লী। বসত ঘরের জায়গাটুকু বাদে ৬ বিঘার সবটুকুতেই ফল ফলাদি,ঔষধী ও উন্নত মসলাযুক্ত মুল্যবান গাছ লতাপাতায় ভরা। যে কেউ বাড়ির চারপাশে দেখেই বলতে বাধ্য এটি কৃষি গবেষনাকেন্দ্র। না বললেও ভূল হবে।
ভিতরে ঢুকেই দেখা সবুজ রঙের ফল। ঠিক কাঁচা পেপের মত। এটি বিদেশী ফল পুষ্টিগুনে ভরা এ্যাভোকাডো। যা পাকলে মাখনের মত স্বাদ। আজ থেকে ৭ হাজার বছর আগে থেকে মেক্সিকোতে উৎপাদিত হয়ে আসছে এ ফল। মানদেহের জন্য উপকারী তাই এ ফলের চাষ বিশে^ দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্ত পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে চাষ করা হলেও এ্যাভোকাডোর বানিজ্যিকভাবে চাষ এদেশে একেবারেই নতুন। তবে ঝিনাইদহের হারুন অর রশিদ মুছা নামের এক স্কুল শিক্ষক বিদেশী এ ফলের বানিজ্যিকভাবে চাষ করে বেশ লাভবান হয়েছেন। যা দেখে এখন আশপাশের কৃষকেরাও ঝুঁকে পড়ছেন। হারুন অর রশিদ জেলার কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের আব্দুল মালেকের পুত্র ও স্থানীয় কাগমারি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের শিক্ষক।
গত শনিবার ভোরে সরেজমিনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামে গেলে দেখা যায়, স্কুল শিক্ষক হারুন অর রশিদ মুছা মিয়ার বাড়ির মুল ফটকে ব্যয়বহুল কারুকাজে লেখা রয়েছে কৃষিপল্লী। নিচেই তার বিস্তারিত ঠিকানা। ভিতরে ঢুকেই চোখে পড়ে বিভিন্ন ধরনের চেনা অচেনা ফলমুল আর বিভিন্ন ধরনের মূল্যবান ঔষধী গাছ লতাপাতা। বসতভিটের সাথে প্রায় ৭ বিঘা জমির সবটুকুতেই এসব গাছপালা। তবে এগুলোর মধ্যে বেশি চোখে পড়ে পেপের আকার ও রঙের মেক্সিকান এ্যাভোকাডো। যেগুলো গাছে গাছে ধরে ঝুলে আছে। ফলের ভারিতে কোন কোন ডাল মাটিতে নুয়ে পড়ছে।
এ সময় কথা হয় কৃষক হারুন অর রশিদ মুছার সঙ্গে। তিনি জানান, তার বাবা ছিলেন গ্রামের মধ্যের একজন বড় কৃষক। ফলে চাকুরীর পাশাপাশি তিনি বাবার কৃষি পেশাকে গুরুত্ব দিয়ে আকড়ে ধরেছেন। ছোটবেলার ভাবনাও তার এমনটিই ছিল। তাই বাড়ির জমিতে তিনি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ লাগাতেন। ফল ধরলে খুব আনন্দ পেতেন।
ব্যক্তিগত জীবন নিয়ে বলেন, তারা ২ ভাই ও ৩ বোন। বোনেদের সকলের বিয়ে হয়ে গেছে। আর ছোট ভাই ইসমাইল হোসেন মাষ্টার্স শেষ করে এখন কৃষি কাজের সঙ্গে আছে। তিনি বলেন, গ্রামের স্কুলেই তার চাকুরী। ফলে ছুটির পরে তিনি অন্য কাজে বেশ সময় দিতে পারেন। তিনি বলেন, পৈত্রিকসূত্রে ২০ বিঘা জমি পেয়েছেন। এগুলোতে ফলফলাদির চাষ করে লাভের টাকায় কমপক্ষে আরও ১৫ বিঘা জমি কিনেছেন।
পরিশ্রমী মুছা আরও জানান, ২০০৫ সালে তিনি ঝিনাইদহ জেলায় প্রথম বাউকুল চাষের মাধ্যমে অনেক লাভ করেছিলেন। ওই বছর তিনি মোট ৬ বিঘা জমিতে বাউকুলের চাষ করে প্রায় ২০ লক্ষাধিক টাকা আয় করেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরতে হয়নি। প্রতি বছরই ফল ফলাদির চাষ করে আসছেন। তবে ২০১৯ সালে বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এনামুল হকের সহযোগীতায় বিদেশী ব্যয়বহুল এ্যাভোকাডোর চারা জোগাড় ও রোপন করেন। এরপর পরিচর্যার মাধ্যমে গত ২ বছর যাবত এ্যভোকাডো ধরা শুরু হয়েছে। এ বছর প্রতিকেজি ৬ শত টাকা করে বিক্রি করছেন। বড় বড় শহরগুলোতে যার দাম আরও অনেক বেশি। তিনি বলেন, এখনও এদেশের জনগন এ্যাভোকাডোর গুণাগুন সম্পর্কে জানে না। তাই চাষও সেভাবে শুরু হয়নি। তবে সচেতন শ্রেণীর মানুষ এখন এফল চাষে ঝুঁকে পড়ছেন। অনলাইনে অর্ডার দিয়ে প্রবাসী বাংলাদেশী ও বিদেশে মিশন থেকে ফিরে আসা সেনাসদস্যরা ছাড়াও ঢাকা,ময়মনসিং,বরিশাল, রংপুরসহ বিভিন্ন জেলার ফল ব্যবসায়ীরা খানিকটা চড়া দামে কিনে নিেেচ্ছন। বসতবাড়ির বাড়ির সাথেই অবস্থিত প্রায় ৬ বিঘা জমিতে এ্যাভোকাডো ছাড়াও বিদেশী সাদা ড্রাগন,পারসিমন,লংগান,সাদাজাম,গোলাপ জাম, মালবেরি,ব্লাকবেরি, এছাড়াও সুইটলেমন,ইসরাইলী বাতাবী,চায়না বাতাবি,করোসাল, মিশরীয় কমলা, দার্জিলিং লেবু, ব্লাক গেন্ডারীসহ কমপক্ষে ২৫ প্রকারের বিদেশী পুষ্টিকর ফল ও ঔষধী গাছের চাষ করেছেন। তারমধ্যে উচ্চ ফলনশীল জাতের কয়েক ধরনের ড্রাগনই রয়েছে। এছাড়াও মাঠে এবছর রয়েছে ২ বিঘা ব্লাক গেন্ডারী, ৮ বিঘা উন্নত ড্রাগন। আবার উন্নত জাতের ড্রাগন ও এ্যাভোকাডোর চারা বিক্রি করছেন। মুছা বলেন, নিজে সব সময় থাকতে পারেন না। তাই তার কয়েক বিঘা ফল ও কৃষিপল্লী পরিচর্যা করতে নিয়মিত ৮ জন কৃষি শ্রমিক রেখেছেন। আবার কাজ বাড়লে শ্রমিকও বেড়ে যায়। তিনি বলেন, এ বছর বিভিন্ন ধরনের ফল থেকে কমপক্ষে ৩০ লাখ টাকা লাভ আসবে বলে আশা করছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা কৃষিকর্মকর্তা মহসীন আলী জানান, হারুর অর রশিদ মুছা একজন স্কুল শিক্ষক। চাকুরীর পাশাপাশি তিনি বিভিন্ন ফল ফলাদির চাষ করে আসছেন। তার সংগ্রহে অনেকে বিদেশী পুষ্টিকর ফলের চাষ করেছেন। তারমধ্যে মেক্স্রিকান জাতের এ্যাভোকাডো অন্যতম। তিনি বলেন, এ্যাভোকাডো ফল পুষ্টিগুনে ভরা। এ ফলে বিভিন্ন রোগ প্রতিরোধ করে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগীদের পথ্য হিসেবে কার্যকর। এ ফলে অধিক পরিমানে মানবদেহের উপকারী ফ্যাট রয়েছে। যা শরীর গঠনের জন্য উপকারী।
এ কৃষিবিদ আরও জানান, আমদানী নির্ভর ফল হওয়ায় এ ফলের দাম সব সময় বেশি থাকে। সব সময় প্রতিকেজি এ্যাভোকাডো কমপক্ষে ১ হাজার টাকার উপরে বিক্রি হয়ে থাকে। এ্যাভোকাডো চাষের জন্য এ দেশের মাটি ও আবহাওয়া বিশেষ উপযোগী হওয়ায় দেশে এ ফল চাষের ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এনামুল হক জানান, অনেক আগে কেরানীগঞ্জের একটি বাসার গাছের কলমের চারা তার কাছ থেকে ঝিনাইদহের কৃষক হারুর অর রশিদ নিয়ে গিয়েছিলেন। এরপর আর খবর জানেন না। তিনি এ্যাভোকাডো সম্পর্কে বলেন, বিশে^র সব ফলেরই কমবেশি পুষ্টিগুন রয়েছে। তবে সৌদির খেঁজুর, মেক্স্রিকান এ্যাভোকাডো, বাংলাদেশের কাঠালে পুষ্টিগুনে ভরপুর। তবে এ্যাভোকাডো একটি ঔষধী ফল এতে কোন সন্দেহ নেই। এটা পাকলে মাখনের মত তাই নাম বাটারফ্রুট বলে এই কৃষিবিদ যোগ করেন।











































