ঢাকা অফিস।।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।
আবদুল আউয়াল মিন্টু জানান, বিক্ষোভ কর্মসূচিতে আসার সময় তার গাড়িবহরে হামলা করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বহরের পেছনে থাকা একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
পরে বিকেল ৫টার দিকে তার বাড়ির সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিন্টু বলেন, ‘এবার মামলা-হামলায় বিএনপিকে দমানো যাবে না। দেশের মানুষ তাদের দুঃশাসনে অতিষ্ঠ। আওয়ামী লীগের সময় ঘনিয়ে এসেছে। তারা পালানোর পথ খুঁজে পাবে না।’
তিনি আরও বলেন, ‘খুন, গুম করে বেশি দিন তারা টিকে থাকতে পারবে না। ১৯৭৫-এর পর যেভাবে আওয়ামী লীগের নাম নেয়ার মানুষ ছিল না, এখন সেই অবস্থা হবে।’
এদিকে দাগনভূঞায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে ছাত্রলীগের হামলায় বিএনপির তিনশ’ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই স্থানে উপজেলা ছাত্রলীগও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করে। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পৌর শহরে টহল জোরদার করেছে পুলিশ।









































