Home জাতীয় জামিন পেলেন সাবেক এমপি পাপুলের শ্যালিকা

জামিন পেলেন সাবেক এমপি পাপুলের শ্যালিকা

10

ঢাকা অফিস।।
অর্থপাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় কুয়েতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের জামিন মঞ্জুর করেন।

এদিন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জেসমিনের জামিন মঞ্জুর করেন।

এর আগে ২০২০ সালের ২২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় কাজী শহিদুল ইসলাম পাপুল, তার শ্যালিকা ও মেয়েসহ আটজনের বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা করে সিআইডি। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।

এ মামলার অপর আসামিরা হলেন পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, পাপুলের ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জব ব্যাংক ইন্টারন্যাশনালের ম্যানেজার গোলাম মোস্তফা, জেসমিন প্রধানের মালিকানাধীন কোম্পানি জেডাব্লিউ লীলাবালী ও কাজী বদরুল আলম লিটন।