মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎতের লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে রহিম ও নুরআলম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার উদ্যোগ নেয় পৌর বিএনপি। এ কর্মসূচিকে ঘিরে সোমবার সকাল থেকে মাদ্রাসা রোডসহ শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলীর বাড়ীর সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার জন্য আমরা সোমবার সকালে প্রস্তুতি নিই। কিন্তু সকাল থেকেই আমার বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া লোকজন যাতে এ প্রোগ্রামে না আসতে পারে সেজন্য বাঁধার সৃষ্টি করা হচ্ছে। গত রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়ীতে তল্লাশী চালিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ যুবদল ও ছাত্রদলের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এছাড়া ৫/৬ কর্মীকে মারপিট করে আহত করা হয়েছে বলেও জানান তিনি।
মাদ্রাসা রোডে বিএনপি নেতা জুলফিকার আলীর বাড়ীর সামনে অবস্থান নিয়ে থাকা পুলিশের এসআই আলী রেজা বলেন, দেশের প্রধান দুইদলের প্রোগ্রাম থাকায় যাতে শান্তিশৃঙ্খলা পরিস্থিতি পরিপন্থী কোন কাজ বা ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সকাল থেকে পৌর শহরে আওয়ামী সমর্থিত বিভিন্ন সংগঠন নানা শ্লোগানে মিছিল করছেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটক বিএনপির দুইজন ও জামায়াতে একজনকে নাশকতা মামলায় সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।











































