সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ভুয়া ট্রেনিং সেন্টার বানিয়ে মেডিকেলের বিভিন্ন কোর্সের ট্রেনিং ও সার্টিফিকেট বিক্রির অভিযোগে ঝিনাইদহ কালীগঞ্জের লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনষ্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া জেরিন শহরের ফয়লা মিশন রোডে অবস্থিত ওই প্রতিষ্টানটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটি বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদের ব্যনার ও কিছু কাগজপত্র জব্দসহ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য, লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনষ্টিটিউট নামের ভূয়া প্রতিষ্টানটি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণের নামে প্রতারনা করে আসছে। তারা ২০১৪ সাল থেকে ২৫ পদের ভূয়া ডাক্তারী সার্টিফিকেট দিয়ে বেকার যুবকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি নিয়ে কালীগঞ্জ শহরের অনেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তোলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া জেরিন জানান, ট্রেনিংয়ের নামে ওই প্রতিষ্টানটি প্রতারনা করছে এমন অভিযোগ পেয়ে তিনি সোমবার সেখানে এক অভিযান পরিচালনা করেন। এ সময়ে প্রতিষ্ঠানটির পরিচালক বিশ্বাস রাজীব কিশোর তাদের বৈধ কাগজপত্র ছাড়াও শিক্ষার্থীদের হাজিরা খাতা, মানি রিসিট ও প্রশিক্ষকের নিয়োগপত্র দেখাতে ব্যর্থ হন। এ অপরাধে প্রতিষ্ঠানটির ব্যানার ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও আরো জানান, জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে কালীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার আলমগীর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজহারুল ইসলাম ও কালীগঞ্জ থানার এস আই কবিরুল ইসলামসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।











































